স্পোর্টস ডেস্ক।।
২০১৯ বিশ্বকাপের রানার্স আপ নিউজিল্যান্ডের বিপক্ষে হেরে ভারত বিশ্বকাপ শুরু করেছিল চ্যাম্পিয়ন ইংল্যান্ড। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের বিপক্ষে জয়ের পর আবারও হারের বৃত্তে। আজ রবিবার ভারতকে অল্প রানে আটকে দিলেও বড় ব্যবধানে হেরে গেল তারা। আর টানা ৬ ম্যাচ জিতে দক্ষিণ আফ্রিকাকে হটিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেল ভারত।
লখনৌয়ে টস হেরে প্রথমে ব্যাট করা ভারত নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২২৯ রান তোলে। ২৩০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩৪ ওভার ৫ বলে ১২৯ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড। ১০০ রানে হেরে সেমিফাইনালে দৌড় থেকে কার্যত ছিটকে গেল জস বাটলারের দল।
২৩০ রানের লক্ষ্যে খেলতে নামা ইংল্যান্ড শুরুটা একদম মন্দ করেনি। ওপেনিংয়ে ৩০ রান তোলেন ডেভিড মালান ও জনি বেয়ারস্টো। এরপরই শুরু হয় ধস। যার কারিগর ভারতের দুই পেসার জাসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ শামি। ৩০ রানের মাথায় পরপর দুই বলে মালান ও জো রুটকে ফেরান বুমরাহ। এরপর ৩৩ ও ৩৯ রানের মাথায় শামির আঘাতে ফেরেন বেন স্টোকস ও বেয়ারস্টো। ৫২ রানের মাথায় কুলদীপ যাদবের বলে অধিনায়ক জস বাটলার ফিরলে চূড়ান্ত বিপর্যয়ে পড়ে ইংল্যান্ডরা।
এরপর মঈন আলী (১৫), লিয়াম লিভিংস্টোন (২৭) ও ডেভিড উইলি (১৬*) চেষ্টা করলেও কেউই বড় স্কোর গড়তে পারেননি। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারের ৯১ বল বাকি থাকতেই ১২৯ রানে অলআউট হয় ইংল্যান্ড।
ভারতের হয়ে বল হাতে আগুন ঝড়ান শামি ও বুমরাহ। ৭ ওভারে মাত্র ২২ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন শামি। ৬ ওভার ৫ বলে ৩২ রান খরচায় বুমরাহর উইকেট ৩টি। এছাড়া গুরুত্বপূর্ণ ২ উইকেট শিকার করেন চায়নাম্যান স্পিনার কুলদীপ যাদব। বাকি উইকেটটি নেন রবীন্দ্র জাদেজা।
অধিনায়ক হিসেবে এদিন শততম ম্যাচ খেলতে নেমেছিলেন রোহিত। টস হেরে ব্যাটিংয়ে নাম ভারত শুরুতেই পড়ে ইংলিশ পেসারদের তোপে। ২৬ রানের মাথায় শুভমান গিলকে সরাসরি বোল্ড করেন ক্রিস ওকস। দলের সঙ্গে আর ১ রান যোগ হতে কোনো রান না করেই প্যাভিলিয়নের পথ ধরেন কোহলি। ৪০ রানের মাথায় আবারও ওকসের আঘাত, এবার ফেরেন শ্রেয়াস আইয়ার।
এরপর লোকেশ রাহুলকে নিয়ে ইনিংস মেরামাত শুরু করেন রোহিত। চতুর্থ উইকেটে গড়েন ৯১ রানের বড় জুটি। ১৩১ রানের মাথায় ৩৯ রান করে ফেরেন রাহুল। আর ১৬৪ রানের মাথায় সেঞ্চুরি থেকে মাত্র ১৩ রান দূরে থাকতে আউট হন অধিনায়ক রোহিত। এরই মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে পূর্ণ করেন ১৮ হাজার রান।
রোহিতের বিদায়ে দলের হাল ধরেন সূর্যকুমার যাদব। হাফ সেঞ্চুরি থেকে ১ রান দূরে থাকতে আউট হলেও শেষের ব্যাটারদের নিয়ে করেন দারুণ লড়াই। শেষ পর্যন্ত ৯ উইকেট হারিয়ে ২২৯ রান তোলে ভারত।
ইংল্যান্ডের হয়ে সবচেয়ে সফল ডেভিড উইলি। ১০ ওভারে ৪৫ রানের বিনিময়ে ৩ উইকেট নেন এই পেসার। আরেক পেসার ক্রিস ওকস ৯ ওভারে ৩৩ রান খরচায় শিকার করেন ২ উইকেট। ১০ ওভারে মাত্র ৩৫ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন লেগ স্পিনার আদিল রশিদ।











































