স্পোর্টস রিপোর্টার।।
বসুন্ধরা কিংস থেকে এরই মধ্যে শেখ মোরসালিনকে ক্লাবের ক্যাম্পে চলে আসতে বলা হয়েছে। তবে কিংসের জাতীয় দলের খেলোয়াড়রা মালদ্বীপ থেকে ফিরে জাতীয় দলের ক্যাম্পেই থাকবেন। কারণ ১৭ তারিখই ঢাকায় ফিরতি লেগ। শুধু জরিমানা গুনে নিষেধাজ্ঞা থেকে মুক্তি পাওয়া মোরসালিন তাই এখন ক্লাবের ক্যাম্পেই ফিরবেন, নাকি রাকিব হোসেনদের সঙ্গে যোগ দেবেন কাবরেরার ক্যাম্পে সেটিই প্রশ্ন। ক্লাবের সিদ্ধান্তের সঙ্গে সুর মিলিয়ে বাফুফেও জাতীয় দলের দরজা বন্ধ করেছিল নিষেধাজ্ঞা পাওয়া পাঁচ ফুটবলারের জন্য। তবে তদন্ত শেষে কিংস মোরসালিন ও রিমন হোসেনের নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় তাঁদের নিয়ে ফেডারেশনেরও আপত্তি থাকার কথা নয়। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনও ইঙ্গিত দিয়েছেন তেমনি। মোরসালিনের বিষয়ে তিনি বলেন, ‘ক্লাব যদি তাদের মুক্তি দেয়, আর (হাভিয়ের) কাবরেরা যদি নেয়, তাতে আমাদের তো কোনো আপত্তি থাকার কথা নয়।’ সালাউদ্দিন চূড়ান্ত সিদ্ধান্তটা কোচের উপর ছেড়ে দিয়ে বলেন, ‘আমি ওকে (কাবরেরা) বলতে পারি না যে মোরসালিনকে নাও। পরে ফল খারাপ হলে আমার ওপর দোষ আসবে।
চূড়ান্ত সিদ্ধান্তটা নেওয়ার বিষয় তাই কোচেরই। মোরসালিন কতটা তৈরি, অনুশীলনের বিষয় আছে, সেসব বিবেচনায় নিয়ে কোচই ঠিক করবেন তিনি কী করবেন।’ গোলরক্ষ আনিসুর রহমানকে ছয় মাস এবং সিনিয়র ডিফেন্ডার তপু বর্মনকে তিন মাসের নিষেধাজ্ঞা দিয়েছে কিংস।
বাফুফে একইভাবে ক্লাবের সিদ্ধান্ত মেনে নিলে লম্বা সময়ের জন্যই গুরুত্বপূর্ণ এই দুই ফুটবলারকে পাচ্ছেন না কাবরেরা। সালাউদ্দিন তাঁদের বিষয়টি আবার বিবেচনার কথা জানিয়ে বলেন, ‘এখনো ক্লাব থেকে লিখিত কিছু পাইনি আমরা। পেলে সেটি দেখব। আর কোচ এসেছে। আমি তাঁর সঙ্গে বসব সব বিষয়ে।’ এএফসি কাপের মাঝে আনিসুর জিকো, তপুর নিষেধাজ্ঞার সিদ্ধান্তটা নেওয়া কঠিন ছিল বসুন্ধরা কিংসের জন্যও। বিষয়টি স্বীকার করে কিংস প্রেসিডেন্ট ইমরুল হাসান বলেন, ‘জানেন তো গোলরক্ষক পজিশনে জিকোর পর্যায়ে কেউ নেই। তার পরও আমাদের এই কঠিন সিদ্ধান্তটা নিতে হয়েছে অপরাধের মাত্রা বিবেচনা করে।’











































