Home জাতীয় মাছের ত্বকের জেলাটিন নিষ্কাশনে খাদ্যদ্রব্য উদ্ভাবন

মাছের ত্বকের জেলাটিন নিষ্কাশনে খাদ্যদ্রব্য উদ্ভাবন

37

খুলনাঞ্চল রিপোর্ট
মাছের ত্বকের জেলাটিন নিষ্কাশন করে জেলি আইসক্রিম, জেলি ক্যান্ডি, জেলি পুডিং উদ্ভাবন করতে সক্ষম হয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) একদল গবেষক। নিষ্কাশিত এই জিলাটিন থেকে একদিকে যেমন বিদেশ থেকে জেলাটিন আমদানির খরচ কমবে তেমনি মাছের ফেলে দেওয়া বর্জ্যের সঠিক ব্যবস্থাপনা করা সম্ভব হবে।

পাঁচ সদস্যের গবেষক দলের প্রধান ছিলেন বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন। গবেষণার দলে ছিলেন, একই বিভাগের অধ্যাপক ড. ফাতেমা হক শিখা এবং তিনজন স্নাতকোত্তর অধ্যয়নরত শিক্ষার্থী।

বাকৃবি সূত্র জানায়, জেলাটিন এক ধরনের প্রোটিন উপাদান, যেটি কোলাজেন থেকে আগত। কোলাজেন প্রাকৃতিক প্রোটিন, যা স্তন্যপায়ী প্রাণীর রগ, অস্থিসন্ধি এবং কলায় উপস্থিত থাকে। খাদ্য হিসেবে জেলাটিন জেলি ডেজার্ট তৈরিতে ব্যবহৃত হয়। এছাড়াও ফল ও গোশত সংরক্ষণে এবং গুড়ো দুধ তৈরি করতে এটি ব্যবহার করা হয়। ক্যাপসুল ও ওষুধের সিরাপ হিসেবে এটির ব্যবহার করা হয়। বাংলাদেশ থেকে প্রতি বছর প্রায় ৫ হাজার কোটি টাকার মতো মৎস্য ও মৎস্যজাত পণ্য বিদেশে রফতানি করা হয়। এই মৎস্যখাত ব্যবহার করে আরো বৈদেশিক মুদ্রা আনা সম্ভব। এরজন্য ভালোমানের ও বিভিন্ন ধরনের নতুন পণ্য তৈরি করতে হবে।

অধ্যাপক ড. ফাতেমা হক শিখা বলেন, মাছের উচ্ছিষ্ট থেকে উৎপাদিত এসব পণ্যের মধ্যে বিপুল পরিমাণে প্রোটিন রয়েছে। এই প্রোটিন আমরা নষ্ট না করে একটি বিকল্প উপায়ে ব্যবহার করতে পারি। আমাদের চারপাশে প্রচুর পরিমাণে মাছের বর্জ্য ফেলে দেওয়া হয়। এগুলো যেমন পরিবেশের ক্ষতি করে, পরিবেশকে নষ্ট করে, তেমনিভাবে মানুষের স্বাস্থ্যও নষ্ট করে। এগুলো ব্যবহার করে যদি আমরা জেলাটিন তৈরি করতে পারি, তাহলে একদিকে যেমন ধর্মীয় হালাল-হারামের বিষয়টা কমানো যাবে, অপরদিকে পরিবেশ সুরক্ষা করা যাবে।

অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন বলেন, পাঙাশ, সামুদ্রিক পোয়া, ইল বা বাইন, শোল মাছের ফেলে দেওয়া ত্বক থেকে প্রাথমিকভাবে জেলাটিন নিষ্কাশন করতে সক্ষম হয়েছি। পরে প্রাপ্ত এই জেলাটিন বাজারের বহুল ব্যবহৃত জেলাটিনের সঙ্গে তুলনা করে এর বৈশিষ্ট্য, পানি ধারণ ক্ষমতা ও গলনাঙ্কের তুলনা করে এর মান যাচাই করেছি। পরে এই নিষ্কাশিত জেলাটিন দিয়ে আইসক্রিম, চকলেট ও পুডিং তৈরি করেছি। আমরা নিষ্কশিত জেলাটিনকে বাণিজ্যিকভাবে উৎপাদিত জেলাটিনের সঙ্গে তুলনা করতে উচ্চতর গবেষণা করছি। ফলাফলে এসেছে যে কোনো প্রজাতির মাছ থেকে উচ্চ গুণগত মানসম্পন্ন জেলাটিন পাওয়া সম্ভব হবে।

ওষুধ শিল্পে এর চাহিদার বিষয়ে তিনি বলেন, বাংলাদেশ ওষুধ শিল্প ও খাদ্য শিল্পে ব্যবহারের জন্য বিদেশ থেকে প্রচুর পরিমাণে জেলাটিন আমদানি করে। তাই দেশেই যদি দেশীয় এসব মাছ থেকে জেলাটিন বাণিজ্যিকভাবে উৎপাদন করা হয় তবে বিপুল পরিমাণে বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে। এছাড়া দেশের বিভিন্ন ছোট, বড় মাছের বাজারে উচ্ছিষ্ট অংশ যা বর্জ্য হিসেবে ফেলে দেওয়া হয় তার একটি সুষ্ঠু ব্যবস্থাপনা হবে। বিদেশ থেকে আমদানিকৃত জেলাটিনের প্রধান উৎস গরু ও শূকর। তাই মাছ থেকে নিষ্কাশিত জেলাটিন খাদ্যপণ্যে ব্যবহার করা হলে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে খাদ্য নিরাপত্তা নিশ্চিত সম্ভব হবে।