Home Uncategorized ভোটের মাঠে সংঘাত-সংঘর্ষ

ভোটের মাঠে সংঘাত-সংঘর্ষ

61

খুলনাঞ্চল রিপোর্ট।।
নির্বাচনে সংঘাত-সংঘর্ষ এড়াতে এবার কঠোর অবস্থানে যাচ্ছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের স্বার্থে স্বতন্ত্র প্রার্থীদের ছাড় দিলেও সংঘাত-সংঘর্ষে জড়িতদের ব্যাপারে ‘জিরো টলারেন্স’ নীতি নিয়ে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে দলটি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের অধিকাংশ স্থানে ‘গৃহবিবাদ’ নিয়ে কিছুটা বিপাকে পড়া ক্ষমতাসীনরা এবার শক্ত অবস্থানে যাচ্ছে।

দলটির নীতিনির্ধারকদের সূত্রে জানা গেছে, সংঘাত-সংঘর্ষ কিংবা গৃহবিবাদের সঙ্গে জড়িতরা যত বড় নেতাই হোন না কেন, তাদের বিরুদ্ধে নির্বাচন কমিশন (ইসি) থেকে যে কোনো প্রশাসনিক বা আইনগত ব্যবস্থা নিলে প্রতিবাদ না করে উল্টো সমর্থন জানাবে আওয়ামী লীগ। এরই মধ্যে এ জাতীয় কর্মকাণ্ড থেকে বেরিয়ে না এলে কঠোর ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দিয়েছেন খোদ দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রতীক বরাদ্দের দিন থেকেই মাঠে প্রার্থীরা। জোরেশোরে চলছে নির্বাচনী প্রচার, মিছিল, সভা-সমাবেশ। ক্ষমতাসীন আওয়ামী লীগ, স্বতন্ত্রপ্রার্থীর পাশাপাশি মাঠে রয়েছে জাতীয় পার্টিসহ অন্য দলের প্রার্থীরা। তবে প্রচার শুরুর প্রথম সাতদিনেই দেশের বিভিন্ন স্থানে হত্যা, সংঘর্ষ, বোমাবাজি, হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটেছে। এসব সংঘর্ষে জড়ানোরা বেশিরভাগই আওয়ামী লীগ সমর্থিত। কারণ স্বতন্ত্রপ্রার্থীরা অধিকাংশই আওয়ামী লীগের পদধারী নেতা। জাতীয় নির্বাচন কেন্দ্র করে এ ‘গৃহবিবাদ’ নিয়ে কিছুটা হলেও বিপাকে ক্ষমতাসীনরা। বিষয়টি দলটির হাইকমান্ডের নজরে আসার পর সংঘাত-সংঘর্ষের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে তাদের কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দিকে যাচ্ছে দলটি।

গত কয়েকদিনে গণমাধ্যমে আসা বিভিন্ন ঘটনা বিশ্লেষণ করে দেখা যায়, বেশির ভাগ জায়গায় নৌকার সমর্থকরাই হামলা করছেন। বেশ কয়েকটি জায়গায় স্বতন্ত্র প্রার্থীরাই শক্তিশালী। আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া অনেক প্রার্থীই এবার শক্ত স্বতন্ত্র প্রতিদ্বন্দ্বী মোকাবিলা করতে হিমশিম খাচ্ছেন। ভোটের মাঠে পরাজয়ের আশঙ্কায় নৌকা প্রতীক পাওয়া প্রার্থীদের সমর্থকদের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ওপর হামলার ঘটনা ক্রমেই বেড়ে চলেছে। কর্মী-সমর্থকদের মধ্যে বাগবিতণ্ডা রূপ নিচ্ছে হত্যা-সংঘর্ষে। এ গৃহবিবাদে ক্ষতিগ্রস্ত হচ্ছে আওয়ামী লীগ।

নির্বাচন ঘিরে এসব সংঘাত-সংঘর্ষের বিষয়টি নজরে এসেছে আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার। গত ২১ ডিসেম্বর ভার্চুয়ালি নির্বাচনী জনসভায় যুক্ত হয়ে দলীয় নেতাকর্মীদের এ বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি। শেখ হাসিনা বলেন, ৭ জানুয়ারি নির্বাচন এবং সে নির্বাচনে জনগণ অবাধে ভোট দেবেন। ভোটের মালিক জনগণ, এটা তাদের সাংবিধানিক অধিকার। তবে আমরা এ নির্বাচন উন্মুক্ত করেছি, আমাদের নৌকার প্রার্থীও আছে, স্বতন্ত্র প্রার্থীও রয়েছে এবং অন্য দলের প্রার্থীও রয়েছে। আপনারা জনগণের কাছে যাবেন, জনগণ যাকে ভোট দেবেন তিনি নির্বাচিত হবেন। কেউ কারও অধিকারে হস্তক্ষেপ করবে না। এখানে কিন্তু কোনো রকমের সংঘাত বা মারামারি, কোনো কিছুই আমি দেখতে চাই না। কোনো সংঘাত হলে, সংঘাত যদি আমার দলেরও কেউ করে, তাদের কিন্তু রেহাই নেই।

