Home খেলাধুলা শ্বশুর আফ্রিদির যে কীর্তি ছুঁয়ে ফেললেন শাহীন

শ্বশুর আফ্রিদির যে কীর্তি ছুঁয়ে ফেললেন শাহীন

63

স্পোর্টস ডেস্ক।।

পাকিস্তানের বোলারদের ওপর এক প্রকার টর্নেডো চালিয়ে দিয়েছেন অস্ট্রেলিয়ার ব্যাটাররা। বিশেষ করে দলটির দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শ। পাকিস্তানের পেসার হারিস রউফ ও লেগ স্পিনার উসামা মীরের ওপর ঝড়টা একটু বেশিই গেছে।

তবে রানবন্যার এমন ইনিংসেও ব্যতিক্রম ছিলেন পেসার শাহীন আফ্রিদি। কার্যকরী বোলিংয়ে দিয়েছেন মাত্র ৫৪ রান। কৃতিত্ব দেখিয়েছেন ৫ উইকেট নেওয়ারও। এমন কীর্তির দিনে শাহীন একটি রেকর্ডে ছুঁয়ে ফেললেন শ্বশুর শহীদ আফ্রিদিকেও।

পাকিস্তানের হয়ে বিশ্বকাপে দুইবার ৫ উইকেট নেওয়ার কৃতিত্ব এতদিন ছিল শুধুই শহীদ আফ্রিদির। তবে, অস্ট্রেলিয়ার বিপক্ষে আজ ৫ উইকেট তুলে নিয়ে সেই রেকর্ডে ভাগ বসালেন আফ্রিদির জামাতা শাহীন। এর আগে, ২০১৯ বিশ্বকাপে লর্ডসে বাংলাদেশের বিপক্ষে ৬ উইকেট নিয়েছিলেন এই পেসার।

শুধু দুইবার ৫ উইকেট নেওয়ার কীর্তিই নয়, আজকের বোলিংয়ে আরও একটি রেকর্ড গড়ে ফেলেছেন শাহীন। অজিদের বিপক্ষে ৫ উইকেট নেওয়ার পর শাহীনের উইকেটসংখ্যা ৯৫টি। ৪৮ ওয়ানডেতে ৯৫টি উইকেট নেওয়ার দ্রুততম রেকর্ডে অস্ট্রেলিয়ান বোলার মিশেল স্টার্কের পাশে বসেছেন তিনি। এই অজি বোলারও ৪৮টি ওয়ানডেতে নিয়েছিলেন ৯৫টি উইকেট।