Home আঞ্চলিক ছুরিকাঘাতে সাংবাদিকসহ আহত চার, ৭ জনের নামে মামলা

ছুরিকাঘাতে সাংবাদিকসহ আহত চার, ৭ জনের নামে মামলা

55

সাতক্ষীরা প্রতিনিধি
জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে ঢাকা থেকে প্রকাশিত দৈনিক ভোরের চেতনা পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি ও বকচরা আহমেদিয়া দাখিল মাদ্রাসার সুপার সাংবাদিক রমজান আলীসহ চারজন গুরুতর আহত হওয়ার ঘটনায় ৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৮/১০ জনকে আসামি করে সদর থানায় একটি মামলার এজাহার জমা দেয়া হয়েছে।
মঙ্গলবার (২৪ অক্টোবর) দুপুরে সাংবাদিক রমজান আলীর মেঝ ভাই আব্দুর রহমান বাদী হয়ে উক্ত মামলার এজাহারটি জমা দেন। মামলার এজাহারটি তদন্ত সাপেক্ষে সন্ধ্যায় রেকর্ড করা হবে এবং আসামিদের গ্রেপ্তারে জোর প্রচেষ্টা চলছে বলে জানিয়েছেন পুলিশ।

মামলায় যাদের আসামি করা হয়েছে তারা হলেন, শহরের ইটাগাছা এলাকার মৃত গিয়াসের পুত্র মোঃ নাহিদ (২৬), বাঁকাল এলাকার আব্দুল গফফারের পুত্র মোঃ রিপন (২৬), একই এলাকার মোঃ সাবদুল এর পুত্র মোঃ সিরাজুল ইসলাম (২৭), মৃত আক্কাজ আলীর পুত্র আব্দুল গফফার (৫৫), মোঃ মিজানের পুত্র মোঃ জিল্লু (৩০), আব্দুল গফফারের স্ত্রী শাহানারা খাতুন (৫০) ও তাদের কন্যা খুকু মনি (২৪)।

আব্দুর রহমানের দায়েরকৃত এজাহার সূত্রে জানা যায়, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সোমবার (২৩ অক্টোবর) উক্ত আসামিরাসহ তাদের বাহিনী রামদা, লোহার রড, ছুরি, লোহার হাতুড়ি, জিআই পাইপ ও বাঁশের লাঠি সহকারে ভুক্তভোগীদের বাড়িতে প্রবেশ করে গালিগালাজ করতে থাকে। এতে তার বড় ভাই রমজান আলী প্রতিবাদ করলে আব্দুল গফফারের হুকুমে অন্যান্যরা তাকে এলোপাতাড়ি মারপিট করতে থাকে। এ সময় তার চিৎকারে বোন সাজিদা খাতুন, ভাগ্নে ফাহিম সরদার ও ভাইপো (রমজানের ছেলে) ফারহান ফেরদৌস তাকে রক্ষা করতে আসলে তাদেরও মারপিট করতে থাকে। এক পর্যায়ে নাহিদ তার হাতে থাকা ধারালো ছুরি দিয়ে রমজানকে ছুরিকাঘাত করে। থামাতে গেলে তাদের উপরও চড়াও হয় ও আক্রমণ করে। ফলে তার বোন, ভাগ্নে ও ভাইপোও গুরুতর আহত হন।

এক পর্যায়ে আসামি জিল্লুর শ্লীলতাহানি ঘটায় ও গলায় থাকা সোনার চেইন টান মেরে কেড়ে নেয় বলে অভিযোগ করেছেন। আহতরা সবাই বর্তমানে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহতদের মধ্যে রমজান আলীর অবস্থা আশংকাজনক।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম জানান, আহত রমজান আলীর মেঝ ভাই আব্দুর রহমানের দেয়া মামলার এজাহারটি তদন্ত সাপেক্ষে সন্ধ্যায় রেকর্ড করা হবে। তিনি আরো জানান, আসািেমদর গ্রেপ্তারের পুলিশের জোর প্রচেষ্টা চলছে।