
মোংলা-ঘোষিয়াখালী চ্যানেলের ২ কি.মি. ভাঙ্গনে মাত্র ২ শত মিটারে জিও ব্যাগ !
মেহেদী হাসান, রামপাল (বাগেরহাট) থেকে
মোংলা ঘোষিয়াখালী চ্যানেলের রামপাল সরকারি কলেজ থেকে বগুড়া নদীর মোহনা পর্যন্ত ২ কি.মি. নদী ভাঙ্গলেও মাত্র ২ শত মিটার এলাকায় জিও ব্যাগ ফেলে ভাঙ্গন রোধ করা হয়েছে। ওই ৫ শত ফুট এলাকা বাদে বাকী এলাকায় তীব্র ভাঙ্গন অব্যাহত রয়েছে।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বাগেরহাট ও জেলা প্রশাসন বাগেরহাটের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলে সমস্যা সমাধানের জন্য দৃষ্টি আকর্ষণ করা হয়। বিভিন্ন পত্র পত্রিকাসহ ইলেকট্রনিক মিডিয়ায় এ সংক্রান্ত তথ্যবহুল রিপোর্ট আসলেও টনক নড়েছে কি না তা জানা যায়নি।
সোমবার (১২ নভেম্বর) বিকাল ৪ টায় উপজেলার রামপাল সদর ও ওড়াবুনিয়া এলাকায় গিয়ে ভাঙ্গনের তীব্রতা দেখতে পাওয়া যায়। নুরুল্লাহ খোকন নামের এক বাসিন্দা নিজের ভেঙ্গে যাওয়া বিল্ডিংয়ের ইট ও ওয়াল দিয়ে নদীর ভাঙ্গন প্রতিরোধের চেষ্টা করছেন। মোংলা ঘোষিয়াখালী চ্যানেল খননের পর থেকেই রামপাল সরকারি কলেজের সামনে থেকে বগুড়া নদীর মোহনা পর্যন্ত ভাঙ্গন শুরু হয়। গত ৯/১০ বছর ধরে বিপুল পরিমাণ ফসলি জমি নদী গর্ভে বিলিন হয়ে যায়। প্রায় ২৮/৩০ টি বাড়ির পরিবার উদ্বাস্তু হয়ে যায়। অনেকের সামান্য ভিটে বাড়ীর শেষ সম্বল টুকুনও হারিয়ে নিঃশেষ হয়ে গেছে। এমন নিঃস্ব হয়ে পড়েছে কবির কসাই, জহুর শেখ, ইলিয়াস শেখ, বাকিবিল্লাহসহ আরও অনেকে। সরকারিভাবেও এরা কোন সাহায্য বা সহযোগিতা পাননি বলে অভিযোগ করেছেন।
মোংলা ঘোষিয়াখালী চ্যানেল রক্ষা সংগ্রাম কমিটির সদস্য সচিব ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)’র বাগেরহাট জেলা সদস্য এম এ সবুর রানা’র সাথে কথা হলে তিনি জানান, প্রথমতঃ অপরিকল্পিত নদী খননের ফলে নদীর গতিপথ পরিবর্তন হয়েছে। এতে আরও বেশি করে নদী ভাঙ্গনের তীব্রতা বৃদ্ধি পেয়েছে। আমরা প্রথম থেকেই ডিপিপি’র গবেষণা নিয়ে প্রশ্ন তুলেছিলাম। বিআইডব্লিউটিএ ও পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমলে নেয়নি। নদী ভাঙ্গনের বিষয়ে বাগেরহাটের পানি উন্নয়ন বোর্ডর নির্বাহী প্রকৌশলী মো. মাসুম বিল্লাহর দৃষ্টি আকর্ষণ করেছি। উপজেলার মোংলা ঘোষিয়াখালী চ্যানেল, দাউদ খালি নদী, বগুড়া নদীসহ সকল নদীর ভাঙ্গন এলাকার চিত্র তুলে ধরেছি। তিনি আশ্বাস প্রদানের পরে মাত্র ৫ শত ফুট এলাকায় জিও ব্যাগ ফেলা হয়েছে। নদী ভাঙ্গন কবলিতদের দূর্গতি রয়েই গেছে। এমতাবস্থায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত নজর না দিলে এই শীত মৌসুমে ভাঙ্গনের তীব্রতা আরও বাড়বে। এ জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
এলাকার দূর্গতরা ও সচেতন মহল দ্রুত ভাঙ্গন প্রতিরোধে জিও ব্যাগ বা ব্লক ফেলার দাবী জানান।#
সাতক্ষীরা বসন্তপুর নদীবন্দরের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
