Home আঞ্চলিক ‘স্ত্রীর স্বপ্ন ছিল, তাই এই পথে এসেছি’

‘স্ত্রীর স্বপ্ন ছিল, তাই এই পথে এসেছি’

19

স্টাফ রিপোর্টার
‘স্ত্রীর স্বপ্ন ছিল, তাই এই পথে নেমেছি’, ‘স্ত্রী বলার কারণে আমি এই পথে এসেছি’ ইত্যাদি লেখা পোস্টার সেঁটে খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে আলোচনায়ে এসেছেন মো. আনসার আলী সরদার নামের এক ব্যক্তি। এদিকে, তাঁর ছবিসংবলিত পোস্টার কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রচারিত হচ্ছে। এনিয়ে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নানা ধরণের মন্তব্যও করছেন।
আনসার আলী খুলনার পাইকগাছা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাতিখালী গ্রামের মৃত মানিক সরদারের ছেলে। পোস্টারে তিনি নিজেকে বীর মুক্তিযোদ্ধা হিসেবেও উল্লেখ করেছেন। তিনি ২ মেয়ে ও এক ছেলের জনক।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৬ আসনে এই মুহূর্তে অন্য কোনো রাজনৈতিক দলের প্রচার-প্রচারণা না থাকলেও ক্ষমতাসীন আওয়ামী লীগের এক ডজন প্রার্থী প্রচারণায় আছেন। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনসার আলীর আত্মপ্রকাশ এলাকার সর্বস্তরের মানুষের মধ্যে আলোচনার নতুন মাত্রা যোগ করেছে।

স্ত্রী’র স্বপ্ন পূরণে সংসদ সদস্য প্রার্থী হচ্ছেন উল্লেখ করে আনসার আলী সরদার রাইজিংবিডিকে বলেছেন, তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য পদে নির্বাচন করতে চান। তিনি এলাকার মানুষের দোয়া ও আশীর্বাদ চেয়ে পোস্টারিং করছেন। প্রচার-প্রচারণা চালাচ্ছেন, মসজিদে গিয়ে দোয়া চাচ্ছেন। গণসংযোগও করছেন।

তিনি আরও বলেন, সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হলে ৪ বছরের সব টাকা তিনি গরিব-দুঃখিদের মধ্যে বিতরণ করবেন। তাদের খাওয়াবেন। বাকি এক বছরের টাকায় নির্বাচনি এলাকার দু’টি থানায় শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলে বেকারদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করতে চান। তবে, বড়লোক ও ধনীদের জন্য কোনো টাকা তিনি ব্যয় করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন। যদিও নিজে রাষ্ট্রীয় সম্মানীর বাইরে একটি টাকাও গ্রহণ করবেন না বলেও ওয়াদা করেন।

 

নির্বাচন করতে অনেক টাকা খরচ হবে- এ কারণে তার তিন সন্তানসহ সব আত্মীয়-স্বজন নির্বাচন করার বিপক্ষে বলেও জানান আনসার আলী।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত ফেব্রুয়ারি মাসে আনসার আলী সরদারের স্ত্রী মারা গেছেন। জীবিত থাকতে স্ত্রী চেয়েছিলেন, তাঁর স্বামী সংসদ সদস্য হয়ে এলাকার মানুষের সেবা করবেন। এবার স্ত্রীর সেই স্বপ্ন পূরণ করতে সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী হতে এলাকায় পোস্টার সাঁটিয়েছেন তিনি। পোস্টারে লেখা রয়েছে ‘আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৬ আসনে স্বতন্ত্র প্রার্থী, গরিব ও দুঃখীর সাথি। স্ত্রী বলার কারণে আমি এ পথে এসেছি।’

আনসার আলী বলেন, ‘আমার স্ত্রী বলত, এলাকার বেশির ভাগ মানুষ গরিব। তারা অভাব-অনটনে থাকে। তাদের কর্মসংস্থানের ব্যবস্থা নেই। কোনো এমপি (সংসদ সদস্য) আজ পর্যন্ত এলাকার গরিব মানুষের জন্যি কিছু করেননি। সে (স্ত্রী) আজ নেই। তার কথাগুলো আমি অন্তরে ধারণ করে আছি। দেখি, তার স্বপ্ন পূরণে কিছু করতি পারি কি না। জনগণ চাইলে আমি এমপি হয়ে এ কাজগুলো করব।’

আনসার আলীর দুই মেয়ে ও এক ছেলে আছে। মেয়েদের বিয়ে হয়ে গেছে। ছেলেটি ছোট, অষ্টম শ্রেণির শিক্ষার্থী। বাবার সঙ্গেই থাকে। আনসার আলী একটি মাছের ডিপোর ব্যবস্থাপক হিসেবে কাজ করতেন। এ ছাড়া তাঁর কিছু জমিজমাও আছে। এতেই তাঁর সংসার ভালোভাবে চলে বলে জানান তিনি।

স্থানীয় বাসিন্দা ইউসুফ আলী বলেন, আনসার আলী একজন ভালো লোক, সে যোগ্য। সে স্বতন্ত্র হিসেবে আসুক, আমরা তাকে সংসদ সদস্য হিসেবে চাচ্ছি।

মো. কামরুল ইসলাম বলেন, ইতোপূর্বে যারা সংসদ সদস্য হয়েছেন, তাদের কেউ কথা দিয়ে কথা কথা রাখেননি। সে হিসেবে আনসার আলী পৌরসভার লোক হওয়ায় নির্বাচন তাকে আমরা সহযোগিতা করবো। মূলত তিনি তার স্ত্রী’র কথা রাখতেই নির্বাচন করতে চান।

আনারুল ইসলাম নামের অপর একজন বলেন, আনসার ভাই উনার বউ’র কথা রক্ষা করার জন্য নির্বাচন করতে চাচ্ছেন। সে লোক ভালো, কোনো সমস্যা নেই।

 

কলেজ ছাত্র মো. আসিফ বলেন, আনসার আলী তার প্রতিবেশী। তিনি নির্বাচন করতে প্রচারণা চালাচ্ছেন। স্ত্রী বলার কারণে তিনি নির্বাচন করছেন। আমার বাসায়ও তিনি ভোট চাইতে এসেছিলেন। আমি তাকে সহযোগিতা করার আশ্বাস দিয়েছি।

আশরাফুল আলম নামের এক ব্যক্তি বলেন, উনি এলাকার মানুষের মনের কথা সঠিকভাবেই তুলে ধরেছেন।

আবুল কালাম আজাদ নামের একজন কলেজশিক্ষক বলেন, রাজনৈতিক ও সামাজিক অবক্ষয়ের এই সময়ে উনার (আনসার আলী) মতো একজন ব্যক্তির প্রার্থী হওয়াটাও একটা প্রতিবাদ বলে মনে করেন তিনি।