শুধু প্রধানমন্ত্রীই নন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও গত দু’দিন ধরে এ ব্যাপারে দলের জিরো টলারেন্স নীতির কথা উল্লেখ করে সংঘাত-সংঘর্ষে জড়িতদের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। সোমবার সংবাদ সম্মেলনে এ সংক্রান্ত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, নির্বাচনে আওয়ামী লীগের স্বতন্ত্রের নামে যদি কেউ সংঘাতে জড়িত হয়, বিশৃঙ্খলা করে তাহলে আইনশৃঙ্খলা বাহিনী যথাযথ ব্যবস্থা নেবে, এটাই আমরা দলীয়ভাবেও চাইব। আমরা চাই একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন। এখানে কে দলীয় প্রার্থী আর কে স্বতন্ত্র প্রার্থী সেটা আলাদাভাবে দেখার সুযোগ নেই।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, একটা নির্বাচন হলে সেখানে সংঘাত একটি স্বাভাবিক বিষয়। তবে নির্বাচনকে ঘিরে বড় ধরনের কোনো সংঘাতের শঙ্কা দেখছি না। এসব বিশৃঙ্খলা-সংঘাতের বিষয়ে আমাদের সভানেত্রীর জিরো টলারেন্স। আর সহিংসতামুক্ত একটি শান্তিপূর্ণ নির্বাচন চায় আওয়ামী লীগ। তাই নির্বাচন বিরোধী কোনো প্রকার সহিংসতাকে প্রশ্রয় দেয়া হবে না। অপরাধ প্রমাণিত হলে সে যেই হোক পড়তে হবে শাস্তির আওতায়। আর নির্বাচনে অংশ নেওয়া স্বতন্ত্র প্রার্থীরা আমাদের দলের হলেও প্রতিদ্বন্দ্বী হিসেবেই ভাবতে হবে।

এ ব্যাপারে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক সোমবার স্বতন্ত্র ও বিরোধী প্রার্থীদের নির্বাচন পরিচালনায় বাধা দেওয়ার বিষয়ে দলের নেতাকর্মীদের সংযত হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, স্বতন্ত্র ও বিরোধী প্রার্থীদের নির্বাচন পরিচালনায় বাধা দেওয়া যাবে না। কেউ যদি বাধা সৃষ্টি করে তাহলে প্রয়োজনে দলীয়ভাবেও তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

দলটির অন্য নেতারাও বলছেন, নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক করার জন্য ও উৎসবমুখর করতে স্বতন্ত্র উন্মুক্ত করে দেওয়া হয়েছে। আমাদের সিদ্ধান্ত ছিল, নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও উৎসবমুখর করতে নৌকার বাইরে কেউ নিজেকে ইলেক্টেবল মনে করলে স্বতন্ত্র নির্বাচন করতে পারবে। এটি করতে গিয়ে কোথাও কোথাও প্রার্থীর সমর্থকরা সংঘাতে জড়িয়েছেন। এটি আমাদের নজরে এসেছে। কেন্দ্র থেকে বলা হয়েছে, সহিংসতায় জড়িতদের ছাড় দেওয়া হবে না। এ নিয়ে আমরা সাংগঠনিকভাবে কাজ করছি। আইনশৃঙ্খলা বাহিনীও কাজ করছে। আশা করি, সংঘাত কমে আসবে। তবে কেউ সংঘাতে জড়ালে সে যত বড় নেতাই হোন না কেন- সাংগঠনিক কঠোর শাস্তি এড়াতে পারবেন না।

