খবর বিজ্ঞপ্তি
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও খুলনা-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এস এম কামাল হোসেন বলেছেন, বঙ্গবন্ধু যেমন একজন দূরদর্শী, দেশপ্রেমিক ও গণমানুষের নেতা ছিলেন, মানুষের জন্য কাজ করার লক্ষ্যে লড়াই করেছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাও শাসন ক্ষমতায় যেতে চান মানুষের জন্য কাজ করার স্বার্থে। তার নিজের কোনো চাওয়া-পাওয়া নেই। দেশের মানুষের জন্য কী করা দরকার তা তার নখদর্পণে। তিনি লাভজনক উন্নয়ন প্রকল্প গ্রহণের পাশাপাশি সামাজিক উপকার ও জনহিতকর প্রকল্প গ্রহণ করে জনসেবা করে যাচ্ছেন। সামাজিক সুরক্ষা বলয়ে বরাদ্দের মাধ্যমে দেশের বীর মুক্তিযোদ্ধা, বয়স্ক, দুস্থ, স্বামী পরিত্যক্তা নারী, চা শ্রমিক, অসচ্ছল প্রতিবন্ধী ও অনগ্রসর জনগোষ্ঠীকে ভাতা দিয়ে যাচ্ছেন এবং ভূমিহীন ও আশ্রয়হীনদের বাড়ি নির্মাণ করে দিয়েছেন। তিনি বলেন, বাংলাদেশ বর্তমানে সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল।
বাংলাদেশের বিস্ময়কর উত্থান এবং নানা প্রতিকূল পরিবেশেও এর অগ্রযাত্রা সারা বিশ্বে প্রশংসিত ও স্বীকৃত। এরই মধ্যে প্রধানমন্ত্রী ‘রূপকল্প ২০৪১’ বাস্তবায়ন করে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার কথা বলেছেন। স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য প্রয়োজন স্মার্ট সরকার, স্মার্ট জনগণ, স্মার্ট অর্থনীতি ও স্মার্ট সমাজ। বাংলাদেশের অব্যাহত উন্নয়ন অগ্রযাত্রার স্বপ্নসারথি ও রূপকার শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়তে আবারও নৌকাকে বিজয়ী করতে হবে। তিনি আরো বলেন, জননেত্রী শেখ হাসিনা আপনাদের সেবা করার জন্য আমাকে পাঠিয়েছেন। পাশে থেকে আপনাদের সেবা করার সুযোগ দিন। সেলক্ষে আগামী ৭ জানুয়ারী শেখ হাসিনার নৌকা প্রতীকে ভোট দিন।
সোমবার দিনব্যাপী নগরীর ১ ও ৩নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভায় এবং সন্ধ্যা দৌলতপুরে বাংলাদেশ জুট এসোসিয়েশনের ভবনে বিজেএ নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন। এসময়ে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, বাংলাদেশ জুট এসোসিয়েশনের সভাপতি মো. ফরহাদ আহমেদ আকন্দ, আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মাকসুদ আলম খাজা, শেখ সৈয়দ আলী, মনিরুজ্জামান খান খোকন, কাউন্সিলর শাহাদাত হোসেন মিনা, সৈয়দ হাসিবুর রশীদ, মাকসুদ হাসান পিকু, মো. আবু জাফর, মাহবুবুর রহমানসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।











































