Home জাতীয় একতরফা তফসিল ঘোষণা করলে নির্বাচন কমিশন অভিমুখে গণমিছিল : চরমোনাই পীর

একতরফা তফসিল ঘোষণা করলে নির্বাচন কমিশন অভিমুখে গণমিছিল : চরমোনাই পীর

40

 

ঢাকা অফিস।।

একতরফা তফসিল ঘোষণা করলে সেদিন ঢাকায় নির্বাচন কমিশন অভিমুখে গণমিছিল করার ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এ ছাড়া পরদিন সারা দেশে প্রতিটি জেলা ও মহানগরে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করবে সংগঠনটি

গতকাল পুরানা পল্টন দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম এ কর্মসূচি ঘোষণা করেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, একজন নেতা এবং একটি দলের গোঁয়ার্তুমির কারণে দেশ আক্ষরিক অর্থেই যুদ্ধাবস্থায় নিপতিত হয়েছে। রাষ্ট্র পরিচালনায় ক্ষমতার প্রয়োগ অর্থে স্বাধীনতার যে তাৎপর্য তা হারিয়ে গেছে। ক্ষমতাসীনদের সীমাহীন ক্ষমতা লিপ্সার কারণে সৃষ্ট রাজনৈতিক ও অর্থনৈতিক সঙ্কটের ভয়াবহতা ৩ নভেম্বর ঢাকায় মহাসমাবেশ করে দেশবাসীর সামনে তুলে ধরেছিলাম। শান্তিপূর্ণ উপায়ে সঙ্কট উত্তরণে সরকারের কাছে আমরা কিছু যৌক্তিক দাবিও জানিয়েছিলাম। কিন্তু সরকার কোনোরূপ কর্ণপাত করেনি।

যুগ্মমহাসচিব মাওলানা গাজী আতাউর রহমানের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী, সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই, মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, প্রেসিডিয়াম সদস্য আল্লামা নূরুল হুদা ফয়েজী, অধ্যাপক আশরাফ আলী আকন ও অধ্যাপক মাহবুবুর রহমান প্রমুখ।
সম্মেলনে ৪ দফা কর্মসূচি ঘোষণা করেন চরমোনাই পীর। আন্দোলনরত অন্যান্য বিরোধী দলের শান্তিপূর্ণ সব কর্মসূচির প্রতি পূর্ণ সমর্থন জানান তিনি এবং জাতীয় সঙ্কট নিরসনে সব রাজনৈতিক দল, শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, সাংবাদিক এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিকে নিয়ে আগামী ২০ নভেম্বর সোমবার ঢাকায় জাতীয় সংলাপ থেকে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে বলে ঘোষণা দেন।

চরমোনাই পীর বলেন, সমঝোতার সব পথ রুদ্ধ হয়ে গেছে। রাজনীতিকে বলা হয় ‘আর্ট অব কম্প্রোমাইজ।’ কিন্তু বাংলাদেশের রাজনীতিতে বর্তমানে সেই কম্প্রোমাইজেশন ও বোঝাপড়া, সমঝোতার জায়গা রুদ্ধ হয়ে গেছে। এর দায়ও বর্তমান সরকারের। এই সরকারের প্রধানমন্ত্রী যখন বলেন, জানোয়ারদের সাথে কোনো আলাপ-আলোচনা নেই, যখন দেশের প্রধান বিরোধী রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্বের অধিকাংশকে গ্রেফতার করা হয়, যখন প্রতিবাদ-সমাবেশে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয় তখন রাজনীতির প্রধান উপাদান আলাপ-আলোচনা, বোঝাপড়া ও সমঝোতার পথ আর খোলা থাকে না। তাদের ক্ষমতার স্বার্থে বিরোধী দলগুলোকে তাদের সব একগুঁয়েমি মেনে নিতে হবে। কোনো বিষয়ে আলোচনা করা যাবে না। ইতিহাস সাক্ষী! আলোচনার পথ রুদ্ধ হলেই ‘পঁচিশের কালরাত’ তৈরি হয়।

আওয়ামী লীগ রাজনৈতিক দল থেকে কার্যত উগ্রবাদী দলে পরিণত হয়েছে মন্তব্য করে তিনি বলেন, বিরোধী দলের রাজনৈতিক কর্মসূচির সাথে তাল মিলিয়ে আওয়ামী লীগও কর্মসূচি দিচ্ছে এবং সেইসব কর্মসূচির নামের সাথে ‘শান্তি’ থাকলেও কার্যত তা সন্ত্রাসের কর্মসূচিতে পরিণত হয়েছে। লাঠি নিয়ে মহড়া, যাকে তাকে তল্লাশি করা, আতঙ্ক তৈরি করার যে কাজ আওয়ামী লীগ করছে তা ’৭১ এর শান্তিবাহিনীর কথাই মনে করিয়ে দেয়।
নির্বাচন প্রসঙ্গে চরমোনাই পীর বলেন, বর্তমান সরকারের অধীনে কোনো জাতীয় নির্বাচন জনগণ মেনে নিবে না। কারণ নির্বাচনকালীন সরকার হিসেবে যে আস্থা ও বিশ্বাসযোগ্যতা থাকার দরকার তা এই সরকারের নাই।
সংবাদ সম্মেলনে ৪ দফা দাবি পেশ করা হয়। দাবিগুলো হলো : ১. অবিলম্বে চলতি সংসদ ভেঙে দিয়ে সব প্রতিনিধিত্বশীল রাজনৈতিক সংগঠনের প্রতিনিধির সাথে আলোচনা করে নির্বাচনকালীন জাতীয় সরকার গঠন করতে হবে। ২. রাজনৈতিক কারণে গ্রেফতারকৃত বিরোধী দলের সব নেতাকর্মী এবং ওলামায়ে কেরামকে অবিলম্বে মুক্তি দিয়ে রাষ্ট্রপতির মধ্যস্থতায় সংলাপের আয়োজন করতে হবে। ৩. দলান্ধ এই নির্বাচন কমিশনকে বাতিল করতে হবে। ৪. রাজনৈতিক সমঝোতা ছাড়া এবং লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির আগে কোনো অবস্থাতেই তফসিল ঘোষণা করা যাবে না।