Home Uncategorized খুলনায় আইনশৃঙ্খলা বাহিনীর ১৭ হাজার সদস্য

খুলনায় আইনশৃঙ্খলা বাহিনীর ১৭ হাজার সদস্য

42

স্টাফ রিপোর্টার।।

খুলনার ৬টি আসনের ৭৯৩টি ভোটকেন্দ্রে পৌঁছে গেছে ব্যালট বাক্সসহ নির্বাচনী সরঞ্জাম। রোববার (৭ জানুয়ারি) ভোর থেকে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হবে ব্যালট পেপার। ভোটকেন্দ্রসহ গোটা জেলার নিরাপত্তায় দায়িত্ব পালন করবেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর প্রায় ১৭ হাজার সদস্য।

খুলনা সার্কিট হাউজ থেকে শনিবার (৬ জানুয়ারি) বেলা ১১টায় খুলনা-২ ও ৩ আসনের ব্যালট বাক্সসহ নির্বাচনী সরঞ্জাম ভোট কেন্দ্রগুলোতে পাঠানো হয়। এছাড়া অন্য চারটি আসনের সরঞ্জাম সকাল ১০টা থেকে ৯টি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে ভোটকেন্দ্রে পাঠানো হয়। বিকেলের মধ্যেই সেগুলো কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে যায়। ভোটগ্রহণ কর্মকর্তারা রাতে ভোটকেন্দ্রেই থাকবেন।

খুলনার সহকারী রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা ফারাজী বেনজীর আহমেদ জানান, নির্বাচনের দিন ৭৯৩ জন প্রিসাইডিং অফিসার, ৪ হাজার ৭২০ জন সহকারী প্রিসাইডিং অফিসার এবং ৯ হাজার ৪৪০ জন পোলিং অফিসার দায়িত্ব পালন করছেন।

রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন জানান, নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশনা অনুযায়ী শনিবার দিনের বেলা ব্যালট পেপার ভোটকেন্দ্রে পাঠানো হয়নি। ভোর ৪টা থেকে কেন্দ্রে নিয়ে যাওয়া হবে।

খুলনায় ৭৯৩টি ভোটকেন্দ্রে ভোটকক্ষ রয়েছে ৪ হাজার ৭২০টি। ভোটকেন্দ্রসহ জেলার নিরাপত্তায় দায়িত্ব পালন করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর ১৭ হাজার সদস্য।

রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আরেফীন এদিন দুপুরে সার্কিট হাউসে সংবাদ সম্মেলনে জানান, ভোটকেন্দ্রগুলোর মধ্যে ৫৪৮টি কেন্দ্র গুরুত্বপূর্ণ এবং ২৪৫টি কেন্দ্র সাধারণ। নগরীর গুরুত্বপূর্ণ প্রতিটি কেন্দ্রে ৪ জন পুলিশ এবং ১২ জন আনসার দায়িত্ব পালন করবেন। আর নগরীর সাধারণ কেন্দ্রে তিনজন পুলিশ এবং ১২ জন আনসার নিরাপত্তার দায়িত্বে থাকবেন। জেলার গুরুত্বপূর্ণ প্রতিটি কেন্দ্রে তিনজন পুলিশ এবং ১২ জন আনসার দায়িত্ব পালন করবেন। আর জেলার সাধারণ কেন্দ্রে দুজন পুলিশ এবং ১২ জন আনসার নিরাপত্তার দায়িত্বে থাকবেন।

তিনি জানান, নির্বাচনে জেলা পুলিশের দুই হাজার ১৪২ জন, মেট্রোপলিটন পুলিশের ৩ হাজার ৮৩ জন, ৯ হাজার ৫৮৮ জন আনসার, র‌্যাবের ৯৬ জন, দাকোপ উপজেলা ও কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশী ইউনিয়নে কোস্টগাার্ডের ৫৯৬ জন, ১৯ প্লাটুন বিজিবি, সেনাবাহিনীর ৬০০ জন এবং নৌ পুলিশের ১৩ জন দায়িত্ব পালন করছেন। এছাড়া ৬৪৬ জন দফাদার থাকছেন। নির্বাচনের মাঠে থাকছেন ৪৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ১৫ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট।

 

রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক বলেন, সুষ্ঠুভাবে ভোটগ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ভোটকেন্দ্রসহ জেলাজুড়ে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। এবারের নির্বাচনে পর্যবেক্ষক রয়েছে ১২টি বেসরকারি সংস্থার ১১৫ জন। এছাড়া ভারতের নির্বাচন কমিশনের মুখ্য সচিব মোহাম্মদ উমর খুলনা-৪ আসনের নির্বাচন পর্যবেক্ষণ করবেন।

এবারের নির্বাচনে খুলনার ৬টি আসনে মোট ভোটার ১৯ লাখ ৯৯ হাজার ৮৮২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১০ লাখ ৮৪ জন এবং নারী ভোটার ৯ লাখ ৯৯ হাজার ৭৯৮ জন। ভোটগ্রহণ শেষে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে।

খুলনায় ১১টি রাজনৈতিক দলের এবং স্বতন্ত্র মোট ৩৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৩৯ জন প্রার্থীর মধ্যে নারী প্রার্থী মাত্র দুজন।