Home খেলাধুলা ‘আমরা অবশ্যই এই ধাক্কা সামলে নেব’

‘আমরা অবশ্যই এই ধাক্কা সামলে নেব’

39

স্পোর্টস ডেস্ক

শেষ হওয়ার পরও সমাপ্তির লাগাম টেনে ধরা গেল না। ত্রয়োদশ ওয়ানডে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৬ উইকেটে হেরেছে স্বাগতিক ভারত। বিশ্বকাপের মূল আয়োজন শেষ হলেও রেশ যেন এখনো থামেনি। আর সেকারণেই বিশ্বকাপকে ঘিরে একের পর এক খবর উঠে আসছে গণমাধ্যমের পাতায়।

আহমেদাবাদে অস্ট্রেলিয়ার কাছে শিরোপা খুইয়ে ড্রেসিংরুমে কান্নায় ভেঙে পড়েন একাধিক ভারতীয় ক্রিকেটার। বাকিরা মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। তাদের উৎসাহ দিতেই ড্রেসিংরুমে উপস্থিত হয়েছিলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপর সবার সঙ্গে দেখা করেন তিনি।

এদিকে ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে দলের বড় ভরসার জায়গা ছিলেন মোহাম্মদ শামি। বিশেষ করে দল অস্ট্রেলিয়ার বিপক্ষে ২৪০ রানে অলআউট হয়ে যাওয়ায়। শামিও দায়িত্ব কাঁধে নিয়ে শুরুতে দলকে ব্রেক থ্রু এনে দেন। তবে পরে আর উইকেট পাননি।

ম্যাচ শেষে ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, সকালে তার মা আঞ্জুম আরা অসুস্থ হয়ে পড়েন। তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। অসুস্থ মায়ের চিন্তা মাথায় নিয়েই বিশ্বকাপের ফাইনাল খেলেছেন আসরের সর্বোচ্চ ২৪ উইকেট নেয়া এই পেসার।

অথচ কথা ছিল শামির মা-বাবাসহ পুরো পরিবার আহমেদাবাদে ছেলের বিশ্বকাপ ফাইনাল দেখতে আসবেন। কিন্তু তার মা অসুস্থ হয়ে পড়ায় বাবা-মা গ্যালারিতে ছেলেকে উৎসাহ দিতে আসরে পারেননি। কেবল তার বড় ভাই হাসিব ও স্ত্রী-সন্তান উপস্থিত ছিলেন গ্যালারিতে।

ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৬ উইকেটে হারের পর ভারতের ক্রিকেটাররা মানসিকভাবে খারাপ অবস্থায় ছিলেন। শামির অবস্থা আরো নাজুক হওয়ার কথা। তবে ড্রেসিংরুমে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এসে তাদের স্বান্তনা দেন। শামিকে জড়িয়ে ধরেন মোদি। এছাড়া অন্য ক্রিকেটারদের ঘুরে দাঁড়ানোর বার্তা দেন।

ম্যাচ শেষে শামি টুইট করেছেন, ‘দূভাগ্যবশত, গতকাল দিনটা আমাদের ছিল না। আমি ভারতের সকল ভক্তদের ধন্যবাদ দেব, আসরজুড়ে তারা আমাদের সমর্থন দিয়ে গেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে বিশেষভাবে কৃতজ্ঞ, তিনি আমাদের ড্রেসিংরুমে এসে আমাদের উজ্জীবিত করেছেন। আমরা অবশ্যই এই ধাক্কা সামলে নেব।’