খান নাজমুল হুসাইন, সাতক্ষীরাঃ
সাতক্ষীরার কালিগঞ্জের বসন্তপুরে নদীবন্দরের ভিত্তিপ্রস্তর স্থাপনের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ ও বিআইডব্লিউটিএ ও নৌপরিবহন মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় সোমবার(১৩ নভেম্বর) খুলনার জনসভা থেকে ভার্চ্যুয়ালী ভিত্তি প্রস্তর স্থাপনের ঘোষণা করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বসন্তপুর নৌবন্দরটি চালু হলে দক্ষিণ অঞ্চলের অর্থনৈতিক অবস্থার ব্যাপক পরিবর্তন ঘটবে। জানা গেছে, রাজা প্রতাপাদিত্য, রাজা বিক্রমাদিত্য, ও রাজা বসন্ত রায়ের স্মৃতি বিজড়িত বাংলাদেশের এপারে বসন্তপুর এবং ভারতের ওপারে পশ্চিমবঙ্গের হিঙ্গলগঞ্জের সাথে ইছামতি নদী, কালিন্দী নদী ও কাকশিয়ালী নদীর ত্রিমোহনায় ৫৮ বছর আগে বসন্তপুরে নদীবন্দর চালু ছিল। ১৯৬৫ সালের দিকে পাক-ভারত যুদ্ধের সময় বসন্তপুর নৌ-বন্দরটি বন্ধ হয়ে যায়। কালিগঞ্জ মহাবিদ্যালয় এর অবসরপ্রাপ্ত অধ্যাপক বিশিষ্ট সাহিত্যিক ও প্রাবান্ধিক গাজী আজিজুর রহমান জানান, ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে কালিগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ ও উপজেলা শিল্পকলা একাডেমী শিল্পী, নাট্য শিল্পী কবি এবং সাহিত্যিকদের অংশগ্রহণ বসন্তপুর রাম জননী ভবনে একটি ভ্রমণ পিকনিক ও বিনোদনের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানে তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক রাসেলকে নদী বন্দর সম্পর্কে বোঝানোর পরে তিনি সংশ্লীষ্ট দপ্তরে আবেদন করেন। এখানে ১৪ বিঘা সরকারি জায়গা পড়ে আছে। সেই জায়গাকে ঘিরে একটি পার্ক অথবা নৌবন্দরটি পুনরায় চালু করা গেলে এলাকার অর্থনৈতিক সমৃদ্ধি ঘটবে। তিনি বিষয়টি আন্তরিকভাবে গ্রহণ করেন এবং তৎকালীন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তফা কামাল মহোদয়কে অবহিত করেন মোস্তফা কামাল মহোদয় বিষয়টি প্রতিবেদন আকারে মাননীয় প্রধানমন্ত্রী দপ্তরে ও বাণিজ্য মন্ত্রণালয় প্রেরণ করেন। বসন্তপুর নদী বন্দরটি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্য দিয়ে ফুলেফলে পরিপূর্ণ হবে। কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী বলেন কালিগঞ্জের বসন্তপুর নৌবন্দর এলাকা দিয়ে ১৯৭১ সালে যুদ্ধের সময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পুত্র শেখ কামাল এই এলাকা দিয়ে ভারতে গিয়েছিলেন। এজন্য বসন্তপুর একটি স্মৃতি বিজড়িত এলাকা। তিনি আরো বলেন আমি উপজেলা চেয়ারম্যান হিসেবে তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক রাসেল ও সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তফা কামাল মহোদয়কে বসন্তপুর নৌবন্দর পুনরায় চালুর বিষয়ে অবহিত করি এবং মিটিং এর মাধ্যমে তুলে ধরি। বসন্তপুর নদীবন্দর ভিত্তি প্রস্তরের