Home জাতীয় পুলিশের টিয়ার গ্যাসে আহত সাংবাদিক না ফেরার দেশে

পুলিশের টিয়ার গ্যাসে আহত সাংবাদিক না ফেরার দেশে

29

ঢাকা অফিস।।
বিএনপি’র মহাসমাবেশকে ঘিরে সংঘর্ষের সময় পুলিশের ছোড়া টিয়ার গ্যাসে আহত সিনিয়র সাংবাদিক রফিক ভূঁইয়া মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সাপ্তাহিক নতুন কাগজের সম্পাদক রফিক ভূঁইয়া বিএফইউজের সাবেক নির্বাহী সদস্য ও জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য ছিলেন।

শনিবার দুপুরে রাজধানীর মাদারটেকের বাসা থেকে রিকশাযোগে জাতীয় প্রেস ক্লাবে যাওয়ার সময় সেগুনবাগিচা এলাকায় জাতীয় রাজস্ব বোর্ডের পুরনো ভবনের কাছে পৌঁছালে পুলিশের টিয়ার গ্যাসের কবলে পড়েন রফিক ভূঁইয়া। এ সময় তিনি রিকশা থেকে পড়ে যান। প্রথমে তাকে কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে নেয়া হয়। পরে চিকিৎসকের পরামর্শে রাজধানীর আগারগাঁওয়ে নিউরো সায়েন্স হাসপাতালে নেয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

রফিক ভূঁইয়ার মেয়ে ঊর্মি ভূঁইয়া গতকাল সন্ধ্যায় মানবজমিনকে জানান, তার বাবার মরদেহ শমরিতা হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। বিদেশে অবস্থানরত দুই ভাই দেশে ফিরলে দাফনের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। কানাডা থেকে রফিক ভূঁইয়ার দুই ছেলে দেশের পথে রওনা দিয়েছেন বলেও তিনি জানান।
রফিক ভূঁইয়া সাংবাদিকতার জীবন শুরু চট্টগ্রামে দৈনিক সমাচারের প্রতিনিধি হিসেবে। ঢাকায় এসেও বিভিন্ন সংবাদপত্রে কাজ করেছেন।

চট্টগ্রামে থাকাকালে রফিক ভূঁইয়া ঐক্যবদ্ধ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ছিলেন। বিএফইউজের প্রথম কমিটিতে ছিলেন নির্বাহী সদস্য। চট্টগ্রাম সাংবাদিক কো-অপারেটিভ সোসাইটির প্রথম সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক ছিলেন। মাঝে দীর্ঘদিন কানাডায় ছিলেন। রফিক ভূঁইয়ার জন্ম ফেনীর দাগনভূঞায় ১৯৫১ সালে। তার দুই স্ত্রীর মধ্যে দ্বিতীয়জন ছয় বছর আগে মৃত্যুবরণ করেন। প্রথম স্ত্রী কানাডায় বসবাস করেন। রফিক ভূঁইয়া নিজেও কানাডায় আসা-যাওয়ার মধ্যে ছিলেন। তার ছয় সন্তান রয়েছে; চার ছেলে এবং দুই মেয়ে। এদের মধ্যে পাঁচ সন্তান বর্তমানে কানাডায় বসবাস করেন। এক মেয়ে দেশে থাকেন। সাংবাদিকতার পাশাপাশি তিনি নিয়মিত সাহিত্য চর্চা করতেন। এদিকে পুলিশের টিয়ার গ্যাসের আঘাতে রফিক ভূঁইয়ার মৃত্যুর প্রতিবাদে গতকাল বিকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)। ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। শহিদুল ইসলাম বলেন, এ সরকারের কাছে আর কোনো দাবি নয়। এই সরকারের পতন ঘটিয়ে সকল দাবি আদায় করা হবে। সাংবাদিক রফিক ভূঁইয়াসহ এ পর্যন্ত যে ৬০ জন সাংবাদিক এই সরকারের আমলে হত্যার শিকার হয়েছে তাদের হত্যার বিচার এদেশের মাটিতেই হবে। সাধারণ সম্পাদক খুরশীদ আলম বলেন, পুলিশ বিনা উস্কানিতে একটি শান্তিপূর্ণ সমাবেশে হামলা চালিয়েছে। সেখানে কর্তব্যরত সাংবাদিকরা তাদের হামলার শিকার হয়েছে। তিনি বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে রাজপথে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে বার বার রক্ত ঝরাতে হচ্ছে। এ রক্ত বৃথা যেতে দেয়া হবে না। সাংবাদিকদের প্রতি ফোঁটা রক্তের হিসাব আদায় করা হবে। তিনি এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে নিহত রফিক ভূঁইয়ার হত্যাকারীদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানান।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল হাইকোর্ট মোড় ঘুরে পুরানা পল্টন মোড় হয়ে আবার প্রেস ক্লাবে এসে শেষ হয়। সমাবেশে আরও বক্তব্য রাখেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খুরশিদ আলম, বিএফইউজের সাবেক সহ-সভাপতি আমিরুল ইসলাম কাগজী, সিনিয়র সাংবাদিক আবুল কালাম মানিক, ডিইউজের সহ-সভাপতি রাশেদুল হক, যুগ্ম সম্পাদক দিদারুল আলম দিদার, মফস্বল সাংবাদিক এসোসিয়েশনের সভাপতি শাখাওয়াত ইবনে মঈন চৌধুরী, মেজবাহ উল্লাহ শিমুল প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন ডিইউজের কোষাধ্যক্ষ খন্দকার আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক সাঈদ খান, প্রচার সম্পাদক আবুল কালাম, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক রফিক লিটন, দপ্তর সম্পাদক ইকবাল মজুমদার তৌহিদ, বিএফইউজের নির্বাহী সদস্য জাকির হোসেন, ডিইউজের নির্বাহী সদস্য নিজাম উদ্দিন দরবেশ, এম মোশাররফ হোসেন, গাজী আনোয়ারুল হক, আব্দুল্লাহ মজুমদার, তালুকদার রুমি, সাবেক নির্বাহী সদস্য এইচ এম আল আমিন, মো. আবু হানিফ, এম এ মোনায়েম, কালবেলা ইউনিট চিফ গিয়াস উদ্দিন রাকিব, সদস্য সর্দার আব্দুল কাদের, সর্দার মতিন, ফয়জুল্লাহ ভূঁইয়া মানিক, এ এস এম রাসেল পাটোয়ারী, জিয়াউর রহমান প্রমুখ।