খুলনাঞ্চল ডেস্ক।।
ইসরাইল সম্পূর্ণ ধ্বংস না হওয়া পর্যন্ত ৭ অক্টোবরের মতো হামলা চলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের এক শীর্ষ কর্মকর্তা।
গাজী হামাদ নামের ওই কর্মকর্তা জোর দিয়ে বলেন, ইসরাইলের আমাদের ভূমিতে কোন স্থান নেই। লেবানিজ একটি টেলিভিশন সাক্ষাৎকারে এই হুঁশিয়ারি বার্তা দেন তিনি।
গাজী হামাদ হামাসের সিদ্ধান্ত গ্রহণকারী রাজনৈতিক শাখার একজন সদস্য। তিনি বলেন, হামাস ৭ অক্টোবরের হামলার পুনরাবৃত্তি করবে, যা অপারেশন ‘আল-আকসা ফ্লাড’ হিসাবে পরিচিত।
হামাদ আরও বলেন, আল-আকসা ফ্লাড মাত্র প্রথমবার হয়েছে। ইসরাইলে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ আল-আকসা ফ্লাড করার সংকল্প রয়েছে আমাদের। আমাদের শহীদের জাতি বলা হয় এবং আমরা শহীদদের জন্য আত্মত্যাগ করতে পেরে গর্বিত।
তিনি বলেন, ইসরাইল এমন একটি দেশ যার আমাদের ভূমিতে কোনো স্থান নেই। আমাদের অবশ্যই সেই দেশটিকে অপসারণ করতে হবে কারণ এটি আরব এবং ইসলামিক দেশগুলোর জন্য নিরাপত্তা, সামরিক এবং রাজনৈতিক বিপর্যয় সৃষ্টি করে এবং এটি অবশ্যই ধ্বংস করতে হবে।
ইসরাইলের উপর হামাসের সাম্প্রতিক আক্রমণ ন্যায্য ছিল বলেও দাবি করেন হামাদ।
এদিকে গাজার জাবালিয়ায় শরণার্থী শিবিরে প্রথম ও দ্বিতীয় ইসরাইলি বোমা হামলায় হতাহতের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। এ ঘটনায় মৃত্যু বেড়ে ২০০ তে দাঁড়িয়েছে। এ ছাড়া নিখোঁজ রয়েছেন আরও ১২০ জন এবং আহত হয়েছেন অন্তত ৭৭৭ জন।











































