Home খেলাধুলা যুবাদের কামব্যাকের ‘টোটকা’ দিয়েছেন তামিম

যুবাদের কামব্যাকের ‘টোটকা’ দিয়েছেন তামিম

40

 ক্রীড়া প্রতিবেদক

আগামী ১৯ জানুয়ারি থেকে দক্ষিণ আফ্রিকার মাটিতে গড়াবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। ছোটদের বিশ্বকাপ শিরোপা পুনরুদ্ধারের মিশনে নামার আগে মিরপুরে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন টাইগার যুবারা। এরই মধ্যে বড় ভাই তামিম ইকবালের কাছ থেকে ‘বিশেষ’ উপহার পেয়েছেন রাব্বি-শিবলীরা।

শুক্রবার সকালে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হাজির তামিম। এদিন শুরুতে তার ঠিকানা হলো ইনডোরের সামনের মাঠ। ওখানেই জুনিয়র টাইগারদের জন্য বিসিবির উপহার দেওয়া ব্যাট নিয়ে হাজির তিনি। সবগুলো ব্যাটই এসেছে তার মাধ্যমে। সব ক্রিকেটারকে ব্যাট বুঝিয়ে দেওয়ার পর কিছুক্ষণ কথা বলেন টাইগারদের সাবেক এ অধিনায়ক।

পরে ইনডোরের ভেতরে ঢুকে অনুশীলন শুরু করেন তামিম। আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) দিয়ে মাঠের খেলায় ফিরবেন তিনি। আসন্ন আসরে ফরচুন বরিশালের জার্সিতে মাঠ মাতাবেন তিনি।

তামিম ইকবালের থেকে উপহার পেয়ে উচ্ছ্বাসের কথাই জানালেন আশিকুর রহমান শিবলী। তিনি বলেন, ‘তামিম ভাই আমাদের আশ্বাস দিয়েছিল ব্যাট দেবে। আজকে আমরা পেয়েছি। ভালো লাগছে। এশিয়া কাপের মাঝখানে কিছু কিছু ক্রিকেটার ভালো ব্যাট চাচ্ছিল। পরে হান্নান স্যারের মাধ্যমে এনেছে। ব্যাট দেখে ভালোই মনে হয়েছে।’

শুধু ব্যাট বুঝিয়ে দিয়েই থামেননি তামিম, বেশ কিছুক্ষণ অনুপ্রাণিত করেছেন যুবা ক্রিকেটারদের। আশ্বাস দিয়েছেন যেকোনো সমস্যায় পাশে থাকার। শুনিয়েছেন খারাপ সময় কাটিয়ে ফিরে আসার পথও।

সেসব জানিয়ে শিবলী বলেন, ‘(তামিম) ভাই আমাদের অনেক অনুপ্রাণিত করেছেন। ভালো ভালো কথা বলেছেন। বিশ্বকাপে কি কি পরিস্থিতি আসতে পারে সেই অভিজ্ঞতা শেয়ার করেছেন। দলের সবার জন্য একই কথা বলেছেন। উনার ভালো-খারাপ সময়, কীভাবে উনি কামব্যাক করেছে সেটা বলেছেন।’