ক্রীড়া প্রতিবেদক
এতদিন জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজার দখলে ছিল বাংলাদেশের লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। ২০১৬ সালে ঢাকা প্রিমিয়ার লিগে মাত্র ৫১ বলে তিন অঙ্কের রান করেছিলেন তিনি। সাত বছর পর আজ (বৃহস্পতিবার) মাশরাফীর সেই রেকর্ড ভেঙে দিয়েছেন হাবিবুর রহমান সোহান।
বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) উত্তরাঞ্চলের হয়ে মাত্র ৪৯ বলে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছেন সোহান। কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস হেরে আগে ব্যাট করেছিল মধ্যাঞ্চল। তাদের দেওয়া ২০২ রানের লক্ষ্য তাড়ায় উত্তরাঞ্চলের হয়ে ওপেনিংয়ে ব্যাট করতে নামেন সোহান।
এরপর ঝড়ো শতক উপহার দেন সোহান। তার আগে দেশের প্রথম শ্রেণির ক্রিকেটে এতদিন রেকর্ডটি ছিল মাশরাফীর নামে। সাত বছর আগে নারায়ণগঞ্জের ফতুল্লায় অনুষ্ঠিত ম্যাচে তিনি কলাবাগান ক্রীড়া চক্রের হয়ে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে খেলেছিলেন। আর ওই ম্যাচেই ৫০ বলে রেকর্ড গড়েন শতকের।
তবে এমন ইনিংসও প্রথম শ্রেণির ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির তালিকায় দশের বাইরে রয়েছে। অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান জেইক ফ্রেজার-ম্যাগার্ক মাত্র ২৯ বলে সেঞ্চুরি নিয়ে আছেন ধরাছোঁয়ার বাইরে। যা তাকে দ্রুততম সেঞ্চুরির তালিকার শীর্ষে রেখেছে।
গত ৭ অক্টোবর দেশটির ঘরোয়া টুর্নামেন্ট দ্য মার্শ কাপে দক্ষিণ অস্ট্রেলিয়ার হয়ে ১৩ ছক্কা ও ১০ চারে ওই রেকর্ড গড়েন ম্যাগার্ক। আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্সের দখলে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাত্র ৩১ বলে শতক হাঁকান তিনি।











