স্থাপনের মধ্য দিয়ে এলাকার অর্থনৈতিক মুক্তির এক নতুন যাত্রা যাত্রা শুরু হচ্ছে। এলাকাবাসী খুবই আনন্দিত এবং খুশি এই নদীবন্দরটি চালু হলে এলাকার অর্থনৈতিক সমৃদ্ধি এবং বেকার সমস্যার সমাধানসহ ব্যাপক উন্নয়ন ঘটবে তিনি এলাকাবাসীর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করেন। ২০২২ সালের ২৫ অক্টোবর বসন্তপুর নৌ-বন্দরটি পুনরায় চালুর দাবীর প্রেক্ষিতে সীমানা নির্ধারণ করে একটি গেজেট প্রকাশ করে সংশ্লিষ্ট মন্ত্রনালয় গেজেট আকারে প্রকাশ করে। এতে করে নতুন স্বপ্ন দেখতে শুরু করে কালিগঞ্জসহ সাতক্ষীরা জেলাবাসি। আগামি ১৩ নভেম্বর গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুলনার জনসভা থেকে বসন্তপুর নৌ-বন্দরের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচনের ঘোষণা করবেন । বসন্তপুর নদীবন্দর ভিত্তিপ্রস্তর স্থাপনকে ঘিরে এলাকার মানুষের মধ্যে ব্যাপক আনন্দ উল্লাস লক্ষ্য করা গেছে। এর আগে খুলনা বিআই ডব্লিউআইটি ও কালিগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বসন্তপুর নদী বন্দর ভিত্তি প্রস্তর উদ্বোধনকালে কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোঃ হুমায়ুন কবির, কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আজাহার আলী, বিশিষ্ট সাহিত্যিক অধ্যাপক গাজী আজিজুর রহমান, বন্দর বাস্তবায়ন কমিটির আহবায়ক জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ এজাজ আহমেদ স্বপন, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, সুশীলনের উপ পরিচালক মোস্তফা আক্তারুজ্জামান পল্টু, এ্যাডঃ জাফরুল্লাহ ইব্রাহিম প্রমুখ।
রাষ্ট্রীয় খরচে খুলনার জনসভায় শেখ হাসিনার বক্তৃতায়
জিয়াপরিবার নিয়ে কুৎসা ও উন্নয়নের নামে মিথ্যাচারের তীব্র প্রতিবাদ খুলনা বিএনপির
খবর বিজ্ঞপ্তি
রাষ্ট্রীয় অর্থে ও জনগনের টাকা লুটপাট করে খুলনার জনসভায় নিশিরাতের ভোটডাকাত অবৈধ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের নামে চরম মিথ্যাচার করেছেন বলে অভিযোগ করেছেন খুলনা বিএনপি’র নেতৃবৃন্দ। গণতন্ত্র পুনরুদ্ধারে ভোটারাধিকার ফেরতের মাধ্যমে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ সুষ্ঠু গ্রহনযোগ্য অংশগ্রহনমুলক আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনের জনদাবিকে পাশ কাটিয়ে বক্তৃতার বেশিরভাগ সময়জুড়ে মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তম, বিএনপি চেয়ারপারসন তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান তথা জিয়া পরিবারকে ঘিরে চরম আক্রমনাত্মক ভাষায় মিথ্যাচার করেছে শেখ হাসিনা। গতকাল সোমবার (১৩ নভেম্বর) রাতে গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে জিয়াপরিবার ও উন্নয়নের নামে ঘৃণ্য মিথ্যাচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন খুলনা বিএনপি’র নেতৃবৃন্দ।
