খুলনাঞ্চল রিপোর্ট।।
নওশাদের স্ত্রী মারা যান ১১ বছর আগে। ১২ বছর বয়সী আকাশ নামে একটি ছেলেও আছে তার। চরম আর্থিক অনটনের শিকার হয়ে অন্ধকার নেমে আসে হতাশাগ্রস্ত নওশাদের জীবনে। একদিন পরিচয় হয় দেলু নামে এক তৃতীয় লিঙ্গের একজনের সঙ্গে।
নওশাদকে দেলু প্রলোভন দেখিয়ে বলেন, হিজড়া হলে অনেক টাকা আয় করতে পারবেন। পরে নওশাদ অপারেশন করে ছেলে থেকে মেয়ে হিজড়ায় পরিণত হন। নতুন নাম হয় চম্পা। দেলুর অধীনে কাজ করেন অন্তত পাঁচ বছর।
এরপর আশুলিয়ার এনায়েতপুরে গিয়ে বসবাস শুরু করেন নওশাদ ওরফে চম্পা। সেখানে রাকিব হাসান শাওন নামে এক যুবকের সঙ্গে পরিচয় হয় তার। প্রেমের সম্পর্কও হয় দুজনের। এক পর্যায়ে স্বামী-স্ত্রী পরিচয়ে দুজন বসবাস শুরু করেন।
প্রেমিক রাকিবের খরচ বহন করতেন চম্পা নিজেই। একদিন ১ হাজার টাকা চাওয়া দিয়ে দুজনের মধ্যে বিবাদ হয়। চম্পা জানতে পারেন, তার প্রেমিকের সঙ্গে অন্য হিজড়ার সম্পর্ক রয়েছে। এতে ক্ষুব্ধ হন চম্পা। ২০২১ সালের ১ জুন কলহের জেরে রাকিবকে খুন করেন চম্পা। এরপর মরদেহ বস্তাবন্দী করে ফেলে দিয়ে পালিয়ে যান। আশ্রয় নেন গাইবান্ধার সুন্দরগঞ্জে। সেখানে নিজেকে স্বপ্না পরিচয় দিয়ে বসবাস শুরু করেন।
২০২১ সালের ৭ জুন আশুলিয়ার এনায়েতপুর এলাকা থেকে একটি বস্তাবন্দী লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় আশুলিয়া থানায় অজ্ঞাতনামাদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করে পুলিশ। পুলিশ মামলাটি দুমাস তদন্ত করে মরদেহ শনাক্ত না হওয়ায় দায়িত্ব দেয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই)। পিবিআইর উপপরিদর্শক (এসআই) মো. আনোয়ার হোসেন দায়িত্ব পেয়ে ঘটনাস্থল ও আশপাশে যোগাযোগ করেন। একপর্যায়ে তিনি জানতে পারেন লাশ পাওয়ার পরের দিন চম্পা নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তি বাবার অসুস্থতার কথা বলে জামালপুর সদরে গেছেন।
ওই ঠিকানায় চম্পা হিজড়া নামে একজনের বাড়ি পাওয়া যায় তার নাম আগে ছিল নওশাদ। জানা যায়, আনুমানিক ২০ বছর আগে নওশাদের বাবা-মা মারা যান এবং তিনি ঢাকায় বসবাস থাকতেন। মাঝে মধ্যে গ্রামে আসতেন। পরিবার না থাকলেও বাবার অসুস্থতার কথা বলে গ্রামের বাড়ি যাওয়ার বিষয়টি নিয়ে চম্পা ওরফে নওশাদের ওপর সন্দেহ হয় এসআই আনোয়ারের।
তাকে খোঁজাখুঁজির এক পর্যায়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় রাকিব হাসান শাওন নামে একজনের ঠিকানা পাওয়া যায়। সেখানে যোগাযোগ করে জানা যায়, রাকিব ঢাকার আশুলিয়ায় এক হিজড়ার সঙ্গে বসবাস করেন। কিন্তু কোথায় থাকেন পরিবারের কেউ জানতেন না।
রাকিবের নামে রেজিস্ট্রেশনকৃত একটি মোবাইল নম্বর পাওয়া যায়। এ সম্পর্কে তার বাবার কাছে জানতে চাইলে তিনি নম্বরটি রাকিবের বলে নিশ্চিত করেন। তবে মরদেহের ছবি তিনি শনাক্ত করতে পারেননি। পরবর্তীকালে ডিএনএ পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া যায়, ঢাকার আশুলিয়ায় পাওয়া অজ্ঞাতনামা লাশটি রাকিবের।
