ঢাকা অফিস
একতরফা নির্বাচন বন্ধ করে সংকট সমাধানে সরকারকে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপে বসার আহ্বান জানিয়েছে সম্মিলিত পেশাজীবী পরিষদ। অসহযোগ আন্দোলনে সমর্থন ও ৭ জানুয়ারির ভোট বর্জনের আহ্বানে জাতীয় প্রেসক্লাব, তোপখানা রোডে পথচারি, বাস-রিকশা চালক ও যাত্রীদের হাতে হাতে লিফলেট তুলে দেন সম্মিলিত পেশাজীবী পরিষদ নেতারা।
লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নেন চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিকসহ অন্যান্য পেশাজীবীরা। এর আগে, প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত বক্তব্যে সম্মিলিত পেশাজীবী পরিষদ নেতারা বলেন, নির্বাচনের নামে তামাশা চলছে। সরকারের এ ডামি নির্বাচন কেউ মানে না। জনগণ এই নির্বাচনী খেলার অবসান চায়।
সংকট সমাধানে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় বসার আহবান জানিয়ে পেশাজীবী নেতারা বলেন, আরেকটি বাকশাল কায়েমের মাধ্যমে সরকারের চিরস্থায়ী ক্ষমতার দু:স্বপ্ন পূরণ হবে না।











































