Home খেলাধুলা শান্তর থ্রো’তে বিশ্বকাপ শেষ উইলিয়ামসনের!

শান্তর থ্রো’তে বিশ্বকাপ শেষ উইলিয়ামসনের!

17

স্পোর্টস ডেস্ক

সদ্য হাঁটুর চোট সারিয়ে উঠেছেন কেইন উইলিয়ামসন। কপাল খারাপ কিউই অধিনায়কের। ফের ইনজুরিতে পড়লেন তিনি। বাংলাদেশের বিপক্ষে পাওয়া চোটে আফগানিস্তান ম্যাচ থেকে ছিটকে গেলেন উইলিয়ামসন। নিউজিল্যান্ড হেরাল্ডের খবর, বৃদ্ধাঙ্গুলিতে চিড় ধরা পড়েছে ব্ল্যাক-ক্যাপ অধিনায়কের। গোটা বিশ্বকাপও শেষ হয়ে যেতে পারে তার। হাঁটুর চোটে দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন কেইন উইলিয়ামসন। বিশ্বকাপে নিউজিল্যান্ডের প্রথম দুই ম্যাচ খেলতে পারেননি তিনি। পুরোপুরি ফিট হয়ে শুক্রবার বাংলাদেশের বিপক্ষে মাঠে ফেরেন কেইন। দৃঢ় ব্যাটিংয়ে ১০৭ বলে ৮ চার ও ১ ছক্কায় ৭৮ রান করেন তিনি।

 

তবে এরপরই রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন উইলিয়ামসন। ৩৮ ওভারের ১ম বলের ঘটনা। তাসকিন আহমেদের ডেলিভারি অফে ঠেলে সিঙ্গেল নিতে দৌড় দেন কেইন উইলিয়ামসন। স্টাম্পিংয়ের চেষ্টায় সজোরে থ্রো করেন নাজমুল হোসেন শান্ত। স্টাম্পে বল না লেগে সরাসরি আঘাত হানে উইলিয়ামসনের বাম হাতের বৃদ্ধাঙ্গুলিতে।
তাৎক্ষণিকভাবে ফিজিওরা মাঠে এসে কিউই অধিনায়কের আঙ্গুলে ব্যান্ডেজ করে দেন। ইনসাইড স্পোর্টস জানিয়েছে, চোট গুরুতর হওয়ায় পরবর্তী ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে উইলিয়ামসনকে পাবে না নিউজিল্যান্ড। আগামী ১৮ই অক্টোবর চেন্নাইয়ে মঞ্চস্থ হবে নিউজিল্যান্ড-আফগানিস্তান ম্যাচ। নিউজিল্যান্ড হেরাল্ডের প্রতিবেদনে বলা হয়, এক্স-রে রিপোর্টে উইলিয়ামসনের আঙ্গুলে চিড় ধরা পড়েছে। নিউজিল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াডের সঙ্গে থেকেই পুনর্বাসন করবেন তিনি। উইলিয়ামসনের চোটে কপাল খুলছে টম ব্লান্ডেলের। বিশ্বকাপ চলাকালে কেইন সুস্থ না হতে পারলে তার পরিবর্তে নিউজিল্যান্ড স্কোয়াডে যোগ দিতে পারেন তিনি। নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টিড বলেন, ‘আমরা হতাশ, হাঁটুর ইনজুরি থেকে ফেরার পরই আবার চোটে পড়লো কেইন (উইলিয়ামসন)। একটা দুঃখজনক খবর। আশার খবর হলো, পূর্ণ বিশ্রাম এবং পুনর্বাসনে থাকলে সে সুস্থ হয়ে উঠবে। সে আমাদের গুরুত্বপূর্ণ একজন ক্রিকেটার। বিশ্বমানের প্লেয়ার সে। বিশ্বকাপে ফিরতে পর্যাপ্ত সুযোগ আমরা তাকে দেবো। সবশেষ ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) খেলতে গিয়ে হাঁটুর চোটে পড়েন কেইন উইলিয়ামসন। এরপর অস্ত্রোপচার করা হয় তার। বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে প্রায় সাত মাস পর জাতীয় দলে ফিরেছিলেন উইলিয়ামসন।