মিলি রহমান।।
নারীরা সবক্ষেত্রেই পুরুষদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন। অনেককেই সকালের নাশতা সেড়ে সকাল সকাল অফিসে ছুটতে হয়। অফিস বা কর্মক্ষেত্রের ঝুঁকি সামলে নিজেকে সতেজ প্রাণচঞ্চল রাখতে বড় ভূমিকা নেয় সঙ্গের লেডিস ব্যাগে থাকা জিনিসপত্র। এ কারণে সেই ব্যাগে পরিকল্পনা অনুযায়ী জিনিসপত্র গুছিয়ে রাখা জরুরি।
শীতকালের সঙ্গী ব্যাগটা একটু বড় হলে ভালো। এমনিতে তো সারা বছরের জন্যই ব্যাগে অবশ্যই থাকবে পাওয়ার ব্যাংক, হেডফোন। কারণ স্মার্ট ফোন ছাড়া আমাদের এক মুহূর্তও চলে না। শীতের শুষ্ক আবহাওয়ায় ত্বক হয়ে যায় খসখসে। তাই ব্যাগে থাকুক ময়েশ্চারাইজার। তৈলাক্ত ত্বক হলে রাখুন অয়েল ফ্রি ময়েশ্চারাইজার। কম্বিনেশন ত্বকের টি জনে অয়েল ফ্রি ও বাকি অংশে অয়েল বেসড ময়শ্চারাইজার লাগাতে হবে।
বাড়িতে ভুলে গেলে রাস্তায় বা গাড়িতে লাগাতেই হবে সানস্ক্রিন। কারণ সকালে ফাউন্ডেশন ব্যবহার সম্ভব হয় না। তাই আপনার ফাউন্ডেশন এসপিএফ যুক্ত না হলে সানস্ক্রিন লাগাতে হবে। সেক্ষেত্রে তা অবশ্যই রাখবেন ব্যাগে।
শীত মানে নানা রকমের পার্টি, উৎসব। তাই ব্যাগে রাখতে হবে ফাউন্ডেশন। শীতে ম্যাট ফিনিসের বদলে ডিউই বা শাইনি ফিনিস দেয় এমন ফাউন্ডেশন ব্যবহার করলে সুন্দর দেখাবে। তবে স্কিন টোনের সাথে শেড মিলিয়ে নেওয়া জরুরি।
ব্যাগে অবশ্যই রাখুন বিবি ক্রিম। হালকা মেকাপের জন্য বিবি ক্রিম ফাউন্ডেশনের থেকে বেশি কার্যকর। আবার শীতে সব ধরনের ত্বকেই এটি বিশেষ কার্যকরী।
অফিস থেকে ফেরার পথে অনেক সময় পার্টি থাকে। সেক্ষেত্রে অফিস থেকে বের হওয়ার আগে কিংবা গাড়িতে বসেই সে কাজ করতে পারেন।এজন্য লেডিস ব্যাগে রাখুন কনসিলার। ডার্ক সার্কেল, ব্রনের দাগ ও ডার্ক স্পট ঢাকতে ব্যাগে রাখুন লিকুইড বা ক্রিম কনসিলার।
সেইসঙ্গে ব্যাগে থাকতে হবে একটু ভারি ধরনের ক্রিম কম্প্যাক্ট পাউডার। এতে অয়েল কন্টেন্ট বেশি থাকতে হবে। এটি ত্বকের আর্দ্রতা বজায় রাখবে। শীতে চোখের সাজের জন্য ব্যাগে রাখুন ফ্রস্টি, শিমারি আইস্যাডো। শীতের রাতের পার্টিতে স্মোকিং লুক বেশি মানাবে। এক্ষেত্রে ক্রিম আইস্যাডো ব্যাগে রাখতে পারেন।
একটা জিনিস অবশ্যই ভুলবেন না। ব্যাগে অবশ্যই থাকতে হবে লিপবাম। ব্যাগে দামি সুন্দর লিপস্টিক রয়েছে অথচ ঠোঁট শুষ্ক ফাটা,তেমনটি হলে চলবে কি করে! শীতে লিপস্টিকের বদলে টিন্টেড লিপবাম আর সাইনি গ্লসি লিপগ্লস রাখুন।
পার্টিতে যাবেন অথচ ব্লাস অন থাকবে না তাই কখনও হয়? তাই ফ্যাকাসে ত্বক রঙিন করতে ব্যাগে থাকুক ব্লাশ অন। গায়ের রং ফর্সা হলে বেছে নিন গোলাপি সেড। চাপা রং হলে ব্যাগে থাকুক পিচ, টেরাকোটা শেড। তবে ক্রিম ব্লাশই থাকুক সঙ্গে। ঝলমলে দেখাবে আপনাকে।
টুকিটাকি এইসবের পাশাপাশি ব্যাগে গলার স্কার্ফ বা হালকা চাদর রাখা উচিত। একটা ছোট্ট আয়না, চিরুনি তো থাকবেই।











































