Home খেলাধুলা ‘শেষ চমকে’র আশায় ডাচরা

‘শেষ চমকে’র আশায় ডাচরা

35

স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপ শেষ আগেই। নেদারল্যান্ডস এখন ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে কোয়ালিফাই করার লড়াইয়ে রয়েছে। আইসিসির অভিজাত এই টুর্নামেন্টে অংশ নিতে বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে জয়ের বিকল্প নেই ডাচদের। প্রতিপক্ষ হেভিওয়েট ভারত হলেও আত্মবিশ্বাসী নেদারল্যান্ডস। দলটির অলরাউন্ডার তেজা নিদামানুরু স্কাই ব্লুদের ‘অপ্রত্যাশিত’ হারের স্বাদ দেয়ার হুমকি দিয়ে রেখেছেন। আজ বেঙ্গালুরুর এম. চিন্নাস্বামী ক্রিকেট স্টেডিয়ামে এবারের রাউন্ড রবিন পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও নেদারল্যান্ডস। ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে কোয়ালিফাই করার লড়াইয়ে নেদারল্যান্ডসের প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ও ইংল্যান্ড। ভারতের বিপক্ষে আজ জয় না পেলে রাউন্ড রবিন লীগ টেবিলে সেরা আটে থেকে চ্যাম্পিয়নস ট্রফি খেলার সুযোগ হবে না ডাচদের। বিশ্বকাপে ৮ ম্যাচে শতভাগ জয়ে সেমিফাইনাল নিশ্চিত করা ভারতকে নিয়ে ডাচ্ অলরাউন্ডার তেজা নিদামানুরু বলেন, ‘পয়েন্ট টেবিলের শীর্ষে ভারত। নিঃসন্দেহে বিশ্বকাপের সেরা দল ভারতই।’ এরপরই আত্মবিশ্বাসের কথা জানিয়ে নিদামানুরু বলেন, ‘তবে খেলাটা তো ক্রিকেট, তাই না? সুতরাং, ভারতকে হারানো সম্ভব।

আমরা নিজেদের সেরাটা দিয়ে খেলব। আমাদের দলে অনেকেই রয়েছেন, যার স্পিনের মোকাবিলায় ভালো। মানসম্পন্ন বোলারও রয়েছেন।’ বিশ্বকাপে বাংলাদেশকে হারানোর আগে বিধ্বংসী দক্ষিণ আফ্রিকাকেও পরাস্ত করে নেদারল্যান্ডস। নিদামানুরু বলেন, ‘ভারতের মতো দলকে হারানোর জন্য ভাগ্যেরও সহযোগিতা প্রয়োজন। তারা খুব শক্তিশালী দল। ক্রিকেটে কিন্তু অভাবনীয় ঘটনাও ঘটে। অপ্রত্যাশিত যেকোনো কিছু হতে পারে।’ বিশ্বকাপে চমক দেখানো নেদারল্যান্ডসের পারফরম্যান্সে মুগ্ধতা প্রকাশ করেন ভারত কোচ রাহুল দ্রাবিড়। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘বিশ্বকাপে তারা যেভাবে খেলেছে, তা আসলেই দুর্দান্ত। তারা সেমিফাইনালে পৌঁছার চেষ্টা করেছে। আমি জানি, এই পর্যায়ে খেলতে হলে (আইসিসির) সহযোগী দেশগুলোর কতোটা লড়াই করতে হয়। নদারল্যান্ডসের মতো দলগুলোর সাফল্য অন্য অ্যাসোসিয়েট টিমের জন্য অনুপ্রেরণা হবে।’ রাহুল দ্রাবিড় বলেন, ‘তাদের দলে কয়েকজন অসাধারণ খেলোয়াড় রয়েছে। বিশ্বকাপে তারা যেভাবে খেলেছে, তা দেখে বোঝা যায় তারা কতটা প্রস্তুত। বিশ্বকাপে তারা যে চ্যালেঞ্জের মোকাবিলা করেছে সত্যিই তা অনুপ্রেরণাদায়ক। আমরা তাদের মুখোমুখি হতে উদগ্রীব হয়ে আছি।’
ফেভারিট কোন দল?
শক্তি-সামর্থ্যে নেদারল্যান্ডসের চেয়ে যোজন যোজন এগিয়ে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ভারত। সাম্প্রতিক পারফরম্যান্সেও স্কাই ব্লুদের ধারে কাছে নেই ডাচরা। বিশ্বকাপে ৮ ম্যাচ খেলে শতভাগ জয় পেয়েছে রোহিত শর্মার দল। বিপরীতে ৮ ম্যাচে ২ জয়ের সঙ্গে ৬টি ম্যাচ হেরেছে স্কট এডওয়ার্ডস বাহিনী। ভারতের মোকাবিলায় নেদারল্যান্ডসের অনুপ্রেরণা হতে পারে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়।

হেড টু হেড পরিসংখ্যান
ওয়ানডে ফরম্যাটের ক্রিকেটে মোট দু’বার দেখা হয়েছে ভারত ও নেদারল্যান্ডসের। আইসিসি ওয়ার্ল্ডকাপের ম্যাচ দু’টোতে শতভাগ জয় ভারতীয়দের। ২০০৩ বিশ্বকাপে প্রথম দেখায় নেদারল্যান্ডসকে ৬৮ রানে হারানো ভারত সবশেষ ২০১১ সালে ডাচদের বিপক্ষে ৫ উইকেটের জয় পায়।

বিশ্বকাপ রেকর্ড
ওয়ানডে বিশ্বকাপের দুইবারের চ্যাম্পিয়ন ভারত। ১৯৮৩ সালের পর ২০১১ সালে বিশ্বকাপ জেতে দলটি। ২০০৩ বিশ্বকাপে রানার্সআপ হওয়া ভারত মোট ৪ বার সেমিফাইনাল খেলেছে। ১৯৯৬ সালে ওয়ানডে বিশ্বকাপ অভিষেক হয় নেদারল্যান্ডসের। এরপর ২০০৩, ২০০৭ এবং ২০১১ আসরে অংশ নেয় ডাচরা। চারবার বিশ্বকাপ খেলে কোনোবারই গ্রুপ পর্বের বাধা টপকাতে পারেনি নেদারল্যান্ডস।