কুষ্টিয়া প্রতিনিধি।।
এক সময় মানুষের কোলাহলপূর্ণ থাকত স্টেশন এলাকা। নিয়মিত বাজত লোহার ঘণ্টা আর গার্ডের হুইসেল। গাড়ি থেকে মাল ওঠানো-নামানোয় ব্যস্ত থাকতেন কুলিরা। এখন এসবের কিছুই নেই। খাঁ খাঁ করছে জরাজীর্ণ স্টেশন। এমন অবস্থা দেশের প্রথম রেলস্টেশন কুষ্টিয়ার জগতির। সংস্কারের অভাবে বেহাল ১৬১ বছরের পুরোনো এই স্টেশন।
প্রাচীন আমলের দ্বিতল ভবন বিশিষ্ট স্টেশন এখন ব্যবহার অনুপযোগী। স্টেশনটি সংস্কার করে দ্রুত চালুর দাবি স্থানীয়দের।
নথিপত্র অনুযায়ী, বাংলাদেশের রেল যোগযোগ ব্যবস্থার গোড়াপত্তন ১৮৬২ সালের ১৫ নভেম্বর। ভারতের রানাঘাট থেকে চুয়াডাঙ্গার দর্শনা হয়ে কুষ্টিয়ার জগতি পর্যন্ত রেলপথ চালু হয়। শহর থেকে কয়েক কিলোমিটার দূরে ৩০০ বিঘা জমির ওপর নির্মাণ করা হয় স্টেশনটি। রানাঘাট থেকে প্রতিদিন যাত্রী ও মালপত্র বোঝাই ট্রেন আসত জগতিতে।
সরেজমিন দেখা গেছে, ঝোপঝাড়ে ঢেকে গেছে স্টেশন ভবন। পড়ে আছে দামি সব যন্ত্রপাতি। সে সময়কার ঘণ্টাটি ঝুলছে স্টেশন মাস্টারের কক্ষের সামনে। তবে সেটি আর বাজে না। বন্ধ পড়ে আছে স্টেশন মাস্টারের কক্ষ। হাজিরা খাতায় সই করার জন্য সেটি খোলেন স্টেশনের গেটম্যান আব্দুর রাজ্জাক।
তিনি বলেন, ‘অফিসিয়ালি কোনো ট্রেন আর জগতিতে থামে না। তবে দিনে একটি লোকাল ট্রেন রাজবাড়ীর গোয়ালন্দ থেকে পোড়াদহ জংশন পর্যন্ত আসা-যাওয়া করে। আর খুলনা থেকে গোয়ালন্দগামী একটি মেইল ট্রেন সকালে এসে বিকেলে ছেড়ে যায়। কয়েক মিনিটের জন্য জগতিতে থামে এ দুটি ট্রেন।’
কয়েক বছর আগে জগতি স্টেশন সংস্কার করে চালুর পাশাপাশি একটি রেল জাদুঘর গড়ে তোলার প্রস্তাব করা হয়। কিন্তু সেটি আলোর মুখে দেখেনি। এ বিষয়ে জেলা প্রশাসক এহেতেশাম রেজা বলেন, নানা কারণে জগতি স্টেশন বন্ধ আছে। ঐতিহাসিক গুরুত্ব বিবেচনা করে এটি চালু করার পাশাপাশি ভবনগুলো সংস্কারের প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।











































