Home খেলাধুলা কানেরিয়ার হিন্দু ধর্ম পরিবর্তনের জন্য ‘অনেক চাপ দিয়েছেন’ আফ্রিদি

কানেরিয়ার হিন্দু ধর্ম পরিবর্তনের জন্য ‘অনেক চাপ দিয়েছেন’ আফ্রিদি

17

স্পোর্টস ডেস্ক।।

পাকিস্তান দলের অন্যতম সেরা স্পিনার ছিলেন দানিশ কানেরিয়া। নানা উত্থান-পতনের মধ্য দিয়ে ক্যারিয়ার শেষ করেছেন তিনি। হিন্দু ধর্মে বিশ্বাসী এই স্পিনার পাকিস্তান দলে থাকার সময় নানা কারণে বৈষম্যের শিকার হয়েছেন বলে জানিয়েছেন। বিশেষ করে শহীদ আফ্রিদির বিরুদ্ধে আনলেন কড়া অভিযোগ।

কানেরিয়ার অভিযোগ, আফ্রিদি তাকে ধর্ম পরিবর্তনের ব্যাপারে অনেকবারই চাপ দিয়েছেন। তিনি বলেন, ‘ধর্ম পরিবর্তন করার জন্য আমার ওপরে চাপ প্রয়োগ করা হতো। কিন্তু আমার কাছে আমার ধর্মই শেষ কথা। শাহিদ আফ্রিদি প্রধান ব্যক্তি যে আমাকে বারংবার ধর্ম পরিবর্তন করার কথা বলত।’

তবে এসময় ইনজামাম-উল-হককে পাশে পেয়েছেন বলে জানিয়েছেন কানেরিয়া। বিষয়টি নিয়ে তিনি বলেন, ‘আমার ক্যারিয়ার ঠিকঠাকই এগোচ্ছিল। কাউন্টিও খেলছিলাম। ইনজামাম আমাকে খুব সাহায্য করেছিল। একমাত্র ক্যাপ্টেন যে আমার পাশে দাঁড়িয়েছিল। শোয়েব আখতারও আমার পাশে ছিল। শাহিদ আফ্রিদি এবং বেশ কয়েকজন পাকিস্তানের ক্রিকেটার আমাকে সমস্যায় ফেলত।’

এখানেই থেমে যাননি দানিশ কানেরিয়া। পাকিস্তান ক্রিকেট বোর্ডের সমালোচনাও করেছেন তিনি। হিন্দুত্বের কারণে তাকে দল থেকে বাদ দেওয়া হয়েছিল বলে মনে করেন সাবেক এই স্পিনার।

এ ব্যাপারে তিনি বলেন, ‘পিসিবি আমাকে সমর্থন করেনি। কারণ আমি হিন্দু। আমি সব রেকর্ড ভেঙেছিলাম। পারফরম্যান্সের ভিত্তিতে আমাকে দল থেকে বাদ দিতে পারেনি। ওরা জানত, আমি সব রেকর্ড ভাঙতে সক্ষম ছিলাম। একজন হিন্দু এতদূরে উঠেছে, এমন দৃষ্টান্ত নেই পাকিস্তানে। ভারত কিন্তু সবাইকেই সুযোগ দেয়।’

এটি ছাড়াও তাকে বিভিন্নভাবে চাপে ফেলা হত। এমনও শোনা গেছে, কয়েকজন পাকিস্তানের ক্রিকেটার তার পাশে বসে খেতেনও না।এর আগে শোয়েব আখতারও স্বীকার করেছিলেন যে পাকিস্তানের অন্য ক্রিকেটাররা দানিশের পাশে বসে খেতে চাইতো না।