ঢাকা অফিস।।
জনজীবন স্বাভাবিক রাখতে, জনগণের জানমালের নিরাপত্তা ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষাসহ সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে রাজধানীসহ সারাদেশে র্যাব রোবাস্ট প্যাট্রল ও গোয়েন্দা নজরদারি চালাচ্ছে। রাজধানীতে ৮৭টি ও রাজধানীর বাহিরে ১৫৯টি টহলসহ সারাদেশে ২৪৬টি টহল কার্যক্রম চালাচ্ছে র্যাব।
রোববার (২৯ অক্টোবর) দুপুরে রাজধানীর নটরডেম কলেজের সামনে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব তথ্য জানান র্যাব-৩ এর সিও লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।
তিনি বলেন, র্যাব-১ রাজধানীর বিমানবন্দর, পূর্বাচল, কুড়িল, গুলশান, উত্তরা ও গাজীপুর জেলার বিভিন্ন স্থানে; র্যাব-২ রাজধানীর শ্যামলী, মানিক মিয়া এভিনিউ, সংসদ ভবন, বিজয় স্মরনী, আগারগাও, খামারবাড়ি, ফার্মগেট এলাকায় টহল দিচ্ছে। র্যাব-৩ রাজধানীর মতিঝিল, পল্টন, শাপলা চত্বর, কাকরাইল, সচিবালয়, বঙ্গভবন এলাকা টহল দিচ্ছে।
লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ আরও বলেন, র্যাব-৪ রাজধানীর মিরপুর, সাভার, নবীনগর ও মানিকগঞ্জ জেলায়; র্যাব-১০ রাজধানীর যাত্রাবাড়ী, সায়দাবাদ, লালবাগ, পলাশী মোড়, চানখারপুল, হাসনাবাদ, পোস্তগোলা ব্রিজ, লৌহজং, কোতয়ালি, শনির আখড়া, ডেমরা, ঝিলটুলি এলাকাসহ আওতাধীন গুরুত্বপূর্ন স্থান সমূহে টহল কার্যক্রম চালাচ্ছে।
সিও আরও বলেন, এরইমধ্যে গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় গোয়েন্দা কার্যক্রম শুরু করেছে র্যাব। খুব শিগগির আগুন সন্ত্রাসীদের আইনের আওতায় আনা হবে।











