বিবৃতিতে বিএনপি নেতারা বলেছেন, নগ্ন সন্ত্রাসী ভাষায় গণতন্ত্র ফিরিয়ে ভোটাধিকার পুনরুদ্ধার যোদ্ধাদের সম্পর্কে অত্যন্ত নিচু ভাষায় তার দলীয় নেতাকর্মীদের সামনে উস্কানিমুলক বক্তব্য দিয়ে দেশকে চরম অস্থিতিশীলতার দিকে ঠেলে দিয়েছে শেখ হাসিনা। আ’লীগের নেতাকর্মীরা পুলিশ পাহারায় অগ্নিসন্ত্রাস করে সেই দায় বিরোধী দল-মতের নেতাকর্মীদের উপর চাপিয়ে গায়েবী মামলা দায়ের করছে। অথচ জনগনের ভোটাধিকার হরণকারী শেখ হাসিনা গণতন্ত্র পুনরুদ্ধারে স্বদেশপ্রেমী যোদ্ধাদের হাত পুড়িয়ে দেবার সন্ত্রাসী হুমকি দিয়ে চরম উস্কানী দিয়েছে। তিনি ভুলে গেছেন, দেশের মানুষ আজ দুইভাগে বিভক্ত; একদিকে লুটেরা আওয়ামী লীগের নেতাকর্মীরা-অন্যদিকে ভোটাধিকার ফিরিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে আন্দোলনরত দেশবাসী। খুলনাবাসী বিএনপি’র আহবানে অবরোধকে সমার্থন দিয়ে দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণে ব্যর্থ লুটপাটের মাফিয়া সরকারকে নিরব লালকার্ড প্রদর্শন করেছে। সে কারণে খুলনার বাইরে থেকেও ভাড়া করে লোক এনে সার্কিট হাউজ ময়দান ভরতে হয়েছে।
খুলনা বিএনপি নেতৃবৃন্দ বলেন, খুলনার রাষ্ট্রায়াত্ব পাটসমূহ ও দাদাম্যাচ ফ্যাক্টরি বন্ধ করে শিল্পনগরী খুলনাকে অন্ধকার যুগে ঠেলে দিয়ে অর্ধলক্ষাধিক শ্রমিক-কর্মকর্তা-কর্মচারীকে বেকার করেছে। ঘরে-ঘরে চাকরি দেবার প্রতিশ্র“তি দিয়ে ঘরেঘরে মামলা দিয়েছে। শেখ হাসিনার প্রতিশ্র“ত ১০ টাকা কেজির চাল এখন সেঞ্চুরির পথে। অতীতের কোনো প্রতিশ্র“তি বাস্তবায়ন করতে না পারার গ্লানী মাথায় নিয়ে খুলনার পবিত্র মাটিতে আজ আবার মিথ্যার ফুলঝুরি ছড়িয়েছে শেখ হাসিনা।
খুলনাবাসী জানেন, ১৯৯৬ সালের ১ ফেব্র“য়ারি তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বাগেরহাট রামপালের ফয়লায় পীর খানজাহান আলী (রহঃ) বিমান বন্দরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। ১৯৯১ সালের ২৫ নভেম্বর প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া খুলনা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রমের উদ্বোধন করেন। খুলনা ইঞ্জিনিয়ারিং কলেজকে ২০০৩ সালে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করে বিএনপি সরকার। ১৯৯৪ সালের ৩০ ডিসেম্বর ভিত্তিপ্রস্তর এবং ২০০৫ সালের ২১ মে রূপসা নদীর উপরে খানজাহান আলী (রহঃ) সেতুর উদ্বোধন করেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। শহীদ জিয়া মহাবিদ্যালয়, খুলনা গার্হস্থ্য ও অর্থনীতি কলেজ প্রতিষ্ঠা, সবুরননেছা মহিলা কলেজ, খুলনা কলেজিয়েট গালস্র্ স্কুল এন্ড কলেজ এবং ইসলামাবাদ কলেজিয়েট স্কুল প্রতিষ্ঠা, খুলনার শিববাড়ী মোড়ে দৃষ্টি নন্দন জিয়া হল ও বিশাল আকৃতির বায়তুন নূর জামে মসজিদ কমপ্লেক্স ও সুদৃশ্য নগর ভবন নির্মাণসহ খুলনার অসংখ্য অবকাঠামোগত উন্নয়ন বিএনপি নেতৃত্বাধীন বেগম খালেদার সরকারই করেছিলেন। বাংলাদেশ ক্রীড়া প্রশিক্ষণ প্রতিষ্ঠান খুলনাতে স্থাপন করে বিএনপি। ১৯৭৯ সালের শিরোমনি শিল্প এলাকায় স্থাপন হয় বিএনপি সরকারের আমলেই।
