স্পোর্টস ডেস্ক
প্রথমবারের মত বড় কোন আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টের আয়োজক হিসেবে নিজেদের প্রমাণের বড় একটি সুযোগ সৌদি আরবের সামনে। মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ এই দেশে কাল থেকে শুরু হয়েছে ফিফা ক্লাব বিশ্বকাপ।
ইউরোপীয়ান চ্যাম্পিয়ন হিসেবে ম্যানচেস্টার সিটি জেদ্দায় এসে পৌঁছেছে। গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ, প্রিমিয়ার লিগ ও এফএ কাপ জয়ের মাধ্যমে ট্রেবল জয়ী সিটির কোচ পেপ গার্দিওলা এখন সিটির হয়ে বাকি থাকা এই একটি টুর্নামেন্টেরও শিরোপা জয়ের মাধ্যমে শতভাগ সাফল্য চান।
সৌদি আরবের জেদ্দা শহরের কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি মাঠে টুর্নামেন্টের সাতটি ম্যাচ অনুষ্ঠিত হবে। বার্সেলোনা ও বায়ার্নের কোচ থাকাকালে এরই মধ্যে তিনবার এই শিরোপা জয় করা সিটি বস গার্দিওলা বলেন, ‘আমরা মাত্র একটি শিরোপা থেকে দুরে রয়েছি। এছাড়া সম্ভাব্য সব শিরোপাই সিটির জেতা হয়ে গেছে। আমরা সেখানে গিয়ে প্রস্তুতি শুরু করবো। কারন এটা আমাদের জন্য অনেক বড় একটি স্বপ্ন।’
প্রিমিয়ার লিগে সম্প্রতি চার ম্যাচে জয়বিহীন সিটি ক্লাব বিশ্বকাপের শক্তিশালী ফেবারিট হিসেবে মাঠে নামতে যাচ্ছে। ২০১২ সালে কোরিন্থিয়াসের কাছে চেলসি পরাজিত হবার পর এখনো পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগ বিজয়ীরা ক্লাব বিশ্বকাপের শিরোপা জিতেছে। আগামী ২৩ ডিসেম্বর ফাইনালে কে জিতবে তা সময়ই বলে দিবে। তবে ট্রফিতে যে নতুন এক বিজয়ীর নাম উঠবে তা নিশ্চিত।








































