খবর বিজ্ঞপ্তি।।
খুলনা বিশ্ববিদ্যালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ)’র আওতায় আবশ্যকীয় কৌশলগত উদ্দেশ্যসমূহের বিভিন্ন কর্মপরিকল্পনার অংশ হিসেবে শুদ্ধাচার সংক্রান্ত এক মতবিনিময় সভা আজ ২১ ডিসেম্বর (বৃহস্পতিবার) আচার্য জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন।
তিনি বলেন, নিজের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করাই হলো শুদ্ধাচার। প্রতিটি কাজে স্বচ্ছতা বিরাজমান করতে বাংলাদেশ সরকার ২০১২ সালে জাতীয় শুদ্ধাচার কৌশল প্রণয়ন করেছে। দক্ষ ও দেশপ্রেমিক জনশক্তি করতে এবং একটি প্রতিষ্ঠানকে সামনে এগিয়ে নিতে প্রতিটি ক্ষেত্রে শুদ্ধাচার প্রয়োজন। অন্যায্য সুবিধা নেওয়ার ইচ্ছা পরিহার করতে শুদ্ধাচারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, শুদ্ধাচার শুধুমাত্র একজন ব্যক্তির ওপর নির্ভর করে না। এটি নির্ভর করে পুরো সিস্টেমের ওপর। একটি প্রতিষ্ঠানের জন্য কাজ করাই হলো দেশের জন্য কাজ করা। প্রতিষ্ঠানে শুদ্ধাচার বাস্তবায়ন হলে সামগ্রিকভাবে দেশেও শুদ্ধাচার বাস্তবায়ন হবে।
উপাচার্য বলেন, শুদ্ধাচার বাস্তবায়নে আইনের শাসন প্রতিষ্ঠা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। মানুষকে সুশৃঙ্খল ও সমাজবদ্ধ রাখতে আইনের শাসন প্রতিষ্ঠা জরুরি। একজন কর্মী যখন নিজের যোগ্যতা ও কাজের মূল্যায়ন না পান তখন তার ওপর নেমে আসে হতাশা। এক্ষেত্রে খুলনা বিশ্ববিদ্যালয় এখন একটি দৃষ্টান্তমূলক উদাহরণ। এখানে কর্মরত সকলেই এখন উদ্যোগী হয়ে নির্ভয়ে কাজ করতে পারছেন, সেই পরিবেশ তৈরি হয়েছে। এখানকার পরিবেশগত পরিবর্তন নিয়ে অন্য বিশ্ববিদ্যালয়গুলো খুলনা বিশ্ববিদ্যালয়কে মডেল হিসেবে দেখছে।
তিনি বলেন, খুবই অল্প সময়ের মধ্যে খুলনা বিশ্ববিদ্যালয় ঘুরে দাঁড়িয়েছে। ইউজিসির এপিএ মূল্যায়নে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৪র্থ অবস্থানে রয়েছে খুলনা বিশ্ববিদ্যালয়। এটি সম্মিলিত কর্মদক্ষতার প্রমাণ। তিনি আরও বলেন, একটি প্রতিষ্ঠানের সকলের কর্মদক্ষতা এক নয়, এটি আমরা উপলব্ধি করি। যার কারণে বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির মাধ্যমে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত প্রশিক্ষণের আওতায় আনা হচ্ছে। এতে তাদের দক্ষতা আরও বৃদ্ধি পাচ্ছে। উপাচার্য সেই কর্মদক্ষতা দিয়ে এ বিশ্ববিদ্যালয়কে সামনে এগিয়ে নিয়ে নেওয়ার মানসিকতা তৈরি করে নিজের কাজ যথাযথভাবে সম্পাদন করতে সকলের প্রতি আহ্বান জানান।
মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা ও ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী। সভাপতিত্ব করেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ও শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা কমিটির ফোকাল পয়েন্ট প্রফেসর খান গোলাম কুদ্দুস। স্বাগত বক্তব্য রাখেন প্রশাসন শাখার প্রধান উপ-রেজিস্ট্রার দীপক চন্দ্র মন্ডল। অনুষ্ঠান সঞ্চালনা করেন সেকশন অফিসার সোনিয়া আক্তার।
এসময় আইসিটি সেলের পরিচালক প্রফেসর ড. কাজী মাসুদুল আলম, অর্থ ও হিসাব বিভাগের পরিচালক শেখ মুজিবুর রহমান, অধিকতর অবকাঠামো উন্নয়ন (১ম সংশোধিত) শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. হাসানুজ্জামান, প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) এস এম মনিরুজ্জামান, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক (চলতি দায়িত্ব) মো. খায়রুল বাসার ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানের পর টেকনিক্যাল সেশনে রিসোর্স পারসন হিসেবে জাতীয় শুদ্ধাচার কৌশলের বিভিন্ন দিক তুলে ধরেন অর্থনীতি ডিসিপ্লিনের প্রফেসর ড. শাহনেওয়াজ নাজিমুদ্দিন আহমেদ, এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. ইয়ামিন কবীর ও শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা কমিটির বিকল্প ফোকাল পয়েন্ট উপ-রেজিস্ট্রার এস এম আবু নাসের ফারুক। মতবিনিময় সভায় সকল ডিন অফিস, ডিসিপ্লিন, হল, দপ্তর, বিভাগ, শাখা থেকে একজন করে ৩য় শ্রেণির কর্মচারী অংশগ্রহণ করেন। এসময় এপিএ, সিটিজেন চার্টার, ই-গভর্ন্যান্স, তথ্য অধিকার, জিআরএস কমিটির সংশ্লিষ্ট ফোকাল পয়েন্ট ও বিকল্প ফোকাল পয়েন্টবৃন্দ উপস্থিত ছিলেন।