পক্ষান্তরে ভোটডাকাতির মাধ্যমে দিনের ভোট রাতে করে সারাদেশের ন্যায় খুলনাবাসীকেও ভোটাধিকার বঞ্চিত করেছে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ। জনগনের ভোটাধিকার লুণ্ঠন করেই ক্ষ্যান্ত হয়নি লুটেরা আওয়ামী লীগ; খুলনার রাষ্ট্রায়ত্ব পাটকল, দাদা ম্যাচ ফ্যাক্টরি বন্ধ করে লাখো শ্রমিককে পথে বসিয়ে দিয়েছে শেখ হাসিনার সরকার। খুলনা তথা দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কোটি কোটি মানুষের সাথে প্রতারণা করে খুলনা বিমান বন্দর এবং পাইপ লাইনে গ্যাস সরবরাহ প্রকল্প দু’টি বাতিল করেছে আওয়ামী সরকার। উপকূলে বেঁড়িবাঁধ সংস্কারের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে লুটেরা সরকারের এমপি-মন্ত্রীরা।
বিএনপি নেতৃবৃন্দ আরও বলেছেন, খুলনা তথা দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ খুব ভালো করেই জানেন- দেশ ও জনগনের উন্নয়নে বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকারের অবদান। অন্যদিকে, আওয়ামী সিন্ডিকেটের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা লুফে নেয়ায় নিত্যপ্রয়োজনীয় পন্য-দ্রব্যের সীমাহীন অগ্নিমুল্য, বিদ্যুৎ-তেল-গ্যাস, ব্যাংক-বীমা ও উন্নয়নের মেগা প্রকল্প দেখিয়ে সিরিজ লুটপাটে সিদ্ধহস্ত শেখ হাসিনা সরকার। সে কারণেই অবাধ সুষ্ঠু ও গ্রহনযোগ্য নিরপেক্ষ নির্বাচন হলে খুলনা সিটি ও সংসদীয় আসনগুলোতে জনগনের প্রত্যক্ষ ভোটে বিএনপি মনোনীত প্রার্থীরাই বিজয়ী হয়েছে। সৎ সাহস থাকলে পদত্যাগের পর বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসা নিশ্চিত করে আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচন নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে দিয়ে শেখ হাসিনাকে জনপ্রিয়তা যাচাইয়ের উদাত্ত আহবান জানিয়েছেন খুলনা বিএনপি’র নেতৃবৃন্দ।
বিবৃতিদাতারা হলেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, খুলনা মহানগর বিএনপি’র আহবায়ক এ্যাড. শফিকুল আলম মনা, জেলা বিএনপি’র ভারপ্রাপ্ত আহবায়ক শেখ আবু হোসেন বাবু, নগর বিএনপি’র সদস্য সচিব শফিকুল আলম তুহিন ও জেলা বিএনপি’র সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পী প্রমুখ। আওয়ামী সরকারের পদত্যাগ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন এবং বেগম খালেদা জিয়া ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সকল রাজবন্দীর নিঃশর্ত মুক্তির একদফা দাবি জানিয়েছেন নেতৃবৃন্দ।।
চুয়াডাঙ্গা জেলা পুলিশের আয়োজনে গ্রাম পুলিশ সমাবেশ
মাহমুদ হাসান রনি,দামুড়হুদা(চুয়াডাঙ্গা) প্রতিনিধি
