স্পোর্টস ডেস্ক
নিজেদের ইতিহাসে সেরা বিশ্বকাপটা খেলেছে আফগানিস্তান। ২০১৫, ২০১৯ আসর মিলিয়ে এক জয় পাওয়া দলটি এবারের বিশ্বকাপে জিতেছে ৪টি ম্যাচ। হারিয়েছে পাকিস্তান, ইংল্যান্ড, শ্রীলঙ্কার মতো হেভিওয়েট দলগুলোকে। পাকিস্তানের দুই সাবেক ক্রিকেটার ওয়াসিম আকরাম এবং শোয়েব মালিকের মতে, বর্তমানে পাকিস্তানের চেয়ে ভালো ক্রিকেট দল আফগানিস্তান। রাউন্ড রবিন লীগ পর্বের ৫ নম্বর দল হিসেবে ২০২৩ বিশ্বকাপ শেষ করলো আফগানিস্তান। সেমিফাইনালের সম্ভাবনা জাগালেও দক্ষিণ আফ্রিকার কাছে হেরে স্বপ্ন পূরণ হয়নি আফগানদের। তবুও মুগ্ধতা ছড়ানো পারফরম্যান্সে ক্রিকেট বিশ্বের হৃদয় জয় করে নিয়েছেন হাশমতউল্লাহ শহীদিরা। পাকিস্তানি টিভি চ্যানেল এ স্পোর্টসের অনুষ্ঠান প্যাভিলিয়নে শোয়েব মালিক বলেন, ‘আফগানিস্তান আমাদের চেয়ে ভালো ক্রিকেট খেলে।’ শোয়েব মালিকের ভাষ্য, সেমিফাইনালে খেলার যোগ্য ছিল আফগানিস্তান। তিনি বলেন, ‘আমার মতে যদি শুধু ভারত বিশ্বকাপের হিসাব করেন, তাহলে পাকিস্তানের চেয়ে ভালো ক্রিকেট খেলেছে আফগানিস্তান।’ শোয়েবের মন্তব্যের সঙ্গে একমত পোষণ করে পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম বলেন, ‘আফগানদের শক্তিশালী মনে হয়েছে। হয়তো একটানা ক্রিকেট খেলার কারণে আমাদের ছেলেদের ক্লান্ত মনে হয়েছে।
নিঃসন্দেহে আমাদের চেয়ে আফগানিস্তানের ক্রিকেটাররা ভালো করেছে।’











































