স্টাফ রিপোর্টার।।
নিজ দলের শীর্ষ দুই নেতাকে নিয়ে কঠোর সমালোচনা করে ফেসবুক স্ট্যাটাস দিয়ে দীর্ঘদিন পর্দার আড়ালে থাকা বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও খুলনা মহানগর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি সাহারুজ্জামান মোর্ত্তজা ফের আলোচনায়। তার স্ট্যাটাস নিয়ে নানা আলোচনা চলছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
দলীয় কোন কর্মকান্ডে অংশগ্রহন না করে দলের দায়িত্বশীল পদে থেকে মহানগর বিএনপির আহবায়ক কমিটি নিয়ে বিষোদগার করার কারনে ক্ষেপেছেন বর্তমান কমিটির রাজপথের পরীক্ষিত নেতারা। তাদেরই একজন মহানগর যুগ্ম আহবায়ক ও সাবেক মহানগর ছাত্রদলের সভাপতি মাসুদ পারভেজ বাবু। গা বাঁচিয়ে চলা অতীতে বিএনপি ক্ষমতায় থাকাকালিন সুবিধাভোগী মোর্ত্তজার স্ট্যাটাস নিয়ে ফেসবুকে পাল্টা স্ট্যাটাসে বাবু লিখেছেন-

“গত ২৮শে অক্টোবর ঢাকার মহাসমাবেশের পর থেকে, সমস্ত বাংলাদেশের অন্যান্য অঞ্চলের মতন খুলনা মহানগর ও জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ঘরবাড়ি ছাড়া, মহাসচিব সহ পঁচিশ হাযারের এর উপরের নেতাকর্মী কারা আন্তরিন, খুলনা মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনা সদস্য সচিব, শফিকুল আলম তুহিন খুলনা মহানগরীর পাঁচটি থানারই একাধিক মামলায় আসামি,ইতিমধ্যে ইনাদের একজনের বাড়ি আওয়ামী সন্ত্রাসী ও পুলিশের যৌথ হামলা অন্যজনের বাড়িতে সন্ত্রাসী কর্তৃক বোমা হামলা হয়েছে,অনুরূপ ঘটনা ঘটেছে থানা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বাড়িতে, দুর্ব্যবহার করা হয়েছে পরিবার বর্গের সাথে সকল প্রকার বাধা-বিপত্তি,পুলিশের তাণ্ডব গ্রেফতারের আতঙ্ককে পাশ কাটিয়েই বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ধারাবাহিকভাবে কর্মসূচি পালন করে যাচ্ছেন, ঘোষিত প্রতিটি কর্মসূচি পালন করার পূর্বে প্রিয় অভিভাবক বিএনপির কেন্দ্রীয় নেতা রকিবুল ইসলাম বকুল,মহানগর বিএনপি’র শফিকুল আলম মনা এবং শফিকুল আলম তুহিন অন্যান্য যুগ্ম আহবায়ক এবং অঙ্গ সহযোগী সংগঠনের প্রধান এবং থানা বিএনপির নেতৃবৃন্দের সাথে নিয়মিত বসছেন এবং কর্ম পরিকল্পনা নির্ধারণ করছেন, বিরূপ পরিবেশে সমগ্র খুলনা বিভাগের একমাত্র খুলনা শহরেই হাজার হাজার লোকের মিছিল হয়েছে, বিভিন্ন মিছিল থেকে ২৭ জনের উপর নেতা কর্মী গ্রেফতার হয়েছে,পুলিশি বাধা ও ধরপাকড়ের কারণে একাধিকবার জায়গা পরিবর্তন করে মিছিল করতে হয়েছে,একটি মিছিল একাধিক ভাগ হয়েছে তারপরও নাছোড়বান্দা নেতা কর্মীরা কর্মসূচি পালন করেই তবে রাজপথ ছেড়েছে। কর্মীর দৃঢ় মনোবল সিনিয়র নেতাদের সময় উপযোগী কৌশল নির্ধারণ ও গ্রেপ্তার হওয়ার সাথে সাথে যা কিছু প্রয়োজনীয় সেই পদক্ষেপ গ্রহণ খুলনা বিএনপি একটি শক্তিশালী রাজনৈতিক সংগঠন হিসেবে গড়ে উঠেছে বলে মানুষ মনে করে বিএনপি অফিসের সামনের রাস্তার দুই পাশে কাঁটাতারের ভিতর “সরকার ফেলাই “দেয়া খুলনা বিএনপি তার রূপ পরিবর্তন করে রাজপথে নেমে এসেছে এটাই মনে হয় আমাদের খুলনায় অবস্থানরত কোন কেন্দ্রীয় নেতার গাত্র দহের কারণ হয়ে উঠেছে, তিনি নেতৃবৃন্দেের নামে চটি বইয়ের ভাষায় চরিত্র হনন এবং মিথ্যা অভিযোগ করে দলের দুর্দিনে সামাজিক মাধ্যমে বিএনপিকে হেয় ও কর্মীর মনোবল ভাঙার চেষ্টা করছেন। বড় ভাই বলেছেন থাকেন শহীদ জিয়ার আদর্শ থেকে বিএনপি সরে গেছে,শহিদ জিয়া নিজের হাতে কোদাল চালিয়ে মাটি কেটেছেন,হাজার হাজার মাইল হেঁটে বেরিয়েছেন, তিনি রাষ্ট্রপতি ছিলেন তিনি হুকুম দিলেই পারতেন ডিসি এসপিরা হাজার হাজার মাইল হাটতো আর লেবাররা মাটি কেটে দিতো,তিনি নিজের হাতে কাজ করে বুঝিয়েছেন কোন কাজ ছোট নয় এবং দেহ ও মনকে এক সুতায় এনে গুরুত্ব দিয়েই কর্মসূচি সম্পন্ন করতে হবে,শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের ফাস্ট সিটিজেন ছিলেন, তিনি উপদেশ বা নির্দেশ দিয়েই ক্ষ্যান্ত থাকতে পারতেন তিনিতো তা করেন নাই।