চুয়াডাঙ্গা জেলা পুলিশের উদ্যোগে জেলার সকল থানা এলাকার গ্রাম পুলিশের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১ টায় চুয়াডাঙ্গা পুলিশ লাইন্স ড্রীলশেডে অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন।সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: রিয়াজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ রিয়াজুল ইসলাম,সহকারী পুলিশ সুপার(দামুড়হুদা- জীবননগর) জাকিয়া সুলতানা, এনএসআই’র উপপরিচালক ইয়াছিন সোহায়ল,ডিএসবির ডিআইও-১,ইনচার্জ আবু জিহাদ ফকরুল আলম খান। উক্ত সমাবেশে গ্রাম পুলিশ সদস্যদের সাথে বিভিন্ন বিষয়ে মতবিনিময় ও সুবিধা-অসুবিধার বিষয়ে উন্মুক্ত আলাপ আলোচনা হয়।
বুধহাটার কবির মার্কেটে অষ্টম শ্রেণীর ছাত্রীর সাথে যুবক আটক
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলার বুধহাটায় আপত্তিকর অবস্থায় স্কুল ছাত্রী আটকের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার সকাল ৯ টায় বুধহাটা কবির মার্কেটে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীসূত্রে জানা যায়, সোমবার সকাল ৯ টায় কবির মার্কেটের দ্বিতীয় তলায় বুধহাটা ভূবন মোহন কলেজিয়েট স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রী ও স্থানীয় রফির ছেলে হাবিবুল্লাহ প্রেমের অবৈধ সম্পর্কে গড়ে তোলে। একপর্যায়ে হাবিবুল্লাহর স্ত্রী ও শ্বাশুড়ি বিষয়টি জানতে পেরে তাদেরকে আটক করে। জানাযায় এই মেয়ের সাথে হাবিবুল্লাহ প্রায় এক বছর ধরে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। প্রায় প্রায় একই জায়গায় তাদের কাজ চালিয়ে যায়। কবির মার্কেটের সবাই জানলেও ভয়ে কেউ কিছু বলতে পারেনা। তথ্যঅনুসন্ধানে জানা যায় তাদের সাহায্য করে বুধহাটা ভূবন মোহন কলেজিয়েট স্কুলের দশম শ্রেণীর ছাত্র লিটন। এছাড়া কবির মার্কেটের শেখরের চায়ের দোকান বখাটেদের আড্ডার জায়গা। মাদক সেবন সহ, স্কুল ছাত্রীদের ইভটেজিং সেখানে হয়। স্কুল শুরুর সময় থেকে স্কুল ছুটি হওয়া পর্যন্ত তাদের আড্ডা চলতে থাকে। এবিষয়ে স্থানীয়রা আইন প্রয়োগকারি সংস্থাসহ উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
দুলাভাইয়ের ২০ লাখ টাকা আত্মসাৎ করতে নাটক
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের কালীগঞ্জ থানায় টাকা ছিনতাইয়ের মিথ্যা অভিযোগ দিতে গিয়ে পুলিশের কাছে ধরা পড়েছে দুই যুবক। আটক যুবকেরা হলেন— মাগুরার শালিখা উপজেলার খিলগাতি গ্রামের আনোয়ার হোসেনের ছেলে ইসমাইল হোসেন ও একই গ্রামের আক্তার হোসেনের ছেলে মিরাজ হোসেন।
সোমবার (১৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টায় কালীগঞ্জ থানায় এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান। এসময় কালীগঞ্জ থানার ওসি মাহাবুবুর রহমান উপস্থিত ছিলেন।
