স্পোর্টস ডেস্ক
ফুটবলের মাঠে অম্লমধুর সময় কাটাচ্ছে লা লিগার বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। চলতি মৌসুমে ম্যাচ তেমন না হারলেও ড্র করাতে পয়েন্ট তালিকায় কিছুটা পিছিয়ে বার্সা। গত রাতে অবশ্য ঘুরে দাঁড়িয়ে শেষ মুহূর্তে এক রোমাঞ্চকর জয় পেয়েছে জাভি হার্নান্দেজের শিষ্যরা।
বৃহস্পতিবার গ্র্যান ক্যানারিতে লা লিগার ম্যাচে লাস পালমাসের মুখোমুখি হয়েছিল বার্সেলোনা। ম্যাচটিতে লড়াই বলা যায় সমানে সমানেই হয়েছিল। ৫৬ শতাংশ বল দখলে রেখেছিল প্রতিপক্ষের লক্ষ্য বরাবর বার্সার শট ছিল ৫ টি। অন্যদিকে লাস পালমাস বল দখলে রেখেছিল ৪৪ শতাংশ। প্রতিপক্ষের লক্ষ্য বরাবর তারা করে ৩ শট।
ম্যাচের প্রথম গোল করেছিল লাস পালমাস। ১২ মিনিটে গোল করেন দলটির ফরোয়ার্ড মুনির এল হাদ্দাদি। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকে শেষ করে লাস পালমাস। প্রথমার্ধে গোলের দেখা না পাওয়া বার্সেলোনা দ্বিতীয়ার্ধে খুব দ্রুতই ঘুরে দাঁড়িয়েছে।
ম্যাচের ৫৫ মিনিটে সার্জিও রবার্তোর সহায়তায় সমতাসূচক গোল করেন বার্সা ফরোয়ার্ড ফেরান তরেস। একটা পর্যায়ে ম্যাচের ড্র-ই যখন একমাত্র ফল মনে হচ্ছিল, তখনই চমকে দেয় বার্সা। অতিরিক্ত সময়ের ৩ মিনিটে লাস পালমাস ডিফেন্ডার ড্যালি সিঙ্কগ্রাভেন বাজেভাবে ফাউল করেন বার্সার ফুটবলারকে। তখন পেনাল্টিতে জয়সূচক গোল করেন ইলকায় গুন্দোয়ান। শেষ মুহূর্তের গোলটিতে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সা।
এই ১৯ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার তিনে উঠে আসলো বার্সা। এদিন ম্যাচ শেষে বার্সা কোচ জাভি হার্নান্দেজ বলেন, ‘আজ (গতকাল) রাতে যে গতিতে আমরা খেলেছি, তাতে বেশ উচ্ছ্বসিত। প্রথমার্ধে অতটা ভালো খেলতে পারিনি আমরা। একটু কঠিন মনে হচ্ছিল। বিশেষ করে ফাইনাল পাসে একটু ভুগছিলাম। তবে দ্বিতীয়ার্ধে আমরা দারুণ খেলেছি। পাসও দারুণ দিচ্ছিলাম। সবকিছু ঠিকভাবেই হচ্ছিল।’
তিনি আরো বলেন, ‘দ্বিতীয়ার্ধে যে কয়টা পরিবর্তন আমি করেছি, তা বেশ কাজে দিয়েছে। ফাইনাল থার্ডে আমরা বেশ ভালো খেলেছি। ফেরানের গোলটাই আমাদের বেশ উজ্জীবিত করেছে। এটা দরকার ছিল।’











































