অনলাইন ডেস্ক।।
স্বাস্থ্য সুস্থ রাখতে কলা খেয়ে থাকেন অনেকে। সকালে নাস্তার টেবিলে দুধ আর কলা খেতে পছন্দ করা মানুষের সংখ্যা কম নয়। কলায় থাকা মিনারেল, ভিটামিন আর ফাইবার শরীরের জন্য খুব উপকারী। এছাড়া এই ফলটিতে রয়েছে প্রচুর পরিমাণে পটাসিয়াম। একটি মাঝারি মাপের কলা থেকে দেহে প্রায় চারশত মিলিগ্রাম পটাসিয়াম প্রবেশ করে, যা ভালো রাখে হৃদযন্ত্র।
পুষ্টিবিদ বলছেন, বয়স কমাতে প্রতিদিন কলা খাওয়া চমৎকার কৌশল হিসেবে কাজ করে। ওয়েলঅ্যান্ডগুড ডটকমে প্রকাশিত এক প্রতিবেদনে নিউইয়র্ক ভিত্তিক পুষ্টিবিদ এবং খাদ্য প্রশিক্ষক বিয়াঙ্কা টাম্বারেলো বয়স কমাতে নিয়মিত কলা খাওয়ার পরামর্শ দিয়েছেন। কলা কীভাবে মানবদেহ সুস্থ রাখতে বিভিন্নভাবে ভূমিকা রাখে তা সহজেই ব্যাখ্যা দিয়েছেন এই পুষ্টিবিদ।
টাম্বারেলো জানান, কলায় আছে ফ্লাভানয়েডস, যা এন্টিঅক্সিডেন্ট অক্সিডেটিভ চাপ কমায়। অক্সিডেটিভ হলো এমন চাপ, যা দ্রুত বার্ধক্যে পৌঁছে দেয়ার পাশাপাশি রোগ ও মৃত্যু ঝুঁকিও বাড়ায়। এন্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ ফল ও সবজি বেশি করে গ্রহণ করলে, অক্সিডেটিভ প্রতিরোধ করে স্বাস্থ্যের ওপর ইতিবাচক প্রভাব রাখে।
এই পুষ্টিবিদ ব্যাখ্যা করে বলেন, কলা ফ্লাভানয়েডস সমৃদ্ধ, যা এক ধরনের এন্টিঅক্সিডেন্ট। এটা প্রদাহনাশক হিসেবে কাজ করে ও বয়সের গতি স্বাভাবিক রাখতে সহায়তা করে। তার কথায়, দেহের দীর্ঘস্থায়ী প্রদাহ প্রতিরোধ করা প্রয়োজন। কারণ এর সঙ্গে নির্দিষ্ট কিছু অসুখ যেমন- রিউমাটোয়েড আর্থ্রাইটিস, স্মৃতিভ্রংশ, হৃদরোগ ও টাইপ টু ডায়াবেটিস জড়িত।
পাশাপাশি কলাতে আছে দ্রবণীয় আঁশ। একটি বড় আকারের কলায় সাড়ে তিন গ্রাম খাদ্য-আঁশ থাকে। যা দৈনিক চাহিদার ২১ থেকে ৩৮ গ্রাম পূরণ করে। টাম্বারেলো জানান, কলাতে দ্রবণীয় আঁশ রয়েছে, যা হার্টের স্বাস্থ্য ভালো রাখে, আর কোলেস্টেরলের মাত্রাও কমায়। রক্তের শর্করা নিয়ন্ত্রণ করে টাইপ টু ডায়াবেটিসের ঝুঁকি কমায়। পাশাপাশি কলা হজম শক্তি উন্নত করতেও সহায়তা করে ফলে অন্ত্র সুস্থ থাকে।
কলায় থাকা অন্যতম উপাদান পটাসিয়াম। এটি এমন একটি খনিজ উপাদান যা বয়স বাড়ার পরে শরীর ভালো রাখতে সহায়তা করে। বেশি পটাসিয়াম সমৃদ্ধ খাবার খাওয়া হাড়ের খনিজের ঘনত্ব বাড়ানোর সাথে সম্পর্কিত, যা মূলত বয়সের সাথে হ্রাস পায়। কলা পটাসিয়ামের উৎকৃষ্ট উৎস। হাড়ের স্বাস্থ্য উপকারিতা ছাড়াও পটাসিয়াম বৃক্কের স্বাস্থ্য ভালো রাখে। আর দ্রুত পেশি পুনর্গঠনেও সহায়তা করে। পাশাপাশি রক্তচাপ কমাতে ভূমিকা রাখে।
কলাতে রয়েছে ভিটামিন সি। টাম্বারেলো বলেন, কমলালেবু ছাড়াও কলাতে রয়েছে ভিটামিন সি। এটা এন্টিঅক্সিডেন্ট, যা ধীরে ধীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং ক্ষত সুস্থ করতে সহায়তা করে। দৈনিক চাহিদার ১২ শতাংশ ভিটামিন সি রয়েছে কলাতে। এছাড়াও এতে আছে কিছু মাইক্রোনিউট্রিয়েন্ট যা বয়সের গতি ধীর করে এবং অবক্ষয় কমায়। যদিও এই তথ্য প্রমাণের জন্য এখনও বিভিন্ন ধরনের গবেষণা পরিচালিত হচ্ছে।











