খুবির এসডব্লিউই ডিসিপ্লিন প্রধান প্রফেসর সানাউল
ইসলামের মায়ের মৃত্যুতে উপাচার্যের গভীর শোক
খুলনা বিশ্ববিদ্যালয়ের সয়েল ওয়াটার এন্ড এনভায়রনমেন্ট (এসডব্লিউই) ডিসিপ্লিন প্রধান প্রফেসর মো. সানাউল ইসলামের মাতা নূরজাহান বেগম আজ বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) আনুমানিক ভোর ৬.১০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি … রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। তিনি ৭ পুত্র ও ২ কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। আগামীকাল শুক্রবার দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ভাবজি গ্রামে নামাজে জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন সয়েল ওয়াটার এন্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিন প্রধান প্রফেসর মো. সানাউল ইসলামের মাতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় তিনি মরহুমার রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
অনুরূপভাবে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী, জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. আবুল কালাম আজাদ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ শোক প্রকাশ করেছেন।
এছাড়া খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির পক্ষ থেকে সভাপতি প্রফেসর ড. এস এম ফিরোজ ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. লস্কর এরশাদ আলীসহ অন্যান্য সদস্যবৃন্দ শোক প্রকাশ করেছেন।
খুবির নিজস্ব বিদ্যুৎ উপকেন্দ্র উদ্বোধন
খুলনা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বিদ্যুৎ উপকেন্দ্র উদ্বোধন করেছেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। আজ ২১ ডিসেম্বর (বৃহস্পতিবার) দুপুর ১২টায় নামফলক উন্মোচনের মাধ্যমে তিনি এ বিদ্যুৎ উপকেন্দ্র উদ্বোধন করেন। এ বিদ্যুৎ উপকেন্দ্রটি খুলনা বিশ্ববিদ্যালয়ের অধিকতর অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্পের (১ম সংশোধিত) আওতায় নির্মিত।
উদ্বোধনকালে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, বিদ্যুৎ উপকেন্দ্রের নকশা প্রণয়নকারী ও স্থাপত্য ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. শেখ সিরাজুল হাকিম, অধিকতর অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্পের (১ম সংশোধিত) প্রকল্প পরিচালক ড. মো. হাসানুজ্জামান, প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) এস এম মনিরুজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। পরে বিদ্যুৎ উপকেন্দ্র উদ্বোধন উপলক্ষ্যে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতি আব্দুল কুদ্দুস।
উদ্বোধনের পূর্বে নবনির্মিত এ বিদ্যুৎ উপকেন্দ্রটি ঘুরে দেখেন উপাচার্য। এসময় বিদ্যুৎ কেন্দ্র সম্পর্কে বিভিন্ন তথ্য তুলে ধরেন প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) এস এম মনিরুজ্জামান, নির্বাহী প্রকৌশলী (সিভিল) সেখ মো. সাইফুল আলম বাদশা, উপ-সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) মো. আল মামুন জনি।











































