Home খেলাধুলা বিশ্বকাপ ব্যর্থতা প্রসঙ্গে মুখ খুললেন রোহিত

বিশ্বকাপ ব্যর্থতা প্রসঙ্গে মুখ খুললেন রোহিত

57

স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারের পর দীর্ঘ দিনের ছুটি নিয়েছিলেন তিনি। ছুটি শেষে আবার নেমে পড়েছেন ক্রিকেট মাঠে। বিশ্বকাপ ফাইনালের ৩৬ দিন পরে আবার সেই ম্যাচ নিয়ে মুখ খুলেছেন ভারতের ওয়ানডে অধিনায়ক রোহিত শর্মা।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের আগে সংবাদ সম্মেলনে রোহিত বলেন, যেভাবে আমরা বিশ্বকাপে খেলেছিলাম তাতে সবাই ভেবেছিলেন আমরাই ট্রফি জিতব। বিশ্বকাপের জন্য কঠোর পরিশ্রমও করেছি। কিন্তু ফাইনালে কিছু কিছু জিনিস আমরা ঠিক করে করতে পারিনি। এ ধরনের হারের পর তা মেনে নিতে খুব কষ্ট হয়।

এরপর প্রত্যয়ী রোহিত বলেন, আমাদের কাছে এগিয়ে যাওয়া ছাড়া কোনো বিকল্প নেই। আমরা এবার সামনের দিকে তাকাতে চাই। বিশ্বকাপের হারের পর গোটা বিশ্বের বিভিন্ন মানুষের থেকে উৎসাহ পেয়েছি আমরা। ব্যক্তিগতভাবে আমি অনুপ্রাণিত হয়েছি। সামনে যা আছে আপাতত সেটার দিকে তাকাতে চাই।

এর আগে রোববার দ্রাবিড় বলেছিলেন, ফাইনাল আমাদের কাছে অতীত। হ্যাঁ, হতাশাজনক ছিল ব্যাপারটা। কিন্তু আমরা এগিয়ে গেছি। এখন আমাদের সামনে নতুন কিছু রয়েছে। ক্রিকেটাররাও সব পেরিয়ে এসেছে। ছোটবেলা থেকেই আমরা ভুল থেকে শিক্ষা নিতে শিখেছি। ক্রিকেটার হিসেবে কখনও অতীতের হতাশা বয়ে বেড়ানো উচিত নয়।

তিনি আরো বলেন, আউট হলেই সবাই হতাশ হয়। কিন্তু আরো একটা ইনিংস হাতে থাকে। পরের ইনিংসে ভাল খেলতে হয়। কীভাবে সেটা সামলাতে হবে সেটা দেখা উচিত। না হলে পরের ম্যাচে প্রভাব ফেলবে। হ্যাঁ, ছেলেরা হতাশ ছিল। কিন্তু সব পেরিয়ে এখন আমরা সামনের দিকে তাকাতে চাই।