মণিরামপুর (যশোর) প্রতিনিধি :
যশোরের মণিরামপুরে ক্রমাগত করোনা আক্রান্ত রোগী বাড়ছে। বুধবার (২৪জুন) সকাল ও বিকেলে নতুন দুইজনের করোনা পজেটিভ রিপোর্ট এসেছে।
এছাড়া মঙ্গলবার (২৩ জুন) দুই জনের করোনা পজেটিভ রিপোর্ট আসে। তার আগের দিন সোমবার (২২ জুন) একজন আক্রান্ত হওয়ার খবর এসেছিলো।
নতুন আক্রান্ত দুই ব্যক্তি হলেন, উপজেলার দেবিদাসপুর গ্রামের উত্তম মজুমদার বাচ্চু এবং মশ্মিমনগরের পারখাজুরা গ্রামের আব্দুল মালেক।
আক্রান্ত উত্তম মজুমদার মণিরামপুর পাইকারি কাঁচা বাজারের ব্যবসায়ী এবং আব্দুল মালেক শক্তি ফাউন্ডেশন নামে একটি এনজিও’র কর্মী। তিনি ঢাকার সাভারে কর্মরত ছিলেন।
মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. অনুপ কুমার বসু ও মেডিকেল অফিসার মুসাব্বিরুল ইসলাম রিফাত এই তথ্য নিশ্চিত করেছেন।
ডা. বসু বলেন, গত সোমবার (২২ জুন) জ্বর,সর্দিকাঁশি নিয়ে মণিরামপুর হাসপাতালে আসেন উত্তম মজুমদার। ওই দিন তারসহ ১১ জনের নমুনা সংগ্রহ করে সিভিল সার্জন অফিসের মাধ্যমে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টারে পাঠানো হয়। আজ (বুধবার) যশোর সিভিল সার্জন অফিস থেকে তার করোনা পজেটিভ রিপোর্ট জানানো হয়। বাকি ১০ জনের রিপোর্ট নেগেটিভ এসেছে।তবে এখন উত্তম ভাল আছেন। তার দেহে জ্বর বা সর্দিকাঁশি নেই। তিনি তিনদিন ধরে হোম আইসোলেশনে আছেন।
এদিকে ডা. রিফাত বলেন, বুধবার বিকেলে আব্দুল মালেকের করোনা পজেটিভ রিপোর্ট এসেছে। জ্বরে আক্রান্ত হওয়ায় গত শুক্রবার তিনি সাভার থেকে বাড়িতে আসেন। এরপর সোমবার (২২ জুন) যশোর জেনারেল হাসপাতালে তিনি নমুনা দেন। পরে তার করোনা পজেটিভ রিপোর্ট আসে।
তিনি বলেন, নিজ বাড়িতে আইসোলেশনে আছেন আব্দুল মালেক। এখন তার দেহে করোনার কোন উপসর্গ নেই। তিনি সুস্থ আছেন।
প্রসঙ্গত, এই নিয়ে মণিরামপুরে ২০ জনের করোনা পজেটিভ রিপোর্ট এসেছে। ইতিমধ্যে ১২ জন সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন। বাকিরা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।
অপর দিকে প্রশাসনের পক্ষ থেকে নতুন আক্রান্ত দুই জনের বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে। এসময় ডা. রিফাত, মশ্মিমনগর ইউপি চেয়ারম্যান আবুল হোসেন, স্বেচ্ছাসেবী টিমের উপজেলা মেন্টর আল হেলাল মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।









































