স্পোর্টস ডেস্ক
ঐতিহাসিক জয় দিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-২০ সিরিজ শুরু করেছে বাংলাদেশ। ওয়ানডের পর ২০ ওভারের ক্রিকেটেও নিউজিল্যান্ডের মাটিতে প্রথম জয় পেয়েছে তারা। চমৎকার বোলিংয়ের পর ব্যাট হাতে দারুণ ইনিংসে খেলে ইতিহাস গড়া জয়ে বড় অবদান রেখেছেন শেখ মেহেদি হাসান।
নেপিয়ারে আজ নিউজিল্যান্ডকে ১৩৪ রানে গুটিয়ে ৫ উইকেটের জয় তুলে নিয়েছে বাংলাদেশ। সহজ লক্ষ্য তাড়ায় যদিও শেষদিকে কিছুটা চাপে পড়ে যায় সফরকারীরা। সেখান থেকে দায়িত্বশীল ব্যাটিং করা লিটন দাসকে দারুণ সঙ্গ দিয়েছেন ম্যাচসেরা হওয়া শেখ মেহেদি। ওই পরিস্থিতিতে দুজন যে কৌশলে খেলেছেন, মেহেদী সেটাই জানিয়েছেন ম্যাচের পর।
নেপিয়ারে দ্বিতীয় ইনিংসে ৯৭ রানে পাঁচ উইকেট হারানোয় কিছুটা চাপে পড়ে গিয়েছিল বাংলাদেশ। সেই চাপ সামলাতে লিটন-মেহেদির ভালো বোঝাপড়ার দরকার ছিল।
যা নিয়ে সংবাদ সম্মেলনে আসা মেহেদি জানান, ‘যেহেতু লিটন লম্বা সময় ধরে ব্যাটিং করতেছিল, উইকেট এবং ম্যাচ সম্পর্কে ওর ভালো আইডিয়া হয়ে গেছে। এই ম্যাচটা জিততে হলে হয়তো ছোট আরেকটা জুটি দরকার ছিল। যেহেতু আমাদের ভালো জুটি হচ্ছিল মাঝখানে আবার দুইটা তিনটা ব্রেকথ্রু চলে গেছে কিউইদের পক্ষে। সেখান থেকে কামব্যাক করতে লিটন বলতেছিল যে পজিটিভ থাক শুধু, নরমালি খেলে শেষ দুই ওভারে দেখা যাবে। এভাবেই কথা বলে আমরা খেলছিলাম।’
নেপিয়ারের এই উইকেটে ১৩৫ রান চেজ করা বেশ সহজ ছিল বলে জানান ১৬ বলে ১৯ রান করে অপরাজিত থাকা মেহেদি, ‘এইটা অবশ্যই ইজিলি চেজ করার মতো উইকেট ছিল। তারপরও গোল বলের খেলা, যেকোনো সময় মোমেন্টাম পরিবর্তন হয়ে যেতে পারে। একটা সময় প্রথম হাফে আমরাই আগাই ছিলাম। মাঝখানে আবার ওরা ব্যাক করছে। তারপরে ফিনিশ আবার আমরা ভালো টাচ দিছি, এমনই। খেলার ভেতর মোমেন্টাম পরিবর্তন হবে, এটাই ক্রিকেট।’
এই মাঠে স্পিনাররা কেমন সুবিধা পেয়েছেন এমন প্রশ্নের জবাবে ১৪ রানে ২ উইকেট নেওয়া মেহেদি বলেন, ‘আলহামদুলিল্লাহ, আমাদের পেস বোলাররা সবাই মাশাআল্লাহ ভালো করতেছে। একটা ম্যাচ জিততে সবার পারফর্মটা গুরুত্বপূর্ণ। এক দুইজনের পারফরম্যান্স দিয়ে হয় না। টিমের জন্য ছোটখাটো সবাই পারফর্ম করে, আলহামদুলিল্লাহ স্পিনাররাও ভালো করেছে। পেসাররা ভালো করেছে এজন্য তাদের কম রানে আটকাতে পেরেছি এবং জিততে পেরেছি।’
তিন ম্যাচের সিরিজে এখন ১-০তে এগিয়ে বাংলাদেশ। আগামী শুক্রবার ও রবিবার সিরিজের শেষ দুই টি-২০তে মুখোমুখি হবে দুই দল।











































