স্টাফ রিপোর্টার:
করোনা ভাইরাসে আক্রান্তদের সেবায় খুলনায় ‘সালাম মূর্শেদী সেবা সংঘ’ এর উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার বেলা ১১টায় খুলনা-৪ আসনের সংসদ সদস্য আবদুস সালাম মূর্শেদীর খুলনা নগরীর কাস্টম ঘাট এলাকার অফিসে প্রধান অতিথি হিসেবে সংস্থাটির উদ্বোধন করেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মামুন রেজা।
খুলনা-৪ আসনের সংসদ সদস্য আবদুস সালাম মূর্শেদী অনলাইন জুমের মাধ্যমে অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন। তিনি বলেন, তার নির্বাচনী এলাকা রূপসা, তেরখাদা ও দিঘলিয়ায় করোনা আক্রান্তদের সেবায় ১৩ সদস্যের একটি টিম গঠন করা হয়েছে। তারা পিপিইসহ অন্যান্য নিরাপত্তা সামগ্রি পরে করোনা আক্রান্তদের বাড়িতে খাদ্যসামগ্রি, ওষুধ ও ফল পৌঁছে দেবেন।
রোগীকে হাসপাতালে আনা-নেওয়া এবং কেউ মারা গেলে তার দাফন বা সৎকারের ব্যবস্থা করবে। এছাড়া সেবা সংঘের টিম করোনা আক্রান্তদের সার্বিক সহযোগিতা করবে। তিনি বলেন, এই টিম মানুষের কল্যাণে কাজ করে যাবে।
অনলাইন জুমের মাধ্যমে দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ আল আসাদ ও তেরখাদা উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষ্ণুপদ রায় অনুষ্ঠানে যোগ দেন।
অনুষ্ঠানস্থলে সালাম মূর্শেদী সেবা সংঘের প্রধান সমন্বয়ক অধ্যক ফ ম আবদুস সালাম, খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক মোঃ মোতালেব হোসেন, সেবা সংঘের টিম লিডার শামসুল আলম বাবুসহ টিমের সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রধান সমন্বয়ক অধ্যক্ষ ফ ম আবদুস সালাম অনুষ্ঠানে জানান, এই টিমে শিগগিরই একাধিক নারী সদস্যকে অন্তর্ভুক্ত করা হবে।










































