নড়াইল প্রতিনিধি।।
নড়াইলের লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. ইউনুসকে পিটিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। মুমূর্ষু অবস্থায় তাকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বুধবার রাত সাড়ে ৯টার দিকে শালনগর ইউনিয়নের রামকান্তপুর কাঁঠালতলা এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এতে ইউনুসের দুই পা ও হাতে জখম হয়। এ সময় তার কাছে থাকা একটি ল্যাপটপ ছিনিয়ে নিয়ে দুর্বৃত্তরা ভেঙে ফেলে।
আহত ইউনুস জানান, তিনি বুধবার রাত সাড়ে ৯টার দিকে অফিসের কাজ শেষ করে মোটরসাইকেলে লোহাগড়া শহরের বাসায় ফিরছিলেন। পথে লোহাগড়া-লাহুড়িয়া সড়কের রামকান্তপুর কাঁঠালতলা নামক স্থানে পৌঁছলে ৪-৫ জন তার গতিরোধ করে। এরপর তারা লাঠিসোটা ও লোহার রড দিয়ে এলোপাতাড়ি আঘাত করে আহত করে। মুমূর্ষু অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ ব্যাপারে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাসির উদ্দিন বলেন, হামলার বিষয়ে কেউ কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।











































