স্টাফ রিপোর্টার
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে (খুমেক) করোনা উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার খুলনা চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। তারা হলেন নগরীর বাবু খান রোডের পান্না ওয়াজেদ (৭০), টুটপাড়ার মহাসিন খোকন (৫৫), নড়াইল মহেশখোলা গ্রামের কাশেম শেখ (৩৬) ও খুলনার শিরোমনি কুয়েট মোড়ের মরিয়ম বেগম (৫৬)। এ নিয়ে করোনা উপসর্গ নিয়ে খুমেক হাসপাতালে ৬১ জনের মৃত্যু হলো।
খুমেক হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ও করোনা ওয়ার্ডের মুখপাত্র ডা. মিজানুর রহমান জানান, করোনা উপসর্গ জ্বর, শ্বাসকষ্ট থাকায় তাদেরকে হাসপাতালের করোনা সাসপেকটেড আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছিল। এদের মধ্যে দু’জন বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়েছে। করোনা পরীক্ষার জন্য তাদের নমুনা সংগ্রহ করা হয়েছে।
রূপসায় একই পরিবারের আটজন করোনায় আক্রান্ত: একজনের মৃত্যু
স্টাফ রিপোর্টার
খুলনায় হাসপাতালে নেয়ার পথে মো. আসাদুজ্জামান (৬০) নামে একজন করোনা রোগীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে খুলনা করোনা হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। তার বাড়ি রূপসা উপজেলার আইচগাতি ইউনিয়নের বালুর মাঠ এলাকায়। এ নিয়ে খুলনায় করোনা আক্রান্ত মোট ১৪ জনের মৃত্যু হলো।
রূপসা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আনিসুর রহমান জানান, আসাদুজ্জামান ৫-৬ দিন আগে করোনায় আক্রান্ত হন। তিনি বাড়িতে আইসোলেশনে চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার দুপুরে তার শ্বাসকষ্ট শুরু হলে পরিবারের সদস্যরা তাকে নিয়ে খুলনা করোনা হাসপাতালের উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে তার মৃত্যু হয়।
রূপসা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন আক্তার বলেন, পূর্ব থেকে ওই বৃদ্ধের পরিবারের আটজন সদস্য করোনা আক্রান্ত ছিলেন। বৃদ্ধ ব্যক্তির শ্বাসকষ্ট বাড়লে পরিবারের করোনা আক্রান্ত সদস্যরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা প্রশাসনকে কিছু না জানিয়ে তাকে হাসপাতালে নেয়ার ব্যবস্থা করে। পথে মারা যাওয়ার পর আমরা জানতে পেরেছি। যত দ্রুত সম্ভব মরদেহ দাফন করে সবাইকে আইসোলেশনে নেয়ার ব্যবস্থা করা হচ্ছে।









