তিনি জানান, গত ১২ নভেম্বর ন্যাশনাল ব্যাংকের কালীগঞ্জ শাখা থেকে ১৯ লাখ ৪০ হাজার টাকা উঠিয়ে শালিখা উপজেলার খিলগাতি গ্রামে যাচ্ছিলেন ইসমাইল হোসেন ও তার চাচাতো ভাই মিরাজ হোসেন। এ সময় উপজেলার মোস্তবাপুর গ্রাম এলাকায় অজ্ঞাত দুই ব্যক্তি এসে তাদের গতিরোধ করে ১৯ লাখ ৪০ হাজার টাকা ছিনতাই করে নিয়েছে। এমন সাজানো মিথ্যা অভিযোগ করতে সোমবার দুপুরে থানায় এসেছিল তারা। পুলিশের সন্দেহ হলে ওই দুজনকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তারা এলোমেলো কথা বলতে থাকে।
তিনি আরও জানান, ইসমাইল হোসেন ওয়ান এক্স বেট খেলে আনুমানিক ২০ লাখ টাকা হেরে যাওয়ায় তার দুলাভাই মালয়েশিয়া প্রবাসী আতিয়ার রহমানের পাঠানো ১৯ লাখ ৪০ হাজার টাকা প্রতারণাপূর্বক আত্মসাৎ করার উদ্দেশ্যে ছিনতাইয়ের নাটক সাজায়। তাদের দেওয়া তথ্য মতে ইসমাইলের বাড়িতে অভিযান চালিয়ে ৮ লাখ ৪০ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ।
জাতীয় কবি নজরুল ইসলামের ‘কারার ঐ লৌহ কপাট’ গানের সুর বিকৃতি করার প্রতিবাদে মানববন্ধন
খবর বিজ্ঞপ্তি
মিউজিক কম্পোজার শিল্পী, এ আর রহমান কর্তৃক জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘কারার ঐ লৌহ কপাট’ গানের সুর বিকৃতি করার প্রতিবাদে বাংলাদেশ সংস্কৃতিকর্মী সমাবেশ মঞ্চ, খুলনা’র উদ্যোগে আগামী ১৫ নভেম্বর ’২৩ বুধবার বিকেল ৩:৩০টায় শহীদ হাদিস পার্ক সংলগ্ন সড়কে এক প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি পালিত হবে।
উক্ত কর্মসূচিতে বাঙালি সংস্কৃতিপ্রিয় সকলকে অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয়েছে।
স্থলবন্দর বেনাপোল দিয়ে দু’দেশের মধ্যে আমদানি-রপ্তানি বানিজ্য বন্ধ
বেনাপোল প্রতিনিধি
শ্যামাপূজা ও দীপাবলি উপলক্ষে আজ সোমবার সকাল থেকে দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল দিয়ে দুদেশের মধ্যে আমদানি-রপ্তানি বানিজ্য বন্ধ রয়েছে।
তবে বেনাপোল কাস্টমস হাউজ ও বন্দরের কার্যক্রম স্বাভাবিক আছে। বন্দর থেকে স্বাভাবিক নিয়মে পন্য ওঠা নামা ও ডেলিভারি হবে। একই সঙ্গে দুদেশের মধ্যে পাসপোর্টযাত্রী পারাপারও স্বাভাবিক রয়েছে। ফলে দু দেশের বন্দর এলাকায় দাড়িয়ে আছে কয়েক হাজার পন্য বোঝাই ট্রাক।
মঙ্গলবার সকাল থেকে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।
বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক রেজাউল করিম বলেন, ভারতে কালীপূজা ও দীপাবলি উপলক্ষে সোমবার কোনো পণ্য আমদানি-রপ্তানি হবে না। তবে বন্দর ও কাস্টমসের সব কার্যক্রম চালু আছে।
তবে সরকারের একদিনের আমদানি রফতানি বন্ধে ২০ কোটি টাকার রাজস্ব আয় থেকে বঞ্চিত হতে হয়। ভারত থেকে আমদানি পণ্য নিয়ে আসা খালি ট্রাক ফেরত যাওয়ার জন্য চেকপোস্ট কার্গো শাখা খোলা আছে। একই সঙ্গে দুদেশের মধ্যে পাসপোর্টযাত্রী চলাচল স্বাভাবিক থাকবে।
ফকিরহাটের গোয়ালবাড়ী কালি মন্দিরে বস্ত্র বিতরণ
