ঢাকা অফিস
দেশে ভয়াবহ দুঃশাসন চলছে, অভিযোগ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, সরকারের সীমাহীন নিপীড়ন-নির্যাতনের কারণে জনগণ এখন কথা বলতে পারে না, ভয় পায়। তারা এখন ফিসফিস করে, চোখের ইশারায় কথা বলে।
মঙ্গলবার (২ জানুয়ারি) বিকেলে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমরা যখন লিফলেট বিতরণ করতে যাই, অনেকেই আমাদের সাথে হাত মেলায়। তাদের চোখের ভাষায় বোঝা যায়, তাদের সম্মতি আছে আমাদের কর্মসূচিতে। এটাও বোঝা যায়, তারা আতঙ্কে আছে। এমনও হয়েছে যে, একজন লিফলেট হাতে নিয়ে বলেছেন, এটা প্রকাশ্যে পড়া যাবে না, বাসায় নিয়ে পড়ব।
বিএনপির মুখপাত্র বলেন, সরকারের সীমাহীন নিপীড়ন-নির্যাতনের কারণে দেশে দুঃশাসন এতটাই তীব্র হয়েছে যে, স্বাভাবিকভাবে জীবনযাপন করা যাচ্ছে না। যারা সত্য কথা বলবে, তাদের নামে হবে নাশকতাসহ ভয়ঙ্কর সব মামলা। এ দেশে যখন ঔপনিবেশিক শাসন ছিল, তখনও রাজনীতিবিদদের নামে মামলা দেওয়া হতো, কিন্তু তখন তাদেরকে সম্মান করত। সেটা কারাগারে হোক বা কারাগারের বাইরে হোক। বর্তমানের মতো এত নিষ্ঠুর অবিচার-নির্যাতন-অসম্মান করা হতো না। আওয়ামী লীগের এই নির্যাতন-নিপীড়ন অতীতের স্বৈরাশাসকের সব রেকর্ড, এমনকি কিছু কিছু ক্ষেত্রে মধ্যযুগীয় বর্বরতাকেও ছাড়িয়ে গিয়েছে।
রুহুল কবির রিজভী বলেন, এ দেশে গণতন্ত্রের জন্য সংগ্রাম হয়েছে, আন্দোলন হয়েছে। স্বৈরাচার এরশাদের বিরুদ্ধেও আন্দোলন হয়েছে। সেই আন্দোলনে আমিও আহত হয়েছি। আমার পেটে গুলি লেগেছিল। সেই গণতন্ত্রের আন্দোলনের চিহ্ন এখন আমি বয়ে বেড়াচ্ছি। এখনো কেন এই দেশে গণতন্ত্রের জন্য আন্দোলন করতে হবে? এখনও কেন মত প্রকাশের স্বাধীনতার জন্য কথা বলতে হচ্ছে? এগুলোর জন্য সেলিম, সাজু, দিপালী সাহা, শাজাহান সিরাজ আত্মদান করেছে? সর্বোপরি ডাক্তার মিলন, জিহাদের আত্মদানের মধ্য দিয়ে স্বৈরাচার এরশাদের পতন হয়েছে। তখন আমি ছাত্ররাজনীতি করতাম। আমি তো দেখছি, সেই যুগে যে জুলুম নির্যাতন চলেছে, তার চেয়ে আরো নির্মম বর্বর অনাচার পৈশাচিক এই আওয়ামী লীগের স্বৈরাচারী দুঃশাসন। এরশাদ তো প্রতারণা অত্যাচার করে নয় বছর শাসন করেছে। বর্তমান স্বৈরশাসক এরা তো মহাপ্রতারণা অত্যাচারের সাথে সরকারি প্রশাসনিক নির্যাতন জনগণের ওপর চাপিয়ে দিয়েছে। আর মিডিয়াকে ব্যবহার করে প্রতিনিয়ত বিরোধী দলের ওপর নানা ধরনের কুৎসা রটানোর চেষ্টা করছে।
বিএনপি ও সমমাননা দলের নেতাকর্মীদের প্রতি অনুরোধ জানিয়ে রুহুল কবির রিজভী বলেন, আমরা যে লিফলেট বিতরণ করছি, আপনাদের কাছে অনুরোধ করব, এই লিফলেট প্রতি ঘরে ঘরে নিয়ে যাবেন। শিক্ষাপ্রতিষ্ঠানসহ সবার হাতে পৌঁছানোর ব্যবস্থা করবেন। এটা শুধু শহরে বা নগরে দিলেই হবে না; থানা পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে এবং ওয়ার্ড পর্যায়ে প্রতি ঘরে ঘরে নিয়ে যেতে হবে। কারণ, এই কর্মসূচির প্রতি জনগণের সমর্থন রয়েছে। সরকারের অনাচারের বিরুদ্ধে আপনারা যে লিফলেট বিতরণ করছেন, জনগণের ভাষা এই লিফলেটের মধ্যে লিপিবদ্ধ হয়েছে।
তিনি অভিযোগ করেন, কারাগারের ভেতরেও বিএনপির সিনিয়র নেতাকর্মীরা নিপীড়ন-নির্যাতনের শিকার হচ্ছেন। সাবেক যারা এমপি, কারাগারে তারা ডিভিশন পান; কিন্তু সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের ডিভিশন বাতিল করে সাধারণ কয়েদিদের জায়গায় রাখা হয়েছে।
সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী জানান, গত ২৪ ঘণ্টায় সারা দেশে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের ১০৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলা হয়েছে চারটি। মোট আসামি ৩২৫ জন। আহত ২০ জনের অধিক নেতাকর্মী।











































