Home আঞ্চলিক খুলনার দিঘলিয়ায় ককটেল বিস্ফোরণ: বিএনপির ৬০ জনের বিরুদ্ধে কৃষক লীগ নেতার মামলা

খুলনার দিঘলিয়ায় ককটেল বিস্ফোরণ: বিএনপির ৬০ জনের বিরুদ্ধে কৃষক লীগ নেতার মামলা

55

দিঘলিয়া প্রতিনিধিঃ
খুলনার দিঘলিয়া উপজেলার চন্দনীমহল গ্রামের বোগদিয়ার মাঠ এলাকায় বৃহস্পতিবার ভোরে দুটি ককটেল বিস্ফোরণ ঘটেছে। সেখান থেকে অবিস্ফোরিত ৫টি ককটেল, ইটের টুকরা, লাঠি ও রড উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দিঘলিয়া উপজেলার সেনহাটী ইউনিয়ন কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবজাল গাজী বাদি হয়ে বিএনপির ৫০/৬০ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছেন।
মামলার এজাহারে বলা হয়েছে, বাদিসহ কয়েকজন খবর পেয়ে গিয়ে দেখেন আসামিরা বোগদিয়ার মাঠ এলাকায় অবরোধের সমর্থনে সরকার বিরোধী স্লোগান দিচ্ছে। এছাড়া তারা সরকার উৎখাতের জন্য ককটেল ও লাঠিসোটা নিয়ে নাশকতার প্রস্তুতি নিচ্ছে। তখন তিনি পুলিশকে খবর দিলে পুলিশ সেখানে যায়। এ সময় অবরোধ সমর্থকরা ইট পাটকেল নিক্ষেপ ও ২টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় দিঘলিয়া উপজেলার সেনহাটী ইউনিয়ন কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবজাল গাজী বাদি হয়ে দিঘলিয়া থানায় মামলা করেছেন। মামলায় উপজেলা বিএনপির সভাপতি এম সাইফুর রহমান মিন্টু ও সাধারণ সম্পাদক আব্দুল রকিব মল্লিকসহ ৪৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১৫ জনকে আসামি করা হয়েছে। দিঘলিয়া থানার মামলা নং-০২, তাং-০২/১১/২০২৩ইং।
দিঘলিয়া থানার ওসি রিপন কুমার সরকার জানান, ঘটনাস্থল থেকে ৫টি ককটেল, বিস্ফোরিত দুটি ককটেলের অংশ বিশেষ, ৭টি লোহার রড, ১০টি বাঁশের লাঠি ও এক বস্তা ইটের টুকরা উদ্ধার করা হয়। এ ঘটনায় এখন কেউ আটক হয়নি।