মহানগর বিএনপি শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবসে গল্লামারি বধ্যভূমিতে মাল্যদান দলীয় কার্যালয়ে আলোচনা অনুষ্ঠান করেছে সেই খালিশপুর থেকে ৭০ছুয়ে যাওয়া স ম আব্দুর রহমান,রুপসার মোড় থেকে সৈয়াদা রেহেনা ঈসা”রা এসে নেতৃত্ব দিয়েছেন,অন্যান্য সংগঠনের নেতা কর্মীদের সাথে মহিলা দলের নেতাকর্মীরাও বধ্যভূমির শহীদ বেদিতে মিছিল নিয়ে উপস্থিত হয়েছে আপনি কোথায় ছিলেন ভাই ? আইনজীবী সমিতির সামনে আন্তর্জাতিক মানবাধিকার দিবসের মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে আপনি ছিলেন সেখানে?এক মাসের অধিক সময় ধরে চলা অন্যান্য কঠোর কর্মসূচির কথা বাদই দিলাম, উপরের ৩টি প্রোগ্রাম’ই ছিল পুলিশের হামলা বা ধরপাকড়ের আশঙ্কামুক্ত আর নিরীহ গো বেচারা টাইপেরই ছিল ,বিএনপি অফিস আর আইনজীবী সমিতি দুটি অনুষ্ঠানের’ই ভেন্যু কোন টা আপনার বাড়ির পাশ থেকে ৫০০ হতে ৭০০ গজের বেশি নয় আপনি যাননি কেন ভাই ! কি এক ‘তেরেসমাতি’র কারণে বছর খানিক হলো আপনার নামে কোন মামলা হচ্ছে না কোন প্রশাসনিক চাপও নেই,ওয়ার্ড ও ইউনিয়নে বাস করা বিএনপির সমর্থকরা পর্যন্ত যেখানে ঘর ছাড়া, ঠিকানা বিহীন,মামলা হামলায় জর্জরিত সেখানে আপনারা দিব্যি স্বাভাবিক জীবন যাপন করছেন, রাষ্ট্রীয় কালো থাবা আপনাদের জীবনযাত্রায় কোন প্রভাব ফেলেনি, আপনি বলেছেন বিএনপি ৬০০ কর্মী জেলখানায় এবং তাদের প্রতি বিএনপির কোন নজরদারি নাই, সত্যিই কি বিএনপির ৬০০ নেতাকর্মী জেলখানায় ?তাদের জেলখানায় পিসি বা পরিবারের কাছে মহানগর বিএনপির ব্যবস্থাপনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কোন মানবিক সাহায্য যায় নাই এটা কি আপনি নিশ্চিত ?

একজন কেন্দ্রীয় নেতা যদি সে তার ওজন ও পদমর্যাদা বোঝে তাহলে সে অবশ্যই গ্রেফতারের সঠিক সংখ্যাটি এবং জেলখানায় আটক নেতা কর্মীদের পরিবারের কাছে পৌঁছানো মানবিক সহায়তার বিষয়বস্তু ভালোভাবে জেনেই তার পর কথা বলবে এবং অবশ্যই সেটা নির্দিষ্ট ফোরামে, আবেগ তাড়িত পোলাপাইনের মতন ফেসবুক এ না। ভাইরাল হওয়ার বিভিন্ন পদ্ধতি মানুষ অবলম্বন করে, মিথ্যাচার চরিত্র হনন করে আপনার আলোচনা আসার দরকার কি ? আপনারা কেন্দ্রীয় নেতা কর্মসূচিতে থাকলে আসলে এমনি এমনি ভাইরাল হবেন…আপনাদের মতন সিনিয়র নেতার মুখে মানুষ পরিশালিত ও গঠনমূলক বক্তব্য আসা করে আয়নার সামনে দাঁড়িয়ে অন্তত নিজেকে একবার প্রশ্ন কইরেন একবারের জন্যও কি জেল গেটে গিয়ে কর্মীর খোঁজ নিয়েছেন ? কত বছর আগে সর্বশেষ কর্মসূচি পালন করেছেন ? আন্দোলনের সংগ্রামে রাজপথে থাকা কর্মীদের সাথে একজন কেন্দ্রীয় নেতা হিসাবে আপনার কন্ট্রিবিউশন টা কি ? আপনার বাড়ির ২০০ গজ এর ভিতরে যুব দলের কেন্দ্রীয় নেতা ও মহানগরের সাধারণ সম্পাদক নাজমুল হুদা চৌধুরী সাগরের বাড়ি দুইবার পুলিশ হানা দিল একবারও কি গেছেন তার বাড়িতে খোঁজ নিতে ? একজন সক্রিয় কর্মী হিসেবে আপনাকে বলছি নিজেকে প্রশ্ন করুন আপনি নিজে কি করেছেন ? কি করছেন ? দলের কর্মীর মনোবোল ভাঙ্গা এবং ঈর্ষান্বিত মানসিকতা নিয়ে দলের সিনিয়র নেতৃবৃন্দের নামে মিথ্যা অপবাদ এবং অযাচিত আক্রমণ নেতারা ভুলে গেলেও এবং ক্ষমা করলে ও কর্মীরা ভুলবে না।”











