চম্পা হিজড়া তার নাম পরিবর্তন করে স্বপ্না হিজড়া নামে গাইবান্ধার সুন্দরগঞ্জের হিজড়া পল্লিতে আত্মগোপন করে আছেন এমন তথ্য পায় পিবিআই। খুনের ঘটনার দুই বছর পর গত ১৭ অক্টোবর গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা এলাকার হিজড়া পল্লি থেকে নওশাদ ওরফে চম্পাকে গ্রেপ্তার করে পিবিআই।
এ ঘটনায় চক্রের অন্যতম সদস্য দেলু হিজড়াকেও গত ২৩ অক্টোবর জামালপুরের নারায়ণপুর থেকে গ্রেপ্তার করে পুলিশ। স্বপ্নাকে তিন দিনের রিমান্ডে বেরিয়ে আসে লিঙ্গ পরিবর্তনকারী এক হিজড়া চক্রের চাঞ্চল্যকর তথ্য।
জানা গেছে, হিজরা রূপান্তর করতে চক্রটিকে সহযোগিতা করেন এক গ্রাম্য ডাক্তারের। তিনি নওশাদের মত আরও অনেককেই হিজড়া বানিয়েছেন। লিঙ্গ পরিবর্তন করতে ওই চিকিৎসককে ১০ হাজার টাকা অগ্রিম দিতে হয়। আর পুরো চিকিৎসায় তিনি নেন ১ লাখ টাকা। আর এই পুরো চক্রকে ভারত থেকে নিয়ন্ত্রণ করেন তাদেরই এক গুরুমা।
আজ বৃহস্পতিবার রাজধানীর ধানমণ্ডি পিবিআই হেডকোয়ার্টারে সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পিবিআই প্রধান বনজ কুমার মজুমদার বলেন, গত ১৭ অক্টোবর গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা এলাকার হিজড়া পল্লি থেকে নওশাদ ওরফে চম্পাকে গ্রেপ্তার করা হয়। সেখানে তিনি স্বপ্না নাম ধারণ করে আত্মগোপনে ছিলেন। তিন দিনের রিমান্ডে বেরিয়ে আসে চাঞ্চল্যকর সব তথ্য। আদালতে স্বীকারোক্তি দেন চম্পা। ২০২১ সালের ১ জুন রাকিব চম্পার কাছে ১ হাজার টাকা চেয়েও পাননি। এতে রাকিব তার সঙ্গে খারাপ ব্যবহার করেন। পরে চম্পার কাছ ২০ টাকা নিয়ে রাকিব দুটি মাইলাম ট্যাবলেট কিনে খান। ট্যাবলেট কিনতে যাওয়ার আগে রাকিব তার মোবাইল ভুলে বাসায় ফেলে যান। তখন রিপা নামে এক হিজড়া ফোন করেন।
পিবিআই প্রধান বলেন, ফোনটি রিসিভ করে চম্পা জানতে পারেন, রিপার সঙ্গে রাকিবের প্রেম ও শারীরিক সম্পর্ক রয়েছে। রাকিব বাসায় ফিরলে এক পর্যায়ে চম্পা তার গলায় গামছা পেচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন। তারপর তিনি চটের বস্তায় ভরে রাকিবের মরদেহ পাশের রুমে রাখেন। গত ৭ জুন রাতে বিদ্যুৎ চলে গেলে চম্পা মরদেহটি বাসার পাশে ঝোপের মধ্যে ফেলে রাখেন। পরদিন স্থানীয় লোকজন মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। চম্পা পালিয়ে সুন্দরগঞ্জ হিজড়া পল্লিতে স্বপ্না নামে বসবাস শুরু করেন।
লিঙ্গ পরিবর্তনকারীদের বিষয়ে পিবিআই প্রধান বলেন, যশোরের এক গ্রাম্য ডাক্তারের মাধ্যমে দেলু হিজড়া নওশাদকে হিজড়ায় রূপান্তর করেন। ওই ডাক্তার এমন আরও অনেককেই হিজড়া বানিয়েছেন। তবে কতজনকে করেছেন তার তদন্ত চলছে। লিঙ্গ পরিবর্তন করতে তাকে ১০ হাজার টাকা অগ্রিম দিতে হয়। আর পুরো চিকিৎসায় তিনি নেন ১ লাখ টাকা। আর এই পুরো চক্রকে ভারত থেকে নিয়ন্ত্রণ করেন তাদেরই এক গুরু মা।











































