Home জাতীয় পিপি অসুস্থ, মির্জা ফখরুলের জামিন শুনানি হয়নি

পিপি অসুস্থ, মির্জা ফখরুলের জামিন শুনানি হয়নি

46

ঢাকা অফিস
প্রধান বিচারপতির বাসভবনে হামলার মামলায় কারাবন্দি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন শুনানি হয়নি। শুনানির জন্য আগামী বুধবার নতুন তারিখ ধার্য করেছেন আদালত।

মহানগর পিপি আবদুল্লাহ আবু অসুস্থ জানিয়ে সময় চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ফয়সল আতিক বিন কাদের সোমবার এ আদেশ দেন।

এ সময় মির্জা ফখরুলের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জয়নুল আবেদীনসহ অর্ধশতাধিক আইনজীবী।

রাষ্ট্রপক্ষ জামিন শুনানির জন্য সময় চাইলে এ সপ্তাহের মধ্যে নতুন তারিখ দিয়ে প্রকাশ্যে ঘোষণার অনুরোধ করেন মির্জা ফখরুলের আইনজীবীরা।

এ সময় বিচারক পরে তারিখ নির্ধারণ করতে চাইলে আসামিপক্ষের আইনজীবীরা তাতে আপত্তি জানান। এরপর আদালত তারিখ না দিয়েই অন্য মামলা শুনানি করতে চাইলে এজলাসে হট্টগোল শুরু হয়। প্রকাশ্যে তারিখ ঘোষণা ছাড়া এজলাস ছাড়তে অস্বীকৃতি জানান আসামিপক্ষের আইনজীবীরা।

এতে এজলাস কক্ষে কিছুটা অচলাবস্থা তৈরি হয়। পরে ১০ মিনিটের জন্য শুনানি মুলতবি করে খাস কামরায় চলে যান বিচারক, ফিরে এসে ২২ নভেম্বর নতুন তারিখ ঘোষণা করেন।

গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ চলাকালে রাজধানীর কাকরাইলে প্রধান বিচারপতির বাসভবনে হামলা ও ভাঙচুরের অভিযোগে রমনা থানায় মামলা হয়। পরদিন সকালে ওই মামলায় মির্জা ফখরুলকে গুলশানের বাসা থেকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। পরে আদালতে হাজির করা হলে জামিন নামঞ্জুর করে মির্জা ফখরুলকে কারাগারে পাঠানো হয়।

২ নভেম্বর ঢাকার মহানগর দায়রা জজ আদালতে মির্জা ফখরুলের পক্ষে জামিন আবেদন করেন তার আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ। ওইদিন আদালত শুনানির জন্য ২০ নভেম্বর দিন ধার্য করেছিলেন।