Home জাতীয় কর্মসূচি সফলে গুচ্ছ পরিকল্পনা বিএনপির

কর্মসূচি সফলে গুচ্ছ পরিকল্পনা বিএনপির

27

ঢাকা অফিস।।
সরকারের পদত্যাগসহ বিভিন্ন দাবিতে কঠোর কর্মসূচি থেকে পিছু হটছে না বিএনপি। সেক্ষেত্রে দেশব্যাপী সর্বাত্মক অবরোধের কর্মসূচি অব্যাহত রাখতে ইতোমধ্যে হাইকমান্ডকে পরামর্শ দিয়েছেন কেন্দ্রীয় নেতারা।

সব পর্যায়ের নেতাকর্মীকে কর্মসূচি সফলে জোরালোভাবে মাঠে নামতে দেওয়া হয়েছে কঠোর নির্দেশনা। একজন গ্রেফতার হলে বিকল্প আরেকজনকে নেতৃত্ব দিতে হাইকমান্ড থেকে তৃণমূলে বার্তা দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এসব তথ্য।

সূত্রমতে, কর্মসূচি সফলে একটি গুচ্ছ পরিকল্পনা ইতোমধ্যে হাইকমান্ডকে দেওয়া হয়েছে। গত স্থায়ী কমিটির বৈঠকে এ পরিকল্পনা দিয়ে হাইকমান্ডকে জানানো হয়, সরকার ক্ষমতায় থাকার জন্য চেষ্টা করবে এটাই স্বাভাবিক। এজন্য নেতাকর্মীদের গ্রেফতার, সাজা দেওয়াই হচ্ছে তাদের শেষ অস্ত্র।

স্থায়ী কমিটির সদস্য ও কেন্দ্রীয় নেতাদের গ্রেফতার করা হলেও কোনো সমস্যা নেই। আর কোনো বৈঠক না হলেও চলবে। একাধিক নীতিনির্ধারক জানান, কর্মসূচি সফলে যা যা করা দরকার তাই করা হবে। নানা ধাপে নেতাদের নেতৃত্ব, করণীয়সহ নানা বিষয়ে ইতোমধ্যে দিকনির্দেশনা দেওয়া হয়েছে।

তৃণমূলে বার্তা দেওয়া হয়েছে, যে কোনো জায়গার নেতৃত্বে থাকা নেতা গ্রেফতার হলে পরবর্তী নেতা আন্দোলনের নেতৃত্ব দেবেন।

ইতোমধ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ বেশ কয়েকজন সিনিয়র নেতাকে গ্রেফতার করা হয়েছে। আরও নেতাদের গ্রেফতারে বাসায় বাসায় অভিযান চালানো হচ্ছে।

বর্তমান পরিস্থিতি নিয়ে বুধবার রাতেও ভার্চুয়ালি সিনিয়র নেতাদের সঙ্গে কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

নেতাদের জানান, তাদের পর্যবেক্ষণ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপিকে চাপে রাখার কৌশল হিসাবে মামলা ও গ্রেফতার করা হচ্ছে। একটা আতঙ্ক তৈরি করতে চাচ্ছে সরকার। তবে এতে তারা বিচলিত নন। কঠোর কর্মসূচি অব্যাহত রাখতে তারা পরামর্শ দিয়েছেন। কেউ কেউ শুক্রবার না দিয়ে শনিবার থেকে ফের কর্মসূচি চালিয়ে যেতে বলেছেন।

তবে বেশিরভাগ নেতা মাঠে নেমে আবার বিরতি দিয়ে কর্মসূচি না পালনের পরামর্শ দিয়েছেন। এক্ষেত্রে তাদের যুক্তি, বিরতি দিলে তৃণমূলের নেতাকর্মীদের কাছে নেতিবাচক বার্তা যেতে পারে, মনোবল ভেঙে যেতে পারে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেন, সরকারের পদত্যাগ না হওয়া পর্যন্ত নেতাকর্মীরা রাজপথ ছাড়বে না। কঠোর কর্মসূচির মাধ্যমেই সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে। মহাসচিব বলেছিলেন আন্দোলনের মহাযাত্রা শুরুর কথা। সেটিই শুরু হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থায়ী কমিটির একাধিক সদস্য বলেন, যে কোনো বিষয়ে এখন কথা বলার ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ক্ষমতাসীন দল যেমন হার্ডলাইনে, বিএনপিকেও হার্ডলাইনে যেতে বাধ্য করেছে। ২৮ অক্টোবর সমাবেশ কেন্দ্র করে যেহেতু একটি পরিবেশ সরকার সৃষ্টি করেছে, এখন এর শেষ দেখতে চায় বিএনপিও। তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সব পর্যায়ের নেতারা এখন বাড়িতে ঘুমাতে পারছেন না। এমনকি তাদের আত্মীয়স্বজনদের বাড়িতে গিয়েও গ্রেফতারের জন্য অভিযান চালানো হচ্ছে। নেতাকর্মীদেরও মনোভাব গ্রেফতার হতে হলে মাঠে থেকেই হবেন।