ক্রীড়া প্রতিবেদক।।
অনেক দিন ধরেই বাংলাদেশ ক্রিকেটের বড় দুশ্চিন্তার নাম ওপেনিং। ভারতে পা রেখে বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচে ওপেনিংয়ে আশা দেখিয়েছিলেন টাইগার ওপেনাররা। কিন্তু মূল ম্যাচে সময় মতো জ্বলে উঠতে পারছেন বাংলাদেশের ওপেনাররা।
প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের ওপেনিং জুটির স্থায়িত্ব ছিল মাত্র ১৯ রান। ২৭ রানের মধ্যে ফিরেছিলেন দুই ওপেনার—লিটন দাস ও তানজিদ হাসান তামিম। দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ১৪ রানে ভাঙে ওপেনিং জুটি। যদিও লিটন দাস গত ম্যাচে অর্ধশতক করে রানে ফেরার ইঙ্গিত দিয়েছেন।
তবে তানজিদ হাসান তামিমকে নিয়ে চিন্তা থেকেই যায়! আন্তর্জাতিক মঞ্চে এখনো নিজেকে মেলে ধরতে পারেননি তরুণ ওপেনার তানজিদ। আগামীকাল নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ সামনে রেখে সংবাদ সম্মেলনে ওপেনিং জুটি নিয়ে প্রশ্নের সামনে পড়েছেন নাজমুল হোসেন শান্ত। যদিও ওপেনিং নিয়ে চিন্তা করতেই মানা করেছেন টপ অর্ডার ব্যাটার শান্ত। চেন্নাইয়ে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশের বাঁহাতি ব্যাটার বলেছেন, ‘আমার মনে হয়, ওপেনিং নিয়ে আমরা চিন্তাই না করি। চিন্তাই বাদ দিয়ে দিই। আমার কাছে মনে হয় যারাই টপ অর্ডারে ব্যাটিং করছে, তারা খুব ভালো প্রস্তুতি নিয়েই (বিশ্বকাপ) খেলতে এসেছে।’
ওপেনাররা বাজে খেলতে থাকলেও আশাবাদী শান্ত। তিনি মনে করেন, ভালো ইনিংস খেলে ফেলতে পারলেই আত্মবিশ্বাস পেয়ে যাবেন লিটন-তামিমরা। শান্তর মতে, ‘আমার মনে হয় একটা-দুটা ভালো ইনিংস খেললে ওই ব্যাটারেরও আত্মবিশ্বাস আসবে। এখানে কেউই রিলাক্স না। চেষ্টা করছে না, এমনও না। সবাই চেষ্টা করছে। আশা করি সামনের ম্যাচেই টপঅর্ডার পারফর্ম করবে।’
ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে রানে ফিরেছেন লিটন। এখনো একটা ভালো ইনিংসের অপেক্ষায় তানজিদ। তানজিদের কাছ থেকে ভালো কিছুর জন্য একটু সময় চেয়েছেন নাজমুল, ‘এখনো পাঁচ-ছয়টা ম্যাচ খেলেছে মাত্র। আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়, কারো একটু সময় লাগে, কারো একটু কম সময় লাগে। তবে সবার ওই বিশ্বাসটা রাখা উচিত তার (তানজিদ) ওপর। আমরা ওকে সমর্থন দিই ও বিশ্বাসটা রাখি। কারণ এখানে যে কজন এসেছেন, সবার ক্ষমতা আছে ভালো কিছু করার।’











