নির্বাচন কমিশন সূত্র জানায়, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ২ হাজার ৭১৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এরমধ্যে নির্বাচন কমিশনে নিবন্ধিত ২৮টি রাজনৈতিক দলের ১ হাজার ৯৬৬ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র দাখিল করেছেন। এ ছাড়াও সারাদেশে রেকর্ড সংখ্যক ৭৪৭ জন স্বতন্ত্র প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। অতীতের কোনো নির্বাচনে এতো বিপুল সংখ্যক স্বতন্ত্র প্রার্থী কখনো দেখা যায়নি। এই স্বতন্ত্র প্রার্থীর মধ্যে যেমন অধিকাংশ আওয়ামী লীগের, তেমনি বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও রয়েছেন। বিএনপির নির্বাচন বর্জনের সিদ্ধান্তকে অগ্রহণযোগ্য মনে করে দলটির কেন্দ্রীয় ১৫ নেতাসহ সাবেক ৩০ জন সংসদ সদস্যও এবার প্রার্থী হয়েছেন। আওয়ামী লীগের একাধিক নীতিনির্ধারক নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, দলের ঘোষিত ২৬৬ প্রার্থীর বিরুদ্ধে দলেরই বিপুল সংখ্যক প্রার্থী স্বতন্ত্র নির্বাচনে নামলেও কোনো লাগাম টানবে না আওয়ামী লীগ। কোনো আসনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় কেউ বিজয়ী হতে না পারে, প্রতিটি আসনেই যেন উৎসবমুখর পরিবেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয়, ভোটাররা যাতে নির্ভয়ে ভোট কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তাদের পছন্দের প্রার্থীকে বিজয়ী করতে পারে, তেমনটিই চায় ক্ষমতাসীন দলটি। সেক্ষেত্রে জনগণের ভোটে যে বিজয়ী হয়ে আসবে, তাকেই মেনে নেবে আওয়ামী লীগ।

তাদের মতে, প্রতিটি আসনে একাধিক প্রার্থী থাকলে বিজয়ী হতে প্রার্থীরা ভোটারদের নিজ পক্ষে টানতে মরিয়া হয়ে কাজ করবে, প্রতিটি নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই হবে- এতে নিজ দলের অনেক প্রার্থী হেরে গেলেও নির্বাচনে ন্যূনতম হস্তক্ষেপ করবে না দলটি। বরং দলেরই কেউ নির্বাচনী আইন অমান্য করলে বা কেউ সংঘাত-সংঘর্ষের সঙ্গে জড়িত হলে তার বিরুদ্ধে প্রশাসন যাতে কঠোর ব্যবস্থা নিতে পারে- সেটিও স্পষ্ট করে জানিয়ে দিয়েছে দলটির নীতিনির্ধারকরা।

জানা যায়, জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে ২৬৬ আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগ নৌকার প্রার্থী দিয়েছে। এর মধ্যে ২২১ আসনে স্বতন্ত্র প্রার্থী ৩৮২ জন। এদের বেশিরভাগই আওয়ামী লীগের পদধারী নেতা। নৌকার সমর্থকদের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকরাও আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের পদধারী নেতাকর্মী। জেলা, উপজেলা, থানা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতারাও কাজ করতে গিয়ে দ্বিধাবিভক্ত। এদের কর্মী-সমর্থকরা একে অপরের মুখোমুখি হয়ে সংঘাতে জড়াচ্ছেন।

গত ১৯ ডিসেম্বর মঙ্গলবার ময়মনসিংহ সদর উপজেলার গুতাপাড়া গ্রামে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী ক্যাম্প করতে গিয়ে দুপক্ষের সংঘর্ষে স্বতন্ত্র প্রার্থী আমিনুল হক শামীমের সমর্থক আওয়ামী লীগ কর্মী রফিকুল ইসলাম (৫২) হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। পিরোজপুর সদরে স্বতন্ত্র প্রার্থীর কর্মিসভা শেষে বাড়ি ফেরার পথে লালন ফকিরকে ১০-১৫ জন মিলে কুপিয়ে জখম করে। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গত ২৩ ডিসেম্বর মাদারীপুরের কালকিনিতে এসকেন্দার খাঁ (৭০) নামে স্বতন্ত্র প্রার্থীর এক কর্মীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে নৌকার সমর্থকদের বিরুদ্ধে। এসকেন্দার খাঁ উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সদস্য। তিনি মাদারীপুর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী মোসা. তাহমিনা বেগমের সমর্থক ও কর্মী।
শুধু এই তিন হত্যাকান্ডই নয়, আরও অনেক আসনে দলীয় ও স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকরা এমন ভ্রাতৃঘাতী সংঘাতে জড়িয়ে পড়েছে। ১৮ ডিসেম্বর বানারীপাড়া পৌর এলাকায় আওয়ামী লীগের কার্যালয়ের সামনে বরিশাল-২ আসনে নৌকার প্রার্থী রাশেদ খান মেননের সামনে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে মারামারি হয়। এতে বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত লাল কুণ্ড, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা এবং জুয়েল হাওলাদার আহত হন।

