স্টাফ রিপোর্টার
কমান্ডার খুলনা নেভাল এরিয়া এর তত্ত্বাবধানে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে ও বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানের অংশ হিসেবে মোতায়েনকৃত নৌ কন্টিনজেন্ট মংলার দিগরাজ বাজার, বুড়িরডাঙ্গা, মিঠাখালি, হাসপাতাল চত্ত্বর ও ফেরিঘাট এলাকায় টহল পরিচালনা করে। সাধারণ জনগণের মাঝে করোনা ভাইরাস প্রতিরোধে করণীয় ও বর্জনীয় শীর্ষক লিফলেট বিতরণ করে। এছাড়া মোংলা উপজেলার বিভিন্ন জায়গায় স্থানীয় প্রশাসনের ৩০৭টি দুস্থ পরিবারের মাঝে ত্রাণ বিতরণে সহায়তা প্রদান এবং মোংলা উপজেলার সুন্দরবন ইউনিয়নের বিভিন্ন স্থানে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে মোবাইল কোর্ট পরিচালনায় সহায়তা প্রদান করে।

পাশাপাশি সাধারণ জনগণকে সামাজিক দূরত্ব নিশ্চতকরণ, জরুরী প্রয়োজনে বাড়ীর বাহিরে অবস্থানের ক্ষেত্রে মুখে মাস্ক পরিধানের জন্য বোঝানো হয়। করোনা প্রতিরোধে চলমান কার্যক্রমের অংশ হিসেবে নৌবাহিনী কন্টিনজেন্ট বরগুনা জেলা সদর, বামনা, বেতাগী ও তালতলী এলাকায় নিয়মিত সচেতনতামূলক টহল প্রদান করে। উপজেলাসমূহের বিভিন্ন স্থানে ১০০টি সচেতনতামূলক লিফলেট বিতরণ করে। বেতাগী এলাকায় বিভিন্ন মসজিদে ০৮ কেজি ব্লিচিং পাউডার বিতরণ করে। এছাড়াও ৬১৪ জন জেলের ভিজিএফ কার্ড রেজিস্ট্রেশনে স্থানীয় প্রশাসনকে সহযোগিতা করে।
এসময় সাধারণ জনগণকে গণপরিবহন ব্যবহারের ক্ষেত্রে সরকারী নীতিমালা অনুসরণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়। সরকার নির্ধারিত সময়ের পর সকল বাজার, দোকান-পাট, ব্যবসা-প্রতিষ্ঠান বাধ্যতামূলকভাবে বন্ধ রাখতে ও নিয়মিত সাবান দিয়ে হাত ধুতে এবং ঘন ঘন হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করার জন্য সাধারণ মানুষকে বোঝানো হয়।











































