স্পোর্টস ডেস্ক
নিউজিল্যান্ডের মাটিতে এতদিন সাদা বলের ক্রিকেটে কোনো জয়ই ছিল না বাংলাদেশের। এবারের সফরে দুই সংস্করণেই সেই স্বাদ পেয়েছে টাইগার বাহিনী। ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ জেতার পর টি-২০ সিরিজের প্রথমটিতে জয় তুলে নিয়ে গড়েছে ইতিহাস।
নেপিয়ারে আজ প্রথম টি-২০তে ৫ উইকেটে জিতেছে বাংলাদেশ। স্বাগতিকদের ১৩৪ রানে গুটিয়ে ৮ বল আগেই লক্ষ্য ছুঁয়ে ফেলেছে সফরকারীরা।
টি-২০ সংস্করণে নিউজিল্যান্ডের মাটিতে ১২তম ম্যাচে এসে প্রথম জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ। ঐতিহাসিক এই জয়ের পর দলের ক্রিকেটারদের অভিনন্দন জানিয়েছেন দেশের অভিজ্ঞ কিপার-ব্যাটসম্যান মুশফিকুর রহিম।
সামাজিক যোগাযোগ মাধ্যমে মুশফিক লেখেন, ‘নিউজিল্যান্ডের মাটিতে প্রথম টি-২০ জয়ের জন্য ছেলেদের অভিনন্দন।’
আরেক অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহও করেছেন প্রশংসা। তার ভাষায়, ‘অভিনন্দন! নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়। ওয়েল ডান।’ সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ আগামী শুক্র ও রোববার।











