একই দিন চৌদ্দগ্রামের কাশিনগর বাজারে কুমিল্লা-১১ আসনে নৌকার প্রার্থী মুজিবুল হকের সমর্থকদের সঙ্গে স্বতন্ত্র প্রার্থী সাবেক পৌর মেয়র মিজানুর রহমানের সমর্থকদের সংঘর্ষে দুজন আহত হন। এ সময় একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে।

এ ছাড়া পাবনা-১ আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেক অধ্যাপক আবু সাইয়িদ প্রচারে নেমে বাধা পেয়ে থানায় অভিযোগ করেন। নেত্রকোনা-৩ আসনে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগে নৌকার সমর্থক খোকন মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। নাটোরে প্রতীক বরাদ্দের পরই তিনটি সংঘর্ষের ঘটনায় তিন মামলা হয়েছে। শরীয়তপুর-২ আসনে প্রচারে বাধা দেওয়া ও তার পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ করেন স্বতন্ত্র প্রার্থী খালেদ শওকত আলী। ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে স্বতন্ত্র প্রার্থীর পোস্টার ছিনিয়ে নেওয়ার ঘটনায় নৌকার সমর্থক মঞ্জুর মওলাকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

ময়মনসিংহ-৯ আসনে স্বতন্ত্র প্রার্থীর সমর্থক সাদেক হোসেন ভুইয়াকে বৈঠা দিয়ে পিটিয়েছে নৌকার সমর্থকরা। নাটোরের সিংড়ায় নৌকার সমর্থক ও ঈগলের সমর্থকদের মধ্যে সংঘর্ষে ১১ জন আহত হন। ফরিদপুর-৩ আসনে নৌকার প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে মারামারি হয়েছে। যশোর-৫ আসনে নৌকার সমর্থকরা স্বতন্ত্র প্রার্থীর গাড়িবহরে হামলা চালিয়ে ছয়টি মোটরসাইকেল ও দুটি গাড়ি ভাঙচুর করে। এতে আটজন আহত হন। গত বুধবার চট্টগ্রামের সাতকানিয়ায় আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীর সমর্থক ইউনিয়ন পরিষদের (ইউপি) এক চেয়ারম্যানের বাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয়। এসময় তিনটি গাড়ি ও ওই প্রার্থীর নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করা হয়।

আওয়ামী লীগের একাধিক কেন্দ্রীয় নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, নির্বাচন যতই এগিয়ে আসছে এসব সংঘাত-সংঘর্ষের ঘটনা বেড়েই চলেছে। বিষয়টি দলের হাইকমান্ডেরও নজরে এসেছে। এতদিন ছাড় দিলেও এবার ‘জিরো টলারেন্স’ হয়ে মাঠে নামছে আওয়ামী লীগ। সরকারি দল হলেও সরাসরি নির্দেশ দিয়ে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারছে না আওয়ামী লীগ। কেননা এখন সব ক্ষমতা নির্বাচন কমিশনের হাতে। তাই আওয়ামী লীগ সংঘাত-সংঘর্ষের সঙ্গে জড়িতদের কঠোরহস্তে দমন করতে নির্বাচন কমিশনের যে কোনো উদ্যোগকে স্বাগত জানানো হবে। আওয়ামী লীগও চায় যারা এসব ঘটনা ঘটাচ্ছে তাদের বিরুদ্ধে যেন দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হয়।

দিঘলিয়ায় জুটমিলে রহস্যজন আগুন
স্টাফ রিপোর্টার
খুলনার দিঘলিয়ায় জামান জুট মিলে আগুনের ঘটনা ঘটেছে। সোমবার (২৫ ডিসেম্বর) রাতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে দৌলতপুর, দিঘলিয়াসহ আশপাশের ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট নিয়ন্ত্রণে আনেন। দিঘলিয়ার নগরঘাট সংলগ্ন জামান জুট মিলটি আগুন ধরে বলে স্থানীয়রা জানান। মিলের ম্যানেজার রিপন মোল্লার জানান, সোমবার রাত ৯ টায় মিল বন্ধ করে তারা বাসায় চলে যান। পরে তিনি স্থানীয়দের কাছে আগুন লাগার বিষয়টি জানাতে পারেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, আনুমানিক রাত পৌনে ১০টার দিকে অগ্নিকাণ্ড সূত্রপাত হয়। খবর পেয়ে রাত দশটা থেকে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ করছে। রাত সোয়া ১১টায় Í আগুন নিয়ন্ত্রণে আসে। তবে অগ্নিকান্ডের ঘটনাটি রহস্যজনক বলে অনেকে বলেছেন।