Home আঞ্চলিক রূপপুর বিদ্যুৎকেন্দ্র: বিদায়ী বছরে নিউক্লিয়ার যুগে বাংলাদেশ

রূপপুর বিদ্যুৎকেন্দ্র: বিদায়ী বছরে নিউক্লিয়ার যুগে বাংলাদেশ

42

খুলনাঞ্চল রিপোর্ট
স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আরো একধাপ এগিয়ে গেছে দেশ। ২০২৩ সালে দৃশ্যমান অগ্রগতি হয়েছে দেশের প্রথম পারবাণবিক বিদ্যুৎ কেন্দ্রের। শিগগিরই আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ উৎপাদনে যাচ্ছে পাবনার ঈশ্বরদী উপজেলার রূপপুরে নির্মাণাধীন ২ দশমিক ৪ গিগাওয়াট ক্ষমতাসম্পন্ন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র।
গত ৫ অক্টোবর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য রাশিয়া থেকে আসা পরমাণু জ্বালানি গ্রহণ করে বাংলাদেশ। এর মধ্য দিয়ে বিশ্বের ৩৩তম এবং দক্ষিণ এশিয়ায় তৃতীয় রাষ্ট্র হিসেবে নিউক্লিয়ার যুগে প্রবেশ করলো বাংলাদেশ।

২০০৯ সালে ‘রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে অপরিহার্য কার্যাবলী সম্পাদন’ শীর্ষক প্রকল্পের মাধ্যমে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের জন্য প্রাথমিক কার্যাবলী ও পারমাণবিক অবকাঠামো উন্নয়ন কার্যক্রম শুরু হয়। ঐ বছরের ১৩ মে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন এবং রাশিয়ার রোসাটোম স্টেট অ্যাটমিক অ্যানার্জি কর্পোরেশনের (রোসাটোম) মধ্যে ‘পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার’ বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

২০১০ সালের ২১ মে এ বিষয়ে ফ্রেমওয়ার্ক চুক্তি স্বাক্ষরিত হয়। প্রকল্পটি সুষ্ঠুভাবে বাস্তবায়নের উদ্দেশ্যে বেশ কয়েকটি কমিটি ও গ্রুপ গঠন করা হয়। একই বছরের ১০ নভেম্বর জাতীয় সংসদে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের জন্য সিদ্ধান্ত প্রস্তাব গ্রহণ করা হয়। ২০১১ সালের ৯-১৫ নভেম্বর বাংলাদেশের পারমাণবিক অবকাঠামোর সার্বিক অবস্থা মূল্যায়ন করা হয়। ঐ বছরেরই ২ নভেম্বর বাংলাদেশ এবং রাশিয়া সরকারের মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন সংক্রান্ত আন্তরাষ্ট্রীয় সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়। ২০১২ সালের ১৯ জুন ‘বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ আইন, ২০১২’ পাশ হয়।

২০১৩ সালে প্রধানমন্ত্রীর রাশিয়া ফেডারেশন সফরকালে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের প্রাক-প্রারম্ভিক পর্যায়ের কার্যাদি সম্পাদনের জন্য রাষ্ট্রীয় রফতানি ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়। এসব চুক্তির ভিত্তিতে ঐ বছরের ২ অক্টোবর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন (১ম পর্যায়) প্রকল্প গ্রহণ করা হয়।

২০১৫ সালে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র আইন জারি ও নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড গঠন করা হয়। এরপর একই বছরের ২৫ ডিসেম্বর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের মূল পর্যায়ের কার্যাবলী সম্পাদনের জন্য সাধারণ চুক্তি স্বাক্ষরিত হয়।

২০১৬ সালের ২১ জুন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের স্থান লাইসেন্স দেয় বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। ২৬ জুলাই বাংলাদেশ-রাশিয়া রাষ্ট্রীয় ক্রেডিট চুক্তি হয়। ২০১৭ সালের ৪ নভেম্বর বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নকশা ও নির্মাণ লাইসেন্স দেয়। ঐ বছরের ৩০ নভেম্বর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের প্রথম কংক্রিট ঢালাই কাজের উদ্বোধন করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ২০২১ সালের ১০ অক্টোবর এবং ২০২২ সালের ১৮ অক্টোবর এ বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ও দ্বিতীয় ইউনিটের পারমাণবিক চুল্লিপাত্র বা রিঅ্যাক্টর প্রেসার ভেসেল স্থাপনের কাজ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

চলতি বছরের ৫ অক্টোবর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য পরমাণু জ্বালানি (ইউরেনিয়াম) গ্রহণ করে বাংলাদেশ। এরই মধ্যে বেশ কয়েকটি ইউরেনিয়ামের চালান রূপপুর প্রকল্প এলাকায় পৌঁছেছে। আগামী বছর এ বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট ও ২০২৬ সালে দ্বিতীয় ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন শুরুর লক্ষ্যে কাজ্জ করছে সরকার।

বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিক চেষ্টায় স্বাভাবিকের চেয়ে অর্ধেক সময়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়িত হয়েছে। বিশ্বের কোথাও এত কম সময় এই মানের কোনো প্রকল্পের এত অগ্রগতি হয়নি। আগামী বছরের মাঝামাঝি এ বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন শুরু হবে। এটি চালু হলে জিডিপিতে ২ শতাংশ অবদান রাখবে। এ প্রকল্প থেকে দেশের উত্তরাঞ্চলের জনগণ উপকৃত হবে।

তিনি আরো বলেন, নিউক্লিয়ার জ্বালানি প্রকল্প এলাকায় আসার পরই এ বিদ্যুৎকেন্দ্র পারমাণবিক স্থাপনা হিসেবে স্বীকৃতি পেয়েছে। পারমাণবিক জ্বালানি আমদানি ও সুরক্ষা করতে সব শর্ত মানা হয়েছে। সব আন্তর্জাতিক সংস্থার পর্যবেক্ষণ রয়েছে। ইউরেনিয়াম কমিশনিংয়ের সঙ্গে সঙ্গে এ প্রকল্প পারমাণবিক রূপ পাবে।