খুলনাঞ্চল ডেস্ক।।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, গত ৭ অক্টোবর ইসরায়েলে চালানো ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাসের হামলার সম্ভাব্য কারণগুলোর মধ্যে অন্যতম হলো ভারত-মধ্যপ্রাচ্য অর্থনৈতিক করিডোর। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। খবর এনডিটিভির।
বাইডেন বলেন, তাঁর কাছে প্রমাণ নেই, তবুও এটা তাঁর উপলব্ধি, ইসরায়েলের জন্য তারা যে আঞ্চলিক যোগাযোগ স্থাপনের (অর্থনৈতিক করিডোর) দিকে এগোচ্ছিলেন, তার কারণে হামলা হয়েছে। এ কাজ অসম্পূর্ণ রাখা হবে না বলেও জানান তিনি।
গত ৯ ও ১০ সেপ্টেম্বর নয়া দিল্লিতে জি২০ সম্মেলন চলাকালে ভারত-মধ্যপ্রাচ্য-ইউরোপের মধ্যে অর্থনৈতিক করিডোর স্থাপন বিষয়ে ভারত, যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, ফ্রান্স, জার্মানি, ইতালি ও ইউরোপীয় ইউনিয়ন একটি সমঝোতা চুক্তিতে সই করে। জো বাইডেন এ চুক্তির প্রশংসা করে বলেন, এর মাধ্যমে ইউরোপ ও এশিয়ায় বিনিয়োগের সুযোগ বাড়বে।











































