নিজস্ব প্রতিনিধি।।
মুখে লম্বা দাড়ি। কোনোটা কাঁচা আবার কোনোটা পাকা। পরিচর্যায়ও করেন নিয়মিত। মুখে দাড়ির কারণে ২৫ বছর অন্যদের থেকে নিজেকে লুকিয়ে রেখেছিলেন ঝিনাইদহ সদর উপজেলার লক্ষীপুর গ্রামের রোমা খাতুন। প্রয়োজন ছাড়া বের হন না বাড়ি থেকে। যদিও বের হন মুখ ঢেকে। পরিবার পরিজন বলতে বোন ও বোনের সন্তানরা ছাড়া কেউই নেই তার।
বয়োবৃদ্ধা রোমা খাতুন জানান, বাবা মারা গেছে ছোটবেলায়। বড় হয়েছেন মামা বাড়িতে। ১২ বছর বয়সে বিয়ে হওয়ার পর একটি সন্তান হলেও আতুড় ঘরেই মারা যায় সে। কয়েক বছর পর মারা যায় স্বামী। দ্বিতীয় বিয়ের পর সেই স্বামীও মারা যায় ডায়রিয়ায়।
জীবনে সব কিছু হারিয়ে শেষ বয়সে একটি মুরগির ফার্মে কাজ করেন তিনি। সেখান থেকে যা পান তা দিয়েই চলে। অবসর সময়ে কাঁথা সেলাই, এলাকার নারীদের কোরআন শিক্ষাও দেন তিনি।
রোমা খাতুন আরও জানান, ১৯৯৬ সালে পেটে টিউমার হলে একটি প্রাইভেট ক্লিনিক থেকে অপারেশন করা হয় তার। বাড়ি ফেরার কিছুদিন পর মুখে দাড়ি গজাতে শুরু করে। সেই থেকে নিজেকে লুকিয়ে রাখেন তিনি। বাড়িতে থাকলেও ঘর থেকে কম বের হতেন। আত্মীয় বাড়িতে গেলেও ঘরের মধ্যেই থাকতেন বেশির ভাগ সময়। কয়েক বছর আগে স্ট্রোক হবার পর এখন আর মুখ বেঁধে থাকতে পারেন না। তাই এখন মুখে দাড়ি নিয়েই বের হতে হয় তার। এক সময় প্রচুর কান্না করলেও এখন মেনে নিয়েছেন। তারপরও বাড়ি থেকে প্রয়োজন ছাড়া বের হন না।
ঝিনাইদহ সদর হাসপাতালের গাইনী কনসালটেন্ট ডা. আলাউদ্দিন জানান, হরমনজনিত কারণে মুখে দাড়ি হতে পারে।
অসহায় রোমা খাতুন নারীদের কোরআনসহ নামাজ শিক্ষা দেন। নারীদের নানা প্রয়োজনে যতটুকু পারেন সহযোগিতাও করেন তিনি।











































