খুলনাঞ্চল ডেস্ক।।
কানাডার নাগরিকদের জন্য সীমিত পর্যায়ে ভিসা দেওয়া শুরু করেছে ভারত। বৃহস্পতিবার থেকে ওই ব্যবস্থা চালু করা হচ্ছে। বুধবার সকালে কানাডায় ভারতীয় হাইকমিশন থেকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। সিদ্ধান্ত অনুযায়ী আপাতত ভিসা দেওয়া শুরু হবে চারটি ক্ষেত্রে। ‘এন্ট্রি ভিসা’, ‘বিজনেস ভিসা’, ‘মেডিকেল ভিসা’ ও ‘কনফারেন্স ভিসা’। কানাডায় শিখ নেতা হরদীপ সিং নিজ্জার হত্যাকাণ্ড নিয়ে সেপ্টেম্বরে দুই দেশ কূটনৈতিক বিরোধে জড়িয়ে পড়ার পর ভিসা স্থগিত করেছিল নয়াদিল্লি।
টরেন্টোর ভারতীয় কনস্যুলেট জেনারেলের ওয়েবসাইটের তথ্য অনুসারে, এন্ট্রি ভিসা ভারতীয়-কানাডীয় নাগরিক, তাদের সঙ্গী ও শিশুদের দেওয়া হয়। তবে কানাডার পর্যটকদের জন্য ট্যুরিস্ট ভিসা দেওয়া শুরু হবে কিনা তা এই মুহূর্তে স্পষ্ট নয়।
ভারতের এই সিদ্ধান্ত নেওয়ার পর ধারণা করা হচ্ছে, ভারত থেকে যারা বিভিন্ন কারণে (বিশেষ করে, পড়াশোনা) কানাডায় যাওয়ার আবেদন করেছেন, তাঁদের বিষয়গুলোও ত্বরান্বিত হবে। যদিও এই সিদ্ধান্তের মধ্য দিয়ে এমন মনে করার তেমন কোনো কারণ নেই যে, দ্বিপক্ষীয় সম্পর্ক দ্রুত স্বাভাবিক হতে চলেছে। তবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর অবশ্য পরিস্থিতির উন্নতি হওয়ার বিষয়ে আশাবাদী। খবর বিবিসির।











































