Home জাতীয় ‘এই সরকারের সময়ে উপাসনালয়সহ হিন্দুদের দেবালয়ে আক্রমণের ঘটনা বহু ঘটেছে’

‘এই সরকারের সময়ে উপাসনালয়সহ হিন্দুদের দেবালয়ে আক্রমণের ঘটনা বহু ঘটেছে’

35

ঢাকা অফিস
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই সরকারের আমলে সাম্প্রদায়িক উস্কানি, বিভিন্ন ধর্মীয় উপাসনালয়সহ হিন্দু সম্প্রদায়ের দেবালয়ে আক্রমণ ও ভাঙচুর অতিমাত্রায় সংঘটিত হচ্ছে। বর্তমানে দুর্গাপূজার প্রাক্কালে হিন্দু সম্প্রদায়ের মানুষ ও মন্দিরে আক্রমণের ঘটনা উদ্বেগজনক। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীরা দেশ ও মানবতার শত্রু।

শারদীয় দুর্গাপূজা ও বিজয়া দশমী উপলক্ষে দেওয়া এক বাণীতে বিএনপি মহাসচিব এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় এবং সামাজিক উৎসব শারদীয় দুর্গাপূজা ও বিজয়া দশমী। এ উপলক্ষে আমি হিন্দু ধর্মাবলম্বীর সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তাদের অব্যাহত সুখ, শান্তি ও কল্যাণ কামনা করছি।

তিনি বলেন, শারদীয় দুর্গাপূজা বাংলা ভাষাভাষী জনগোষ্ঠীর হিন্দু সম্প্রদায়ের মানুষের জীবনে একটা বিশেষ স্থান দখল করে আছে। সুদীর্ঘ কাল ধরেই এ উপমহাদেশে এক সমৃদ্ধশালী ঐতিহ্য ধারণ করে আছে এই ধর্মীয় উৎসব।

এতে বলা হয়, যেকোনো ধর্মীয় উৎসবই সাম্প্রদায়িক বিভেদ-বিভাজনকে অতিক্রম করে মানুষে মানুষে মহামিলন সূচনা করে। শারদীয় দুর্গাপূজার উৎসব সবার মধ্যে নিয়ে আসে আনন্দের বার্তা। একটি শাশ্বত সার্বজনীন উৎসব হিসেবে বাংলাদেশে এটি পালিত হয়। যেকোনো ধর্মীয় উৎসব জাতি-রাষ্ট্রে সব মানুষের মিলন ক্ষেত্র। বিএনপি আবহমানকালের দৈশিক চেতনা ও ঐতিহ্যের ধারায় ধর্মীয় স্বাধীনতা ও মূল্যবোধে বিশ্বাস করে।

বিএনপি মহাসচিবের অভিযোগ, সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের জাতীয় ঐতিহ্যের অংশ। আমরা সবাই বাংলাদেশি- এটিই আমাদের গর্ব, এটিই আমাদের একমাত্র পরিচয়। যুগ যুগ ধরে বাংলাদেশে সব সম্প্রদায়ের মানুষ মিলেমিশে একত্রে বসবাস করছেন। ধর্মীয় উৎসব সাম্প্রদায়িক সীমানা অতিক্রম করে ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষকে এক বৃহত্তর শুভেচ্ছার প্রাঙ্গণে মিলিত করে।