Home আঞ্চলিক বটিয়াঘাটায় গণধর্ষণ: মামলার ২ আসামি নোয়াখালীতে গ্রেফতার

বটিয়াঘাটায় গণধর্ষণ: মামলার ২ আসামি নোয়াখালীতে গ্রেফতার

59

স্টাফ রিপোর্টার
খুলনার বটিয়াঘাটা এলাকায় গণধর্ষণ মামলার মূল আসামি নাজমুল গোলদারকে নোয়াখালীর চরজব্বার এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব-৬ এর একটি টিম। পাশাপাশি মামলার অপর আসামি রাসেল শেখকে খুলনার ডুমুরিয়া এলাকা থেকে রোববার গ্রেফতার করা হয়। র্যাব-৬ জানায়, আসামি নাজমুল গোলদারের সঙ্গে বটিয়াঘাটার এলাকার ভিকটিমের প্রেমের সম্পর্ক ছিল।

গত ২৩ অক্টোবর ভিকটিমকে কনসার্টে নিয়ে যাওয়ার কথা বলে রাতে নাজমুল গোলদার পূর্বপরিকল্পনা মোতাবেক কৌশলে বটিয়াঘাটা উপজেলার ভগবতীপুর গ্রামস্থ কেঁচুরাবাদ স্লুইসগেটের পাশে তার নিজ ঘেরের পাশে ভদ্রা নদীর চরে নিয়ে যান। যেখানে পূর্ব থেকেই নাজমুল গোলদার তার অন্য বন্ধুদের নিয়ে আসেন। পরবর্তীতে ভিকটিমকে গণধর্ষণ করে নাজমুল গোলদার, রাসেল শেখ, মৃত্যুঞ্জয় সরকার, রুবেল শেখ, জুয়েল সরদার ও আশিক। ধর্ষণের পর বিষয়টি কাউকে না জানানোর জন্য আসামিরা ভিকটিমকে বিভিন্ন ভয়ভীতি দেখালেও পরবর্তীতে ভিকটিম নিজে বাদী হয়ে থানায় জড়িতদের বিরুদ্ধে গণধর্ষণ মামলা করেন।

ঘটনাটি জানতে পেরে র্যাব-৬ (সদর কোম্পানি) খুলনার একটি আভিযানিক দল ছায়াতদন্ত শুরু করে এবং ধর্ষণের সঙ্গে জড়িত আসামিদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা কার্যক্রম ও অভিযান অব্যাহত রাখে। এরই ধারাবাহিকতায় র্যাব-৬ (সদর কোম্পানি) খুলনার একটি চৌকস আভিযানিক দল রোববার গোপন সংবাদ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় নোয়াখালীর চরজব্বার এলাকা থেকে গণধর্ষণের মূলহোতা নাজমুল গোলদারকে গ্রেফতার করে। একই দিন গণধর্ষণের অন্যতম সহযোগী রাসেল শেখকে ডুমুরিয়া এলাকা থেকে গ্রেফতার করা হয়।