যশোর ব্যুরো।।
যশোরের চৌগাছায় বিবাহবহির্ভূত সম্পর্কে এক কন্যাসন্তান জন্ম হয়। সেই নবজাতক ৭০ হাজার টাকায় নিঃসন্তান দম্পতির কাছে বিক্রি করেছে ওই সন্তানের মা। পুলিশের দুই উপ-পরিদর্শকের (এসআই) বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে নবজাতক বিক্রির ৬০ হাজার টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে।
অভিযুক্ত পুলিশ কর্মকর্তারা হলেন- চৌগাছা থানার এসআই শামীম হোসেন ও আশিক হোসেন। এ ঘটনায় অভিযুক্ত ওই দুই পুলিশ কর্মকর্তাকে বৃহস্পতিবার যশোর পুলিশ লাইনসে ক্লোজ করা হয়েছে।
বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী।
জানা যায়, চৌগাছা উপজেলার আন্দুলিয়া গ্রামের সোনিয়া খাতুনের স্বামী ইলিয়াস হোসেন দুই বছর ধরে ভারতের কারাগারে বন্দি। এ অবস্থায় একই গ্রামের তরুণ আবু সাঈদের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন সোনিয়া। এর মধ্যে সোনিয়া সাঈদ অবৈধ মেলামেশাতে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন।
গত ২৫ সেপ্টেম্বর চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কন্যা সন্তানের জন্ম দেন তিনি। বিষয়টি উভয়ের পরিবার জেনে যায়। সোনিয়া ও তার সন্তানকে প্রেমিক সাঈদ মেনে নিলেও তার পরিবার মেনে নেয়নি। এ কারণে গত ২ অক্টোবর নবজাতককে পাশের টেঙ্গুরপুর গ্রামের নিঃসন্তান মুকুল খান ও আশা খান দম্পতির কাছে ৭০ হাজার টাকায় বিক্রি করে দেন সোনিয়া ও সাঈদ।
আর এ নবজাতক বিক্রির বিষয়টি চৌগাছা থানার এসআই শামীমকে জানিয়ে দেন রকি নামে পুলিশের এক স্থানীয় সোর্স। পরে মামলার ভয় দেখিয়ে সোনিয়া ও সাঈদের কাছ থেকে ৭০ হাজার টাকার মধ্যে ৬০ হাজার টাকা হাতিয়ে নেন এসআই শামীম। এ সময় তার সঙ্গে ছিলেন এসআই আশিক হোসেন। পরে বিষয়টি নিয়ে শোরগোল শুরু হলে মঙ্গলবার স্থানীয় ইউপি সদস্য মহিদুল ইসলাম ও এসআই শামীম ওই যুগলের বিয়ে দিয়ে দেন। একইসঙ্গে লেনদেনের বিষয়ে কাউকে জানাতে নিষেধ করেন।
ভুক্তভোগী সোনিয়া বলেন, আমার চার দিন বয়সি নবজাতক মেয়ে সন্তানটি দত্তক দিয়েছি। বিনিময়ে ৭০ হাজার টাকা পেয়েছি, সেই টাকা থেকে পুলিশ মামলার ভয় দেখিয়ে ৬০ হাজার টাকা নিয়ে গেছে। এর সঙ্গে গ্রামের লোকও জড়িত। স্বামীর কাছে আর সামান্য কিছু টাকা আছে। আমার শ্বশুরবাড়ি যদি ওই শিশুকে ফিরিয়ে আনে তাহলে আমি তাকে নেব।
আবু সাঈদ বলেন, পুলিশের চাপের কারণেই শিশুটিকে বিক্রি করেছি। বিবাহবহির্ভূত বাচ্চার খবর শুনে এসআই শামীম ৮০ হাজার টাকা দাবি করেন। প্রথম দফায় ৩০ হাজার টাকা এবং পরবর্তীতে আরও ২৫ হাজার টাকা নেন এসআই শামীম। এছাড়া রকি পাঁচ হাজার টাকা নিয়েছে। মঙ্গলবার স্থানীয় মেম্বারের উপস্থিতিতে এসআই শামীম তাদের বিয়ে দেন।
আবু সাঈদের বাবা জালাল উদ্দিন কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমরা গরিব মানুষ। মাঠে কাজ করে সংসার চালাই। আমার একমাত্র ছেলে না হয় অন্যায় করেছে। সে তো বিয়ে করেছে। এরপরও পুলিশ আমার কাছে ৫০ হাজার টাকা দাবি করে। আমি অনেক হাতে পায়ে ধরে ২৫ হাজার টাকায় রাজি করাই। এরপর গ্রামের একজনের কাছ থেকে ধার করে ১৫ হাজার টাকা মেম্বার মহিদুল ইসলামের কাছে দিয়েছি। তাকে আরও দশ হাজার টাকা দিতে হবে বলে জানান তিনি।
এদিকে দত্তক নেওয়া মুকুল খানের বাবা আব্দুল মান্নান জানান, বাচ্চাটি অসুস্থ হওয়ায় তাকে চিকিৎসার জন্য যশোরে নেওয়া হয়েছে।
একই সঙ্গে তিনি বলেন, নিঃসন্তান মুকুল নোটারি পাবলিকের মাধ্যমে বাচ্চা দত্তক নিয়েছেন। যদি ঝামেলা হয় তাহলে তারা বাচ্চা ফিরিয়ে দেবেন।
আর মুকুল খান দাবি করেন, এসআই শামীম বিষয়টি জানানোর পরে মঙ্গলবার তাদের বিয়ের ব্যবস্থা করি। শুনেছি এসআই শামীম ও রকি তাদের কাছ থেকে টাকা নিয়েছে।
টাকা ভাগাভাগির অভিযোগ অস্বীকার করে চৌগাছা থানার এসআই শামীম হোসেন দাবি করেছেন, ঘটনাটি মীমাংসার জন্য সেখানে গিয়েছিলাম। মুকুল আদালত থেকে কাগজপত্র করে বাচ্চাটি কিনেছেন।











