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটের গোয়ালবাড়ী ৫২তম শ্যামা পূজা উপলক্ষে স্বর্গীয় রাজেন্দ্রনাথ রায় ও স্বর্গীয় গোলাপী রানী রায়ের স্মৃতির উদ্যের্শে বস্ত্র বিতরণ ও ধর্মীয় গানের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এসময় শতাধিক দরীদ্র নারীদের মাঝে নতুন বস্ত্র স্বরুপ শাড়ী বিতরণ করা হয়। স্বর্গীয় রাজেন্দ্রনাথ রায় ও স্বর্গীয় গোলাপী রানী রায়ের পরিবারের আয়োজনে রোববার রাত ৯টায় মূলঘরের গোয়ালবাড়ী বনানী কুঞ্জ চত্ত্বরে এই বস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও মূলঘর ইউপি চেয়ারম্যান এ্যাডভোকেট হিটলার গোলদার প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এসব বস্ত্র বিতরন করেন। বিশিষ্ট সমাজ সেবক অর্দ্ধেন্দু রায় এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মূলঘর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ মো. আবু বকর, সাধারন সম্পাদক সুনির্মল পাড়ই, ইউপি সদস্য কালীপদ বিশ্বাস, অপূর্ব রায়, অনিমেষ রায় ও অরুপ রায় সহ অসংখ্য দর্শনার্থী ও ভক্তবৃন্দ। ##
শরণখোলার লোকালয়ে বাঘের পায়ের ছাপ, আতঙ্কে গ্রামবাসী
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের শরণখোলা উপজেলার সুন্দরবনসংলগ্ন সোনাতলা গ্রামে আবারও বাঘের পায়ের ছাপ দেখা গেছে। রোববার বিকেলে ও সোমবার সকালে গ্রামের বিভিন্ন স্থানে অসংখ্য পায়ের ছাপ দেখতে পান গ্রামবসী। এতে গ্রামের মানুষের মাঝে বাঘ আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
মাইক থেকে সবাইকে সতর্ক থাকার আহবান জানানো হয়েছে। এছাড়া ওয়াইল্ড টিম, ভিলেজ টাইগার রেসপন্স টিম (ভিটিআরটি) ও কমিউনিটি প্যাট্রলিং গ্রুপের (সিপিজি) সদস্যরা গ্রাম পাহারায় নিয়োজিত রয়েছেন। বাঘটি শনিবার (১০নভেম্বর) রাতে গ্রামে ঢুকে আবার বনে ফিরে গেছে বলে ধারণা করছেন বনসুরক্ষা কমিটির সদস্যরা। এর আগেও চলতি বছরের ১১ জানুয়ারি রাতে এই একই গ্রামে বাঘ এসেছিল।
সোনাতলা মডেল বাজারের ওষুধ ব্যবসায়ী ও ভিটিআিরটি সদস্য মো. মাহাবুব হাসান জানান, রোববার বিকেলে তিনি প্রথমে ভোলা নদীর পারের বাসিন্দা মজিবর হাওলাদারের বসতঘরের পেছনে লেকের পারে বাঘের পায়ের চাপ দেখতে পান। এসময় তিনি মাটি খুড়ে বাঘের পায়ের একটি ছাপ সংগ্রহ করেন। রাতে মসজিদের মাইকে বিষয়টি প্রচার করে সবাইকে সতর্ক থাকতে বলেছেন তিনি।
বেড়িবাঁধের বাইরে বনসংলগ্ন ভোলা নদীর চরে বসবাসকারী ওহিদুল মোল্লা, ইউনুচ মোল্লা, শেফালী বেগম, ময়না বেগমসহ অনেকেই জানান, তাদের ঘরের আশপাশেই বাঘের পায়ের ছাপ দেখতে পেয়েছেন। তারা সবাই আতঙ্কে আছেন।
পূর্ব বনবিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) শেখ মাহাবুব হাসান বলেন, সোনতলা গ্রামে বাঘের পায়ের ছাপ দেখার পর ভোলা ফরেস্ট ক্যাম্পের বনরক্ষীদের খোঁজখবর নিতে বলা হয়েছে। এছাড়া বন সুরক্ষায় নিয়োজিত সহব্যবস্থাপনা কমিটির সদস্যদের গ্রামে পাহারায় থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ##










































